জুলাই অভ্যুত্থানের অন্তর্নিহিত প্রেরণা ছিল ৭ নভেম্বর রিজভী
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রকামী মানুষ, ছাত্র ও সাধারণ মানুষকে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। এই দিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১ সালে দেশের জনগণ নয় মাস যুদ্ধ করে ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই স্বাধীনতা রক্ষা পেয়েছে। ৭ নভেম্বরের চেতনা ছিল বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। এরপর সামরিক আইন জারি করে গণতন্ত্রকে হত্যা করা হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। দেশের স্বাধীনতা ও মর্যাদা ফিরিয়ে আনা এবং কোনো প্রভুর শাসন মেনে না নেওয়াই ছিল সেই সংগ্রামের মূল চেতনা।
বিএনপির এই নেতা বলেন, পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যা রাষ্ট্রের চরিত্র হয়ে উঠেছিল। বেগম খালেদা জিয়া এ পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছেন।
তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, তারেক রহমান লন্ডন থেকে প্রযুক্তির সহায়তায় গোটা দেশকে ঐক্যবদ্ধ করেন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। সেই আন্দোলনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। এই জুলাই অভ্যুত্থানের অন্তর্নিহিত প্রেরণা ছিল ৭ নভেম্বর।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হচ্ছে কেউ দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা। আর প্রত্যর্পণ হচ্ছে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, ফাইয়াজসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ৪০০ জনের মৃত্যুর ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে এবং অনেক মামলায় সাজা হয়েছে। তাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে বিচারের আওতায় আনতে হবে। চলমান বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং যে দণ্ড দেওয়া হয়েছে, তা ভোগ করতে হবে।
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গণতন্ত্রের আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুলিশি ব্যারিকেড অতিক্রম করে তারা মিছিল করেছেন, গ্রেপ্তারের ঝুঁকি নিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতে তারা রাজপথে আন্দোলন করেছেন। তাদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। শুধু কারও স্ত্রী, বোন বা ভাবি হিসেবে নয়, নিজস্ব রাজনৈতিক সংগ্রাম ও অবদানের জন্য তাদের স্বীকৃতি দিতে হবে।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন করেছেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় অনেকে গ্রেপ্তার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং অনেক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে রিজভী বলেন, এখন আধুনিক সমাজব্যবস্থা গড়ে তুলতে নারীদের সামাজিক আন্দোলনে ভূমিকা রাখতে হবে। বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি সাত জেলার প্রশাসন ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করেছে। গোপনে নানা কৌশলে বাল্যবিবাহ হচ্ছে। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক আন্দোলনের পর এখন মেয়েদের শিক্ষিত করা, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি, কর্মসংস্থান এবং পরিবার ও সমাজে তাদের ভূমিকা বাড়াতে কাজ করতে হবে।
নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ দেবে। এ ঋণের সুযোগ কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা হাঁস-মুরগি, ছাগল ও গরু পালনসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারবেন। উৎপাদিত পণ্য বিক্রি করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
এ সময় ৭ নভেম্বর উপলক্ষে কর্মসূচি আয়োজনের জন্য জাতীয়তাবাদী মহিলা দলকে ধন্যবাদ জানান রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
২২ ঘন্টা আগে
নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট বিরোধীরা হলেও পরবর্তী টার্গেট সরকার হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন...
২ দিন আগে
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক
২ দিন আগে
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
৩ দিন আগে
