ক্যাম্পাস

ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, একই দিনে ছাত্রলীগের নতুন কমিটি

অনলাইন ডেস্ক

৫১ মিনিট আগে


ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, একই দিনে ছাত্রলীগের নতুন কমিটি

ছবি: সংগৃহীত


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে ছাত্রদলের এক কর্মীর চড় দেওয়াকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

এদিকে একই দিনে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে আহ্বায়ক করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান হাফিজকে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিনভর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়লী আসিফ ইনানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

চড় দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে কাজী জুহায়ের হলের করিডোর দিয়ে যাওয়ার সময় একটি কক্ষ থেকে বের হয়ে আলিনূর রহমান নামে এক ছাত্রদল কর্মী শিবিরের এক নেতাকে চড় দেন। তবে কী কারণে তাকে চড় দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ঘটনার পর শিবিরের নেতাকর্মীরা অভিযুক্ত ছাত্রদল কর্মীকে তার কক্ষ থেকে বের করে আনতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও হল প্রভোস্টের উপস্থিতিতে বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে নিয়ে আলোচনা শুরু হয়।

আলোচনার মধ্যেই ফের উত্তেজনা

আলোচনার একপর্যায়ে অভিযুক্ত ছাত্রদল কর্মীকে সেখানে আনার চেষ্টা করা হলে শিবিরের নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেন-এমন অভিযোগ তুলে ছাত্রদলের নেতারা সেখান থেকে বেরিয়ে যান।

এরপর উভয় পক্ষের মধ্যে আবারও কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ছাত্রদল কর্মীকে উদ্ধারের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এরপর ছাত্রদলের নেতাকর্মীরা হল থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আহত দুইজন

সংঘর্ষে স্থানীয় জামায়াতের দুই কর্মী শহীদুল ও বাবলু আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসে অবস্থান নেয় এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের চেষ্টা করে।

তদন্ত কমিটি গঠন

ঘটনার পর উভয় পক্ষকে নিয়ে প্রক্টর অফিসে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সেখানে ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে শহীদ জিয়াউর রহমান হলে দুই শিক্ষার্থীর মধ্যে সংঘটিত ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন

সংঘর্ষের বিষয়ে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সল মাহমুদ বলেন, ‘এখানে দুপক্ষের মধ্যে একটা ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা পুলিশ এসে বিষয়টা দুপক্ষের সঙ্গে কথা বলে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বর্তমানে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করিয়েছি। তারপরও আমরা আমাদের অবস্থান এখানে রেখেছি, যাতে পরে আর উত্তপ্ত না হয়।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছি। এই প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও বহিরাগত প্রবেশ নিষিদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

একই দিনে ছাত্রলীগের নতুন কমিটি

এদিকে ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ ও উত্তেজনার মধ্যেই শনিবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়লী আসিফ ইনানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান হাফিজকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন-মো. মামুন-অর-রশিদ, আলহাজ আলী শ্রাবণ, তরিকুল ইসলাম তরুণ, রতন কুমার রায়, সামিউল ইসলাম, শাহিন আলম, মামুন রানা, সাব্বির আহমেদ আকিফ, রাব্বি হোসেন, নাছিম হাসান নাঈম, রাসেল আলী, রাকিবুল ইসলাম, সোহানুর রহমান, মেসবাহুল ইসলাম, নাবিল আহমেদ ইমন, মো. সাদিদ খান সাদি, হুসাইন তুষার, অনিক কুমার, সোহাগ শেখ, তানভীর হাসান, রাব্বি হাসান, আকিব মাসুদ, পিয়াস মুস্তাকিম, সাগর আহম্মেদ, মো. রাকিব হোসেন, শাহরিয়ার হিমেল ও পাভেল মোল্লা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির মেয়াদ শেষে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক সক্রিয়তা বিবেচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

একই দিনে ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষ এবং ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


জকসুর উদ্যোগে জবিতে মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও ল্যাবের শুভ উদ্বোধন
জকসুর উদ্যোগে জবিতে মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও ল্যাবের শুভ উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিক, দ্রুত ও মানসম্মত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও ল্যাব স্থাপন পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।জকসুর ভিপি মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও জিএস আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

৩ দিন আগে


চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ঢাবির হল সংসদের ভিপি রাত্রী
চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ঢাবির হল সংসদের ভিপি রাত্রী

চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রী। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায়...

৪ দিন আগে


ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান এবং তাঁদের নিখোঁজের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।রোববার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ...

৬ দিন আগে


রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে শিবিরের প্রশ্ন
রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে শিবিরের প্রশ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের দাপ্তরিক ব্যয় হিসেবে দেখানো ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তার দাবি, দেখানো ব্যয়ের সঙ্গে বাস্তব খরচের সামঞ্জস্য নেই এবং সামগ্রিক ব্যয়ের কথা বলে জিএস নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন।মঙ্গলবার (২৫...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom