ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে শেখ হাসিনার ভারতে অবস্থান ও দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লির একটি নিরাপদ বাসভবনে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে করে তিনি ভারতের উত্তরপ্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান। পরে তাকে দিল্লিতে নেওয়া হয়। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
২০২৪ সালের অক্টোবরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দিল্লির লুটিয়েন্স বাংলো এলাকায় সরকারি ব্যবস্থাপনায় একটি বাংলোতে তাকে থাকার ব্যবস্থা করা হয়েছে। এলাকাটি ভারতের রাজধানীর উচ্চ নিরাপত্তাবেষ্টিত অঞ্চল হিসেবে পরিচিত। সেখানে সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।
ভারতে অবস্থানকালে শেখ হাসিনার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার নিরাপত্তার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সার্বক্ষণিক নজরদারি এবং সাদা পোশাকে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে, মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। সে কারণে এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন তিনি।
অন্যদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। এবারের ১৬ ডিসেম্বর স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবস উদ্যাপিত হবে।
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি
২১ ঘন্টা আগে
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...
১ দিন আগে
পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার
১ দিন আগে
আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রাখা এবং সহিংসতা বর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক...
২ দিন আগে
