জাতীয়

কোরআনের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৬ মিনিট আগে


কোরআনের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত


পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ দূর করতে আলেমদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আলেমরা মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান। সমাজে তাদের প্রভাব গভীর। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ এবং নারী ও শিশু নির্যাতন দূর করতে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআনের মৌলিক নীতি ও সুস্পষ্ট দিকনির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের প্রভাব অত্যন্ত গভীর।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের সাফল্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশের সুনাম বৃদ্ধি করছেন। এটি জাতীয় গৌরবের বিষয়।

বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।

মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।

এ দেশে ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ইসলাম, ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় আকিদার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণে কাজ করছে।

একই সঙ্গে সব ধর্মের মানুষের সহাবস্থান, স্বাধীনতা, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে। অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ, সতর্ক ও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ আমাদের পথপ্রদর্শক।

অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংস্থাটি দীর্ঘদিন ধরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতচর্চার প্রসারে কাজ করছে। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো যোগ্য কারি ও হাফেজ গড়ে তুলতেও সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়।

ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজন, নিয়মিত প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ এবং কারি ও হাফেজদের মানোন্নয়নে সংস্থাটি আরও ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ ছাড়া উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং আন্তর্জাতিক কিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।

আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সভাপতি আল্লামা কারি আবু রায়হান, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়ান পরিষদের সভাপতি আনোয়ার আলদীন এবং সংস্থাটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফ।

বক্তব্যের শেষে রাষ্ট্রপতি আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কারি ও অতিথিদের শুভেচ্ছা জানান।


সমাজের উচ্ছিষ্টদের হাতেই রাজনীতির চালিকাশক্তি ডেপুটি স্পিকার
সমাজের উচ্ছিষ্টদের হাতেই রাজনীতির চালিকাশক্তি ডেপুটি স্পিকার

রাজনীতি এখন আর আদর্শের জায়গায় নেই বরং সমাজের উচ্ছিষ্টদের হাতেই এর চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।তিনি বলেন চাঁদাবাজ নেশাখোর বখাটে ও কর্মবিহীন মানুষ যারা সমাজের উচ্ছিষ্ট তাদের হাতেই রাজনীতির চালিকাশক্তি।গতকাল বুধবার (১১ নভেম্বর) বাংলা একাডেমিতে ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্টের (আইআইডি) আয়োজনে ‘তারুণ্যের ইশতেহার’ শীর্ষক

৪ ঘন্টা আগে


পাকিস্তানের ক্রিকেটে নতুন ভূমিকায় বাংলাদেশের বুলবুল
পাকিস্তানের ক্রিকেটে নতুন ভূমিকায় বাংলাদেশের বুলবুল

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। ক্রিকেটের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে

১ দিন আগে


হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...

৩ দিন আগে


প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom