ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের আট অভিযোগের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়াতে চলতি সপ্তাহে আপিল করবে প্রসিকিউশন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। এ সাজা বাড়াতে আপিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টে আপিল করা হবে।
গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার দুটি অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রসিকিউশনের আনা আট অভিযোগের মধ্যে ৩ নম্বর অভিযোগে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ টাকা করে ক্ষতিপূরণের পাশাপাশি পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে পৃথক অভিযোগে দণ্ড হলেও সাজা একই সঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। বাকি ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেদিনই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ইনুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দীর্ঘ শুনানি শেষে ২ নভেম্বর আটটি সুনির্দিষ্ট অভিযোগ গঠনের মাধ্যমে তার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। গত বছরের ৩০ নভেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। ১ ডিসেম্বর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন। অন্যদিকে আসামিপক্ষে দুজন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন।
এ মামলায় তিনজন চাক্ষুষ সাক্ষী, দুজন বিশেষজ্ঞ, একজন ভুক্তভোগী পরিবারের সদস্য, দুজন জব্দতালিকা সাক্ষী, একজন জেলার সাক্ষী ও একজন তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। এছাড়া ২০ সিরিজের নথি ও পাঁচটি বস্তু প্রদর্শনী হিসেবে উপস্থাপন করা হয়।
গত ২ এপ্রিল থেকে যুক্তিতর্ক শুরু হয়। প্রথমে আসামিপক্ষ এবং পরে প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করে। ১৪ মে যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ৩০ জুন রায় ঘোষণা করা হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই মুম্বাইভিত্তিক সংবাদমাধ্যম ‘মিরর নাউ’-কে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনকারীদের বিএনপি-জামায়াত ও সন্ত্রাসী-জঙ্গি হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ বলপ্রয়োগের উসকানি দেন ইনু। ১৯ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেও তিনি অংশ নেন।
প্রসিকিউশনের আরও অভিযোগ, ২০ জুলাই নিজ জেলা কুষ্টিয়ার পুলিশ সুপারকে আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা তৈরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোবাইল ফোনে নির্দেশ দেন ইনু। ওই নির্দেশনার পর পুলিশসহ ১৪ দলীয় জোটের সশস্ত্র সদস্যদের গুলিতে কুষ্টিয়ায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্রের ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি, বোমা হামলা, আটক ও নির্যাতনের পরিকল্পনা এবং উসকানির অভিযোগও আনা হয়েছে ইনুর বিরুদ্ধে। প্রসিকিউশনের দাবি, ২৯ জুলাই শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জোটের বৈঠকেও ইনু উপস্থিত ছিলেন এবং সেখানে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের প্রস্তাব দেন।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ৪ আগস্ট কারফিউ জারি ও গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যাসহ তৎকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে ইনু সমর্থন ও অনুমোদন করেন।
অনলাইনে বিয়ে-তালাক নিবন্ধন হলে অনিয়ম ও বাল্যবিবাহ ঠেকানো সহজ হবে: আইনমন্ত্রী
অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ-সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ প্রতিরোধ সহজ হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের...
৭ ঘন্টা আগে
জিয়াউল আহসানের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা
আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার অসম্পন্ন জবানবন্দি গ্রহণ করা...
৭ ঘন্টা আগে
আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা সাদিক কায়েমের
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসীদের ভোগান্তির বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে দ্রুত গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।এক বিবৃতিতে ডাকসু ভিপি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ও অক্সিজেন হলেন প্রবাসী কর্মীরা। তাদের রক্ত-ঘামে পাঠানো রেমিট্যান্সে
২৩ ঘন্টা আগে
আদালত প্রাঙ্গণে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আখতারুজ্জামানের
আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে ওঠার সময় উচ্চকণ্ঠে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান।শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।ভিডিও চিত্রে দেখা যায়, হেলমেট ও নিরাপত্তা ভেস্ট পরিহিত পুলিশ সদস্যরা তাকে ধরে প্রিজন
২৩ ঘন্টা আগে
