জাতীয়

গোপালগঞ্জে আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৮ ঘন্টা আগে


গোপালগঞ্জে আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

ছবি: সংগৃহীত


গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাম্প্রতিক বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে গত দুই দিনে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে দুটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলার নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সরকারের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে কেউ জানমালের ক্ষতি বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের নীতিনির্ধারকদের ধারণা, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা মূলত গোপালগঞ্জকেন্দ্রিক। এসব কর্মসূচির মাধ্যমে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে উসকানি দেওয়া হতে পারে। তবে সরকার আপাতত ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রাতে সংবাদমাধ্যমকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোপালগঞ্জকেন্দ্রিক কিছু মিছিল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তারা সীমা লঙ্ঘন করলে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

সরকারি সূত্রের দাবি, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন। বিদেশ থেকেও তাঁদের উসকানি দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছে। তবে বল প্রয়োগের ক্ষেত্রে প্রাণহানির ঝুঁকি থাকায় সরকার সতর্ক অবস্থান নিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের কিছু কর্মকর্তার ভূমিকা নিয়েও উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

ডিসেম্বর সামনে রেখে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ অনলাইনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনাও ঘটছে। এর মধ্যে ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের ফেসবুক পেজে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল লগি-বইঠা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও গুলিতে ওই সময় চারজন নিহত হন।

 

গোপালগঞ্জে সাম্প্রতিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

জেলার ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। গতকাল আরও তিন প্লাটুন মোতায়েনের মাধ্যমে মোট সদস্যসংখ্যা ছয় প্লাটুনে উন্নীত করা হয়।

বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ বাহিনী দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

গতকাল বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান।

তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন তাঁরা। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

বর্তমানে গোপালগঞ্জে বিজিবির পাশাপাশি পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।


গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন।
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন।

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।জেলার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।রোববার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, জেলা

১ দিন আগে


বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক প্রকাশনার ১৮তম সংস্করণে তারেক রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর

২ দিন আগে


শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীর সহায়তা চায় ভারত
শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীর সহায়তা চায় ভারত

যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে চায় ভারত। নয়াদিল্লির চাওয়া, বাংলাদেশ সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে নিক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ যেন পান শেখ হাসিনা। সেটিও নিশ্চিত করতে চায় ভারত। সম্প্রতি...

৩ দিন আগে


মেধাবী শিক্ষার্থীদের ঢাকায় এনে নতুন স্বপ্ন দেখানোর উদ্যোগ ব্যারিস্টার আবু সালেহীর
মেধাবী শিক্ষার্থীদের ঢাকায় এনে নতুন স্বপ্ন দেখানোর উদ্যোগ ব্যারিস্টার আবু সালেহীর

কুড়িগ্রামের উলিপুরের পরিবর্তনে মেধাবী প্রজন্মকে কাজে লাগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার আবু সালেহী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করে তাদের নতুন স্বপ্ন দেখানো এবং ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।এই উদ্যোগের অংশ হিসেবে উলিপুরের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪ হাজার ৩০০ শিক্ষার্থী একটি বাছাই...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom