বিশেষ সংবাদ

এবার চালু হলো চ্যাটজিপিটি ওয়ালেট পাবেন যেসব সুবিধা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৯ ঘন্টা আগে


এবার চালু হলো চ্যাটজিপিটি ওয়ালেট পাবেন যেসব সুবিধা

ছবি: সংগৃহীত


কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার বিভিন্ন ধাপও সম্পন্ন করতে পারবে এআই এজেন্ট। এমনকি ব্যবহারকারীর অনুমতি নিয়ে পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থাও করবে এটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেয় ওপেনএআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহক এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। তবে এ জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড কিংবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে।

নতুন এ ব্যবস্থায় চ্যাটজিপিটির ‘ডটস’ নামের এআই এজেন্ট ব্যবহারকারীর প্রয়োজন বুঝে পণ্য খুঁজে দিতে এবং কেনাকাটার পরামর্শ দিতে পারবে। পছন্দের পণ্য নির্বাচন করার পর ব্যবহারকারীর হয়ে কেনাকাটার পরবর্তী ধাপগুলোও সম্পন্ন করবে এআই এজেন্ট।

তবে লেনদেনের চূড়ান্ত অনুমোদন থাকবে ব্যবহারকারীর হাতে। অর্থ পরিশোধের আগে পণ্যের বিবরণ, মোট মূল্য এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা যাচাই করার সুযোগ পাবেন তিনি। এরপর ফেস আইডি কিংবা আঙুলের ছাপের মতো নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে লেনদেন অনুমোদন করতে হবে। পাশাপাশি প্রতিটি লেনদেনের রেকর্ডও সংরক্ষিত থাকবে।

যেভাবে কাজ করবে চ্যাটজিপিটি ওয়ালেট

এ সুবিধা ব্যবহার করতে প্রথমে চ্যাটজিপিটির ওয়ালেটে সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর ডটস এআই এজেন্টকে পণ্য কেনার নির্দেশনা দিলেই প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। একবার কার্ড যুক্ত করা হলে প্রতিবার কেনাকাটার সময় নতুন করে কার্ডের তথ্য দিতে হবে না।

লেনদেনের ক্ষেত্রে চ্যাটজিপিটি ওয়ালেট পেমেন্ট টোকেন ব্যবহার করবে। এটি প্রকৃত কার্ডের তথ্যের বিকল্প হিসেবে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আসল কার্ডের তথ্য এআই এজেন্ট কিংবা বিক্রেতার কাছে প্রকাশ পাবে না। তবে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় ঠিকানা ও যোগাযোগের তথ্য বিক্রেতার কাছে পাঠানো হবে।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ওয়ালেট ব্যবহার করলেও গ্রাহকেরা ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কেনাকাটায় পাওয়া রিওয়ার্ড সুবিধা এবং কোনো লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগও বহাল থাকবে।

প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর মধ্যে এ সুবিধা চালু করে প্রযুক্তিটির কার্যকারিতা পরীক্ষা ও উন্নত করতে চায় প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কেনাকাটায় ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়াতে নতুন কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে ওপেনএআই। এর মধ্যে রয়েছে ব্যয়ের সীমা নির্ধারণ, নির্দিষ্ট ধরনের পণ্য কেনার অনুমতি এবং কেনাকাটার সময়সীমা ঠিক করে দেওয়ার সুযোগ। এসব নির্দেশনার ভিত্তিতে ভবিষ্যতে ব্যবহারকারীর হয়ে আরও স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা করতে পারবে এআই এজেন্ট।

তবে এআইনির্ভর কেনাকাটার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। কারণ, বেশ কিছু অনলাইন বিক্রেতা তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ও কার্যক্রম সীমিত করছে। বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনও এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটাকে নিরুৎসাহিত করছে। এর পরিবর্তে নিজেদের এআই সহকারী অ্যালেক্সার মাধ্যমে কেনাকাটায় গ্রাহকদের উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।

এদিকে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এআইনির্ভর বাণিজ্যের জন্য প্রস্তুত করতে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে অনলাইন বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত নির্দেশনা ও বিভিন্ন টুল যুক্ত করা হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন ব্যক্তিগত কাজ সহজ করতে এআই এজেন্টের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের সেবায় এখনো এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা তুলনামূলক কম। তবে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা ব্যবহারকারীদের অন্যতম জনপ্রিয় কার্যক্রম হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে এআইনির্ভর বাণিজ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই চ্যাটজিপিটি ওয়ালেট চালুর উদ্যোগ নিয়েছে ওপেনএআই।


কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন

কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.

২৮ দিন আগে


চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...

১ মাস আগে


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১ মাস আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

২ মাস আগে

Dr.Mahfuzul Alom