ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, ভিডিওটি চার দিন আগের একটি ঘটনার খণ্ডিত দৃশ্য। প্রকৃত ঘটনা যাচাই না করে সেটিকে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ৩০০ ফিট সড়কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করা হয়েছে এবং পুরো ঘটনা ড্যাশক্যামে ধরা পড়েছে। দেশের কয়েকটি গণমাধ্যমেও ভিডিওটি ডাকাতির ঘটনা হিসেবে প্রকাশ করা হয়।
তবে ডিএমপি জানিয়েছে, ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। গণবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওটি প্রকৃত ঘটনার প্রেক্ষাপট ছাড়া প্রচার করা হয়েছে। এ ধরনের চাঞ্চল্যকর প্রচার জনমনে অযথা আতঙ্ক তৈরি করতে পারে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিডিওটি মূলত গত ১৮ নভেম্বর রাতের একটি ঘটনার। ওই রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন নীলা মার্কেট এলাকায় একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার সময় সেখানে অবস্থান করছিলেন রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর সহকারী একান্ত সচিব (এপিএস) শিবলু ভূঁইয়া। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ককটেল বিস্ফোরণের পর তিনি ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে প্রাইভেটকারটির পিছু নেন। মোটরসাইকেলগুলোতে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা ছিলেন।
একপর্যায়ে গাড়িটি খিলক্ষেত থানাধীন মস্তুল চেকপোস্টে পৌঁছালে মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি সেটি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় প্রাইভেটকারটি চেকপোস্টের ব্যারিকেডে ধাক্কা দিয়ে কুড়াতলীর দিকে চলে যায়। পরে গাড়িটি আটকানো সম্ভব হয়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, গাড়িটির পিছু নেওয়া এবং ভাঙচুরের চেষ্টার খণ্ডিত দৃশ্যই পরে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। অথচ ঘটনাটি চার দিন আগের হলেও ভিডিওটির প্রকৃত সময় ও প্রেক্ষাপট উল্লেখ না করেই নতুন করে তা ছড়িয়ে দেওয়া হয়।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগের দিন রাতে এ ঘটনা ঘটে। কর্মসূচি ঘিরে নাশকতা প্রতিরোধে নীলা মার্কেট-সংলগ্ন এক্সপ্রেসওয়ে চত্বর এলাকায় রূপগঞ্জ থানা ছাত্রদল ও যুবদলের ৫০ থেকে ১০০ নেতা-কর্মী অবস্থান করছিলেন। তাঁরা নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর অনুসারী বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি কয়েক দিন আগের। ভিন্ন একটি ঘটনাকে ডাকাতি বলে প্রচার করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকা উচিত।
ডিএমপি আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট কোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য পেলে নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক
থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা শাখার সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।আটক বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত
১৩ ঘন্টা আগে
মোহাম্মদপুরে যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার উদ্ধার দুটি তাজা ককটেল
রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাস্তার পাশ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২১ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী
২ দিন আগে
পাবনার বেড়ায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে রণক্ষেত্র
পাবনার বেড়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া...
৩ দিন আগে
দুই বিএনপি নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা
খুলনার নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্যের বাড়িসহ অন্তত ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা এসব হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া
৩ দিন আগে
