চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়: ইমিউন টলারেন্সে যুগান্তকারী কাজ ৩ বিজ্ঞানীর
অনলাইন ডেস্ক
চলতি বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন তিন প্রখ্যাত বিজ্ঞানী: মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে তাঁদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
পেরিফেরাল ইমিউন টলারেন্স হলো রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মূল কাজ হলো শরীরের নিজস্ব উপাদান (self-antigens) এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান (যেমন: নির্দিষ্ট খাদ্য উপাদান, উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া)-এর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া (immune response) সৃষ্টি হওয়া রোধ করা। এই গবেষণা স্বয়ংক্রিয় রোগ (autoimmune diseases) এবং অ্যালার্জির চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

