জাতীয়

মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৩ ঘন্টা আগে


মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের

ছবি: সংগৃহীত


মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গত ২৪ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে। বাবার মৃত্যুর পরও একটি আক্ষেপ তাড়া করে ফিরছে নাকিবুরকে। মঙ্গলবার রাতে প্রথম আলোকে তিনি বলেন, ‘ছেলে হিসেবে আজীবন একটাই আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন। তাহলে হয়তো বাবা এভাবে নিচে না পড়ে, কারও কোলে মাথা রেখে মারা যেতে পারতেন।’

নাকিবুর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি জানান, ২৪ অক্টোবর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটি অনুষ্ঠানে অংশ নিতে যান তাঁর বাবা। অনুষ্ঠান শেষে বেলা তিনটার দিকে শাহবাগ মেট্রোস্টেশন থেকে উত্তরার উদ্দেশে মেট্রোরেলে ওঠেন তিনি। সঙ্গে ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। ওই সহকর্মীর কাছ থেকেই পরে ঘটনার বিবরণ জানতে পারেন নাকিবুর।

কয়েক দিনের ছুটি শেষে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় সেদিন মেট্রোরেলে প্রচণ্ড ভিড় ছিল। বসার আসন না পেয়ে নজীবুর রহমান ও তাঁর সহকর্মী ভেতরের হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে একপর্যায়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

নাকিবুরের ভাষ্য অনুযায়ী, বেলা সাড়ে তিনটার দিকে মেট্রোরেল শেওড়াপাড়া এলাকায় পৌঁছালে ঠেলাঠেলির মধ্যে তাঁর বাবা অসুস্থ বোধ করেন। এ সময় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেন নাকিবুর। এর এক থেকে দুই মিনিটের মধ্যে নজীবুর রহমান মেঝেতে পড়ে যান।

পাশে থাকা যাত্রীরা তাঁকে ধরে তোলার চেষ্টা করেন। শোরগোল শুনে তাঁর সহকর্মীও সেখানে আসেন। অন্য যাত্রীদের সহায়তায় তাঁরা বুঝতে পারেন, নজীবুর রহমান আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। নাকিবুরের ধারণা, মেট্রোরেলের ভেতরে পড়ে যাওয়ার সময়ই তাঁর বাবার মৃত্যু হয়েছিল।

শেষবিদায়ে পাশে ছিলেন না পরিবারের কেউ

নাকিবুর রহমান জানান, তাঁর বাবার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। তাঁকে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে নামানোর পর আনসার সদস্যদের সহায়তায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। বাবার সহকর্মীদের কাছ থেকে খবর পেয়ে সেখানে যান নাকিবুর। বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসকেরা তাঁর বাবাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

বাবার মৃত্যুর সময় পরিবারের কেউ তাঁর পাশে ছিলেন না। নাকিবুর জানান, তাঁর মা ও ছোট ভাই ওমরাহ পালনে সৌদি আরবে ছিলেন। বিমানের টিকিটসংক্রান্ত জটিলতায় তাঁরা সময়মতো দেশে ফিরতে পারেননি। তাঁর বোন পরিবার নিয়ে নিউজিল্যান্ডে থাকেন। আরেক ভাইও সেখানে পড়াশোনা করেন। তাঁরাও বাবার মৃত্যুর পর দেশে আসতে পারেননি।

পরিবারের সদস্যদের অনুপস্থিতিতেই বরিশালের গৌরনদী উপজেলায় গ্রামের বাড়িতে নজীবুর রহমানকে দাফন করা হয়।

বাবার মৃত্যুর ঘটনা বলতে গিয়ে নাকিবুর বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না। যে কেউ এমন পরিস্থিতিতে পড়তে পারেন। বয়স্ক মানুষের প্রতি আমাদের সবার সহানুভূতিশীল হওয়া উচিত। তাঁদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন।’

নজীবুর রহমানের মৃত্যুর ঘটনা গণপরিবহনে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের প্রতি সহমর্মিতা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তার গুরুত্ব আবারও সামনে এনেছে।


সমাজের নিকৃষ্টতম ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার
সমাজের নিকৃষ্টতম ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজরা সমাজের নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সৎ মানুষের রাজনীতি করার উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি...

৬ দিন আগে


সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চান তারেক রহমান
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চান তারেক রহমান

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশকে

৮ দিন আগে


পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বললেন ইশরাক হোসেন
পদত্যাগের নির্দেশের খবরকে গুজব বললেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন ইশরাক। তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।বডি: রোববার (১৮ অক্টোবর) রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইশরাক হোসেন এ প্রতিক্রিয়া জানান।তিনি বলেন,...

১০ দিন আগে


মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান
মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্র ও নদ-নদীতে টহল, জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইলিশ সংরক্ষণে কাজ করছে সংস্থাটি। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom