আইনশৃঙ্খলা

শেখ হাসিনার ফেরার আলোচনা বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৮ ঘন্টা আগে


শেখ হাসিনার ফেরার আলোচনা বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা

ছবি: সংগৃহীত


চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

সম্প্রতি ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার পরামর্শ দিয়েছেন। একই সময়ে তাঁর সম্ভাব্য দেশে ফেরার পথ পরিদর্শনে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা পেট্রাপোল-বেনাপোল সীমান্তে গেছেন বলে খবর প্রকাশ করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম।

এসব ঘটনার মধ্যেই বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা গেছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেওয়ার পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

রোববার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বেনাপোল চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।

ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম প্রথম কলকাতা, জি ২৪ ঘণ্টা ও মুখপত্র পোস্টসহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে খবর প্রকাশের পর বেনাপোল সীমান্ত ঘিরে আলোচনা তৈরি হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রোববার সকালে কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে যান আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তাঁরা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।

তবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। প্রতিবেদনে সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের বসিরহাট-সাতক্ষীরা সীমান্তের ঘোজাডাঙা, মালদহ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মাহদীপুর-সোনামসজিদ এবং ত্রিপুরার কয়েকটি সীমান্ত চেকপোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। সবকটি সম্ভাব্য পথ পর্যালোচনার পরই প্রবেশপথ নির্ধারণ করা হতে পারে বলে ওই সূত্রের দাবি।

এদিকে একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। রোববার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন।

ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন নেতা।

সমাবেশে বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘদিনের কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই ধরনের বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়াও। বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশ এবং ভারতীয় রাজনৈতিক নেতাদের শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বানকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ শেষ হওয়ার পর বাংলাদেশের বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা আরও দৃশ্যমান হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।

এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পথে যাতে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে।

সীমান্তে সাম্প্রতিক এসব ঘটনা এবং শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের পর বেনাপোল এলাকায় নিরাপত্তা তৎপরতা বাড়িয়েছে বিজিবি। তবে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।


নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকা ঘাতে পুলিশ কনস্টেবল নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকা ঘাতে পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।এ সময় তাঁর সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণে বেঁচে যান।রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত...

৫ ঘন্টা আগে


৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন প্রস্তুত আরও ৫ প্লাটুন
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন প্রস্তুত আরও ৫ প্লাটুন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার...

৪ দিন আগে


গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি
গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি

গোপালগঞ্জের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে জেলার পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসককেও (ডিসি) বদলি করা হয়েছে।বদলির আদেশ অনুযায়ী, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি

৭ দিন আগে


সরানো হলো এসআরবি প্রধানকে নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
সরানো হলো এসআরবি প্রধানকে নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল করা হয়েছে। স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে সরিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom