নারী নেত্রীকে বাংলোতে ডেকে ওসির কথোপকথন ভাইরাল শ্লীলতাহানির অভিযোগ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের সঙ্গে যুব মহিলা লীগের সাবেক এক নেত্রীর কথোপকথনের দুটি অডিও কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে ওই নারীকে নিজের বাংলোতে আসার জন্য বারবার বলতে শোনা যায় ওসিকে। পাশাপাশি যাতায়াতের পথ, গাড়িভাড়া ও পৌঁছানোর পর ভাড়া পরিশোধের বিষয়েও কথা বলেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অডিও দুটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি।
ছড়িয়ে পড়া দুটি অডিওর একটির দৈর্ঘ্য ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটির ৬ মিনিট ২০ সেকেন্ড। প্রথম ফোনালাপে ওসিকে ওই নারীকে নিজের বাসায় আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায়। দ্বিতীয় ফোনালাপে টাকা-পয়সার লেনদেন, মামলা, তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তিকে নিয়ে কথা হয়। এ সময় ওই নারী পরিবারের সদস্যদের অসুস্থতা ও বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
প্রথম ফোনালাপের শুরুতে ওসি ওই নারীকে বাইরে বের হওয়ার কথা বলেন। এরপর কীভাবে তার বাসায় যেতে হবে, তা বিস্তারিত বুঝিয়ে দেন। তিনি বলেন, বাসার সামনে থেকে সিএনজিতে উঠে থানার দিকে যেতে হবে। পরে রাস্তার পাশে একটি মসজিদের কথা উল্লেখ করে ওই নারীকে সোজা তার বাসায় যাওয়ার পথনির্দেশ দেন।
যাতায়াতের ভাড়া নিয়েও দুজনের মধ্যে কথা হয়। ওসি বলেন, বাজার থেকে সিএনজিতে আসতে ১০০ টাকা লাগতে পারে, প্রয়োজনে ২০০ টাকা দিতে হতে পারে। এ সময় ওই নারী ওসির বাসায় যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং ভিডিও কল না দেওয়ার প্রসঙ্গ আনেন।
জবাবে ওসি বলেন, তিনি ওই নারীর মোবাইলের লোকেশন দেখছেন। লোকেশন রামানন্দপুরের ছয় নম্বর ওয়ার্ড দেখাচ্ছে বলে জানান তিনি। তবে ওই নারী রামানন্দপুরে থাকার কথা অস্বীকার করেন এবং ওসিকে বিশ্বাস করার অনুরোধ জানান।
একপর্যায়ে ওসি বলেন, ‘তো তোমারে বিশ্বাস না করার মতো এখনো কিছু কইছি নাকি?’ এরপর ওই নারীকে যাতায়াতের জন্য সুবিধাজনক গাড়ি ঠিক করতে বলেন। কথোপকথনের একপর্যায়ে ওসিকে বলতে শোনা যায়, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’
এ সময় ওই নারী ওসিকে বারবার ফোন না দিতে অনুরোধ করেন। তিনি বলেন, বারবার ফোন এলে তার বোন প্রশ্ন করতে পারেন। পরে ওই নারী চৌদ্দগ্রাম থেকে অটোরিকশায় বাজারে গিয়ে সেখান থেকে মিয়াবাজার হয়ে অন্য গাড়িতে আসার পরিকল্পনার কথা জানান।
তখন ওসি গুগল ম্যাপে মিয়াবাজার থেকে তার বাসায় যেতে কত সময় লাগে, তা দেখার কথা বলেন। পাশাপাশি ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধ করে দেওয়ার আশ্বাস দেন। ফোনালাপের শেষ দিকে তাকে রওনা হওয়ার পর জানাতে বলেন ওসি। ওই নারীও মেসেজ দেওয়ার কথা জানান।
দ্বিতীয় ফোনালাপে শুরুতেই ওসিকে ওই নারীর কাছে ক্ষমা চাইতে শোনা যায়। এরপর ওই নারী তুহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা দাবি ও তার বোনকে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন। কিন্তু তুহিনের কারণে তার পরিবার আবারও সমস্যায় পড়েছে।
এ সময় ওই নারী পারভেজ নামের আরেক ব্যক্তির প্রসঙ্গ তুলে তাকে অপরাধী হিসেবে উল্লেখ করেন এবং প্রশ্ন করেন, ওই ব্যক্তি কীভাবে পুলিশের কাছে ফোন করেন। জবাবে ওসি বলেন, পারভেজ তার কাছে ফোন করেননি।
ওই নারী আরও দাবি করেন, তিনি দাগনভূঞা থানায় একাধিকবার গেছেন, সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং অভিযোগ দিয়েছেন। এমনকি তার ফোন নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু তার অভিযোগ অনুযায়ী, পারভেজকে কখনো গ্রেপ্তার করা হয়নি।
পরে ওসি ওই নারীর সঙ্গে আবার দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তোমারে খালি একটু কথা বলি। দুনিয়া এখন দুনিয়া নাই, বুঝছো নি? তুমি আসলে এই কথাটা কইয়া লইতাম।’
এ সময় ওসি রাজনৈতিক স্বার্থ ও টাকা-পয়সার বিষয় বাদ দিয়ে তার সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেন। অন্যথায় উভয়ের ক্ষতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জবাবে ওই নারী নিজের বিরুদ্ধে মামলা, টাকা হারানো এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, মামলার কারণে তাকে ভোগান্তিতে পড়তে হয়েছে এবং দুই লাখ টাকা খরচ হয়েছে। পাশাপাশি তুহিনের বিরুদ্ধে তার বোনকে থানার মধ্যে মারতে যাওয়ার অভিযোগও করেন তিনি।
কথোপকথনের একপর্যায়ে ওই নারী তার সন্তানদের অসুস্থতার কথা জানান। তার মেয়ে হাসপাতালে ভর্তি এবং জ্বর-কাশিসহ বিভিন্ন সমস্যায় ভুগছে বলে উল্লেখ করেন। এ সময় ওসি বলেন, ‘এখন সব দোষ আমার উপর ঝাড়তেছো না?’ জবাবে ওই নারী বলেন, তার ওসির ওপর দোষ চাপানোর সাহস নেই।
এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্ত হওয়ার পর ওসির সঙ্গে তার কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার কথা বলেছেন। এসব ঘটনার বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, অডিওতে থাকা কথোপকথন তারই। তবে আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বনের জন্য এসব কথাবার্তা হয়েছে। তার দাবি, পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন। টাকা লেনদেনসহ তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও সত্য নয় বলে দাবি করেন ওসি।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, কলরেকর্ডগুলো ইতোমধ্যে তাদের নজরে এসেছে। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনায় ওসির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত আগস্টে দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলা নিতে অস্বীকার করার অভিযোগে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।
আদালতের ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তবে পরবর্তী সময়ে ওসি নিজ পদে বহাল থাকেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকা ঘাতে পুলিশ কনস্টেবল নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।এ সময় তাঁর সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণে বেঁচে যান।রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত...
২ দিন আগে
শেখ হাসিনার ফেরার আলোচনা বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার পরামর্শ দিয়েছেন। একই সময়ে তাঁর সম্ভাব্য দেশে ফেরার পথ পরিদর্শনে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা পেট্রাপোল-বেনাপোল সীমান্তে গেছেন বলে...
২ দিন আগে
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন প্রস্তুত আরও ৫ প্লাটুন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার...
৬ দিন আগে
গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি
গোপালগঞ্জের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে জেলার পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসককেও (ডিসি) বদলি করা হয়েছে।বদলির আদেশ অনুযায়ী, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি
৯ দিন আগে
