ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া এসব নেতাকর্মীর অবস্থান শনাক্তে ইতোমধ্যে নজরদারি বাড়িয়েছে পুলিশ। তাদের আশ্রয়স্থলগুলোও পুলিশের পর্যবেক্ষণে রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটিয়ে অনেকে রাজধানীতে এসে আত্মগোপন করেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা বিভিন্ন এলাকায় পালিয়ে আশ্রয় নিয়েছেন এবং আত্মগোপনে রয়েছেন, তাদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করা হবে।
রাজধানীতে নাশকতা প্রতিরোধে পুলিশের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল লক্ষ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
এডিসি নিয়াজ মেহেদী আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। এ ছাড়া অভিযানের সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনাকে গুরুত্বপূর্ণ অবকাঠামো (কেপিআই) হিসেবে বিবেচনায় নিয়ে আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে নজরদারি চালাচ্ছেন।
সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান নিয়াজ মেহেদী। তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।
এদিকে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
এর কয়েক ঘণ্টা আগে রাজধানীর নিকেতনে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খান। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।
এ ছাড়া গত মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রাজধানীতে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক জনপ্রতিনিধি গ্রেপ্তারের মধ্যেই আত্মগোপনে থাকা অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে চিরুনি অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে ডিএমপি।
বরিশালে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন একই রাতে দুই স্থানে অগ্নিসংযোগ।
বরিশাল নগরীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে তিনতলা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে,...
১৪ ঘন্টা আগে
রাজধানীর শাহজাদপুর সুবাস্তের সামনে ককটেল বিস্ফরণ
রাজধানীর গুলশানের শাহজাদপুরে সুবাস্তু শপিং মলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী পথচারীদের ভাষ্য অনুযায়ী, পাশের একটি গলি থেকে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক এসে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান।
২ দিন আগে
রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহের। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুর রহমান...
৩ দিন আগে
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ মহানগরীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মো. জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত জামান ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে...
৩ দিন আগে
