গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কার্যক্রম
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে দুই থানার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম।
প্রয়োজনীয় সেবা নিতে থানায় এসে ফিরে যেতে হচ্ছে সেবাপ্রার্থীদের। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। অন্যদিকে, পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে দ্রুত থানার কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জানা গেছে, গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে জানা গেছে।
এরপর গত ১৭ নভেম্বর বিকেলে উপজেলা চত্বর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। সন্ধ্যার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে মাইকিং করে থানা ঘেরাও করেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
পরে পুলিশ সদস্যরা পিছু হটলে নেতাকর্মীরা থানায় ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট এবং হাজতখানা ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তবে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নির্দিষ্ট তথ্য জানাতে পারেনি। এ ছাড়া থানার কয়েকটি পুলিশ গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানার কয়েকটি পুলিশ গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। অস্ত্রাগার থেকেও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) সুবীর কুমার সাহা বলেন, আগুনে পুলিশের চারটি গাড়ি ও দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন মামলায় জব্দ করা বেশ কয়েকটি যানবাহন পুড়ে গেছে। এ ছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল লুট হয়েছে।
তিনি বলেন, থানার সবকিছু পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে। অস্ত্রের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। আগুন দেওয়ার পর সালথা থানা থেকে পুলিশ এসে কিছু অস্ত্র উদ্ধার করেছে। তবে থানার রেজিস্টার পুড়ে যাওয়ায় অস্ত্রের সঠিক সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না।
শিগগিরই থানা চালু হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, থানার প্রায় সবকিছুই পুড়ে গেছে। পূর্ণাঙ্গ সেবা চালু করতে কিছুটা সময় লাগবে। তবে অন্তত সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম দ্রুত চালুর জন্য জেলা পুলিশ কাজ করছে।
শনিবার (২১ নভেম্বর) দুই থানা ঘুরে দেখা যায়, থানার বাইরে পড়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি ও মোটরসাইকেল। ভেতরে ঢুকলে চোখে পড়ে ধ্বংসস্তূপ। দুই থানার ওসির কক্ষে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। এ ছাড়া ওসি তদন্ত ও অপারেশন কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ এবং পুলিশ সদস্যদের ব্যারাকেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। থানার নথিপত্র ও কম্পিউটারও আগুনে পুড়ে গেছে।
থানায় গিয়ে প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায় বেশ কয়েকজনকে। তাদের একজন আসিয়া বেগম। তিনি জানান, তাঁর বাড়ি টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া এলাকায়। দুই দিন আগে তাঁর নাতি হারিয়ে গেছে। এ ঘটনায় নিখোঁজ ডায়েরি করতে থানায় এসেছিলেন। কিন্তু থানায় কোনো সেবা পাননি।
আসিয়া বেগম বলেন, ‘থানা জ্বালিয়ে দিয়েছে। পুলিশও কেউ নেই। পুলিশ ছাড়া আমার নাতিকে কে খুঁজে দেবে?’
সেবা নিতে আসা আরেক ব্যক্তি রহিজ মোল্লা জানান, তাঁর বাড়ি মুকসুদপুর থানার মোচনা ইউনিয়নে। পাশের বাড়ির লোকজন জোরপূর্বক তাঁর জমিতে ঢুকে পাকা ঘর নির্মাণ করছেন। বাধা দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় আইনের আশ্রয় নিতে থানায় এলেও কোনো সেবা পাননি।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হুমায়ুন কবির বলেন, ধ্বংসস্তূপের মধ্য থেকেই যতটা সম্ভব পুলিশি সেবা চালুর চেষ্টা চলছে। অন্তত সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপত্তার চাদরে যশোর শহর ৫৭ স্থানে বসছে ১৭৬টি এআই ক্যামেরা
মাদক চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আসছে যশোর শহর। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপন করা হচ্ছে।একই সঙ্গে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনেও নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা...
২ দিন আগে
চাঁদা না দেওয়ায় ব্যাংক এজেন্ট পরিচালককে হত্যা পুকুরে মরদেহ
কুমিল্লায় চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই...
২ দিন আগে
গোপালগঞ্জে বিএনপি এমপি বাবরের হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ নীরব প্রশাসন
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয়দের কাছে ‘গরিবের ডাক্তার বাবর’ নামে...
২ দিন আগে
যশোর জামায়াতের ২০২৭-২৮ সেশনের ২২ সদস্যের কর্মপরিষদ গঠন
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে ২০২৭-২০২৮ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শুরা সম্মেলনে শুরা সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নতুন এ কর্মপরিষদ গঠন করা হয়।যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল...
২ দিন আগে
