ডিসেম্বরে রাজপথে নামার পরিকল্পনা এসপির ফোনে মিলল বার্তা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পুলিশ।
তার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়ার দাবি করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। এসব বার্তায় জীবন বাজি রেখে মাঠে নামার কথাও উল্লেখ ছিল বলে জানান তিনি।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য তুলে ধরেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মোবাইল ফোনে পাওয়া বার্তার সূত্র ধরে এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
ডিআইজি বলেন, তদন্তে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে, যেগুলো মামলার এজাহারেও অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি বার্তায় ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসনের পরিকল্পনার কথা বলা হয়েছে। অন্যটিতে একই সময়ে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে জানিয়ে ডিআইজি বলেন, এরই মধ্যে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এখন প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। তাকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় পুলিশের অন্য কোনো কর্মকর্তা জড়িত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্তারিত তদন্তের মাধ্যমেই বিষয়টি পরিষ্কার হবে। নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্তেও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যে তথ্য ও সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই আপাতত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোবাইল ফোনে থাকা বার্তাগুলো কীভাবে শনাক্ত করা হয়েছে, সে বিষয়ে ডিআইজি জানান, প্রথমে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীর আলমের মোবাইল ফোন জব্দ করা হয়। পরে একটি তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন এসপি মোহাম্মদ জাহাংগীর আলম। নগরের হালিশহর এলাকায় জেলা পুলিশ লাইনসের অফিসার্স মেস থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছিলেন জাহাংগীর আলম। একই সঙ্গে আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় তদন্তের সূত্রপাত হয় গত মঙ্গলবার (১০ নভেম্বর)। ওই দিন অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন রেঞ্জ ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। একই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক—দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পাশাপাশি ঘটনার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।
উল্লেখ্য, গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
জুলাই অভ্যুত্থানের অন্তর্নিহিত প্রেরণা ছিল ৭ নভেম্বর রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রকামী মানুষ, ছাত্র ও সাধারণ মানুষকে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। এই দিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন।শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত...
১ দিন আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
২ দিন আগে
নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট বিরোধীরা হলেও পরবর্তী টার্গেট সরকার হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন...
৩ দিন আগে
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক
৩ দিন আগে
