বিশেষ সংবাদ

জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

১৫ ঘন্টা আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান নতুন কমিটি ঘোষণা করেন। এতে ফেস দ্য পিপল-এর সম্পাদক সাইফুর সাগরকে আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের আহসান কামরুলকে সদস্য সচিব করা হয়।

সময়ের প্রয়োজনেই জেজেইউ

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেজেইউর আহ্বায়ক সাইফুর সাগর বলেন, সময়ের প্রয়োজনেই এই সংগঠনের জন্ম হয়েছে। জুলাইপন্থী সাংবাদিকদের জন্য সংগঠনের দরজা উন্মুক্ত থাকবে।

গণমাধ্যমকে সঠিক পথে রাখতে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সদস্য সচিব আহসান কামরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংবাদমাধ্যম মানুষের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে পারেনি। তবে মানুষের প্রত্যাশা এখনো রয়েছে। সেই প্রত্যাশা পূরণে অভ্যুত্থানে অংশ নেওয়া সাংবাদিকদের একত্রিত করতেই জেজেইউর যাত্রা।

আগে নিজেদের আয়নায় দেখতে হবে

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাংবাদিকদের অন্যের সমালোচনার পাশাপাশি নিজেদের ভূমিকা নিয়েও আত্মসমালোচনার আহ্বান জানান।

তিনি বলেন, অতীতের ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য সৃষ্টিশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, সাংবাদিকদের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া গণঅভ্যুত্থান সফল হওয়া সম্ভব ছিল না। দলান্ধতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সাংবাদিকদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

‘সরকার বদলালে সাংবাদিকদের যেন পালাতে না হয়’

আলোকচিত্রী শহীদুল আলম বলেন, অতীতে ক্ষমতাসীনদের সঙ্গে গণমাধ্যমের একটি অংশের যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যেন তার পুনরাবৃত্তি না হয়।

তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা নিশ্চিত করতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে সরকার পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদের পালিয়ে বেড়ানোর পরিস্থিতি তৈরি না হয়।

জুলাইয়ের সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করবে জেজেইউ

জেজেইউর যুগ্ম আহ্বায়ক তালুকদার রুমী বলেন, ফ্যাসিবাদী সময়েও অনেক সাংবাদিক আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন। কিন্তু তাদের অনেকে তখন যেমন বঞ্চিত ছিলেন, এখনো সেই বঞ্চনা থেকে মুক্তি পাননি।

জুলাইয়ের সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় জেজেইউ কাজ করবে বলে জানান তিনি।

সংগঠনের সদস্য ও অনলাইন বাংলার সম্পাদক খোমেনি এহসান বলেন, নির্ভয়ে সত্য বলার অধিকার নিশ্চিত করাই জেজেইউর অন্যতম লক্ষ্য। হামলা, মামলা কিংবা চাকরি হারানোর ভয় যেন সাংবাদিকতার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই পরিবেশ তৈরিতে সংগঠনটি কাজ করবে।

সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা এবং জনগণের জানার অধিকারের পক্ষে জেজেইউ দৃঢ় অবস্থান নেবে বলেও জানান তিনি।

আহ্বায়ক কমিটিতে যারা

জেজেইউর যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতির প্রকাশক লুৎফর রহমান বাদল, দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমী, মাহমুদ রাকিব, আকতার হাবীব, শিমুল পারভেজ, রিয়াজুর রহমান রিয়াজ ও ইসরাফিল ফরাজী।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আবদুর রহিম, কেফায়েত শাকিল, নুরুল ইসলাম খান মামুন, ওবায়দুর রহমান, একেএম রেজাউল করিম, নিজাম উদ্দিন দরবেশ ও রহমতুল্লাহ।

সদস্য হিসেবে রয়েছেন খোমেনি এহসান, আল ইমরান, অন্তু মোজাহিদ, জালাল আহমেদ, রাকেশ রহমান, সাজ্জাদ হোসেন, ফখরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মিফতাহুল জান্নাত, ফারজানা ববি, তাসবির ইকবাল, মোর্শেদুল আলম, কেফায়েত রুমী, মেহেদী হাসান বাপ্পি, রাশেদ মানিক, ওমর ফারুক, এইচএম ইমরান হোসেন ও মেহরাজ রাব্বি।

শহীদ পরিবারের কণ্ঠেও সতর্কবার্তা

অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান বক্তব্য দেন।

তারা জেজেইউর আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে সংগঠনটির সফলতা কামনা করেন। একই সঙ্গে তারা বলেন, মতাদর্শ বা রাজনৈতিক অবস্থানের ভিন্নতা থাকলেও কেউ যেন অন্যায়-অবিচারের শিকার না হন, সেটিও সাংবাদিকদের বিবেচনায় রাখতে হবে।আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জুলাইয়ের অভিজ্ঞতা, সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত অধিকারকে সামনে রেখে জেজেইউর এই যাত্রা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

২ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

৮ দিন আগে


চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নুর ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার

৮ দিন আগে


গাজীপুরে ভয়াবহ আগুন, পুড়েছে ১২ গোডাউন
গাজীপুরে ভয়াবহ আগুন, পুড়েছে ১২ গোডাউন

গাজীপুর নগরীর কোনাবাড়ির দেওয়ালিয়া বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। গোডাউন মালিকদের দাবি, আগুনে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom