রাজনীতি

আওয়ামী লীগকে সহযোগিতা করলেই বিএনপি নেতাদের স্থায়ী বহিষ্কার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১০ ঘন্টা আগে


আওয়ামী লীগকে সহযোগিতা করলেই বিএনপি নেতাদের স্থায়ী বহিষ্কার

ছবি: সংগৃহীত


দলীয় শৃঙ্খলা রক্ষা, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং জনআস্থা অটুট রাখতে নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া, তাদের ছাড়িয়ে নিতে তদবির করা কিংবা কোনো ধরনের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির নেতারা। অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারের পাশাপাশি প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, চিহ্নিত সন্ত্রাসী কিংবা নাশকতা মামলার আসামিদের থানা থেকে ছাড়িয়ে নিতে কোনো বিএনপি নেতা বা কর্মী তদবির করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অভিযুক্ত নেতাকর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহ ও তালিকা তৈরির কাজ চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিএনপির একটি উচ্চপর্যায়ের টিমও পৃথকভাবে অভিযোগগুলো যাচাই করছে। সংশ্লিষ্ট টিমের দায়িত্ব হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোনো বিএনপি নেতার যোগসাজশ, আশ্রয়-প্রশ্রয় কিংবা অপরাধীদের ছাড়িয়ে নেওয়ার তদবিরের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় হাইকমান্ডের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার বক্তব্য অনুযায়ী, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা ঠেকাতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায়। এ অবস্থায় বিএনপির কোনো নেতাকর্মী আওয়ামী লীগের বিতর্কিত বা অভিযুক্ত নেতাদের পুনর্বাসনের চেষ্টা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

দলটির নেতারা মনে করছেন, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশে যে রাজনৈতিক পরিবর্তন ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধ করা জরুরি। তাদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে হামলা, নির্যাতন ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনি প্রক্রিয়া থেকে রক্ষা করার চেষ্টা করা হলে তা জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানোর শামিল।

বিভিন্ন সময়ে আওয়ামী লীগ আমলে হামলা ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় বিএনপি নেতাদের কেউ কেউ তাদের ছাড়িয়ে নিতে তদবির করেছেন বলে অভিযোগ উঠেছে। এমন কিছু ঘটনা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধীদের সুরক্ষা দেওয়ার প্রবণতা বন্ধ করতে সাংগঠনিক শুদ্ধতার ওপর জোর দিচ্ছে বিএনপি।

দলটির নেতাদের মতে, শুধু বহিষ্কার করলেই সব ক্ষেত্রে সমস্যার সমাধান হয় না। বহিষ্কৃত কোনো ব্যক্তি এলাকায় নিজের প্রভাব ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। তাই অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইনানুগ পদক্ষেপ নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এতে অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের আড়ালে সুরক্ষা পাওয়ার সুযোগ কমবে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দলের অবস্থান তুলে ধরে বলেছেন, যে কোনো অনৈতিক কর্মকাণ্ড কিংবা দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। দল থেকে বহিষ্কারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। যাতে কেউ দলের নাম ব্যবহার করে অপরাধ করেও পার পেয়ে যেতে না পারে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গোপন বৈঠক এবং অনলাইনে দলীয় তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকজনকে গ্রেপ্তারের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তৃণমূল পর্যায়ে বিএনপির কিছু নেতাকর্মী ব্যক্তিগত স্বার্থ, আর্থিক লেনদেন কিংবা আত্মীয়তার সম্পর্কের কারণে আওয়ামী লীগের পলাতক বা অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

তবে দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা এবং বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এরই মধ্যে সারা দেশে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয়ভাবে প্রকাশিত শৃঙ্খলাজনিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১টি বহিষ্কারাদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে কয়েকজনের মন্ত্রী ও সংসদ সদস্য পদ ছাড়ার ঘটনাও দলীয় শৃঙ্খলার প্রশ্নে আলোচনায় এসেছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেন, দলের কেউ অপরাধ করলে কিংবা জনবিরোধী ও শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত হলে তার প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। অভিযোগ প্রমাণিত হলে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসও আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। গত ৩১ অক্টোবর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ আশ্রয় দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয়তাবাদী আদর্শের কোনো প্রকৃত কর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন না। দলীয় পরিচয় যেন কেউ অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করতে না পারেন, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের আশ্রয় দিলে জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণে কেন্দ্রীয় নেতৃত্ব স্থায়ী বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন বলে দলটির অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপির কোনো নেতা তাদের সহযোগিতা করলে তা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে। তাই দলীয় শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার নীতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থান কার্যকর করতে কেন্দ্রীয় নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করা গেলে অভিযুক্ত ব্যক্তিদের সংগঠিত হওয়ার সুযোগ কমবে বলে তারা মনে করছেন। একই সঙ্গে দলীয় পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল, অপরাধীদের সুরক্ষা দেওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের প্রবণতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছেন নেতারা।

সব মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া বা তাদের আইনি প্রক্রিয়া থেকে রক্ষার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবেন না—এমন বার্তাই দিতে চাইছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন অভিযোগ যাচাইয়ের পর কতজনের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।


জামায়াত আমির শফিকুর রহমান ছয় দিনের সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়া-মালয়েশিয়া
জামায়াত আমির শফিকুর রহমান ছয় দিনের সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়া-মালয়েশিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন...

৮ ঘন্টা আগে


ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির রাজনীতি ছাড়লেন ছাত্রদলের সাবেক নেতা সোহান
ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির রাজনীতি ছাড়লেন ছাত্রদলের সাবেক নেতা সোহান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ...

১৬ ঘন্টা আগে


বিএনপির পাঁচ এমপির পদত্যাগের গুঞ্জন সত্যতা নেই
বিএনপির পাঁচ এমপির পদত্যাগের গুঞ্জন সত্যতা নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত পাঁচ সংসদ সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর নতুন করে এ আলোচনা শুরু হয়েছে। তবে যেসব সংসদ সদস্যের নাম পদত্যাগের গুঞ্জনে এসেছে, তাঁদের পদত্যাগের কোনো নির্ভরযোগ্য...

১৬ ঘন্টা আগে


ডিসেম্বরে রাজপথে নামার পরিকল্পনা এসপির ফোনে মিলল বার্তা
ডিসেম্বরে রাজপথে নামার পরিকল্পনা এসপির ফোনে মিলল বার্তা

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পুলিশ। তার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়ার দাবি করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom