মেয়ে সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, বাবাকে নিয়ে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সুমাইয়া আক্তার’ নামে ভুয়া পরিচয় তৈরি করে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। পরে কথিত ওই তরুণীর বাবা পরিচয়ে নিজের বাবাকেও প্রবাসীর সঙ্গে কথা বলিয়ে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় শান্ত আলী (২০) ও তার বাবা শহিদুল ইসলামকে (৩৮) আটক করেছে লালপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শান্ত আলী ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত আলী ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া পরিচয় তৈরি করেন। ওই পরিচয়ে নিজেকে তরুণী দাবি করে এক বাংলাদেশি ইতালি প্রবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে কথিতভাবে বিয়ের সম্পর্কেও জড়ান তারা।
এরপর প্রতারণার কৌশল আরও বিস্তৃত করেন শান্ত আলী। কথিত ‘সুমাইয়া আক্তার’-এর বাবা পরিচয়ে নিজের বাবা শহিদুল ইসলামকে ওই প্রবাসীর সঙ্গে কথা বলান। বাবা-ছেলে মিলে ভুয়া পরিচয় ও পারিবারিক সম্পর্কের বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে বিভিন্ন কথাবার্তা চালিয়ে যান। অভিযোগ রয়েছে, এভাবে বিভিন্ন সময়ে ওই প্রবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে পরিকল্পিতভাবে ভুয়া নারী পরিচয় তৈরি এবং পারিবারিক সম্পর্কের অভিনয়ের বিষয়টি উঠে এসেছে। তবে মোট কত টাকা নেওয়া হয়েছে এবং কী কী অজুহাতে টাকা নেওয়া হয়েছে, তদন্তের স্বার্থে তা বিস্তারিত জানায়নি পুলিশ।
প্রতারণার অভিযোগের ভিত্তিতে লালপুর থানার এসআই এজে মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার সকালে গন্ডবিল গ্রামে অভিযান চালায়। এ সময় শান্ত আলীর বাড়ির টিনশেড ভবনের উত্তরমুখী শয়নকক্ষ থেকে তাকে ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোন ও সংশ্লিষ্ট ডিজিটাল যোগাযোগের তথ্য যাচাই করা হচ্ছে। এর মাধ্যমে প্রতারণার পরিধি, অর্থ লেনদেন এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আটক শান্ত আলী ও শহিদুল ইসলামের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে
চাঁদা না পেয়ে মাছের খামারে বিষ, ৫০ কাঁদি কলা কেটে নিলেন বিএনপি নেতা
রাজবাড়ীর পাংশায় চাঁদা দাবি ও জমি সংক্রান্ত বিরোধের জেরে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, ভাঙচুর ও পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় পাংশা উপজেলার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার...
১৫ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার
মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চাঁদাবাজির দুই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী কাজির নাম মো. হাবিবুর রহমান (৫২)। তিনি মুন্সিগঞ্জ...
২ দিন আগে
রামপুরায় গুলিতে আমির হোসেন নিহত, ট্রাইব্যুনালে স্ত্রীর সাক্ষ্য
২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজের পর আন্দোলনে যোগ দিয়েছিলেন আমির হোসেন। আন্দোলনের একপর্যায়ে রাজধানীর রামপুরার একরামুন্নেছা স্কুলের সামনে পৌঁছালে গুলিবিদ্ধ হন তিনি। একটি গুলি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোয়াল দিয়ে বেরিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে সড়কেই তার মৃত্যু হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন তার স্ত্রী।সোমবার...
৩ দিন আগে
কামরুল-মেননের মামলায় আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে। সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।এদিন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী
৩ দিন আগে
