যুদ্ধ থামলেও পরিবেশে থেকে যাবে বিষাক্ত ক্ষত
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুদ্ধের ময়দানে অস্ত্রের সংঘাত থেমে গেলেও এর পরিবেশগত ক্ষত সহজে শুকায় না। ইরান যুদ্ধকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে তেলদূষণ, বিপুল কার্বন নিঃসরণ এবং সমুদ্রতলে পড়ে থাকা বিস্ফোরক ও বিষাক্ত বর্জ্য নতুন করে দীর্ঘমেয়াদি পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে। ওমানের উপকূলে তেলবাহী একটি ট্যাংকার দুর্ঘটনা সেই ঝুঁকিকে আরও স্পষ্ট করে তুলেছে।
জুনের শেষ দিকে ৮ লাখের বেশি ব্যারেল তেলবাহী ক্যারোলিন বেজেঙ্গি নামের একটি ট্যাংকার দক্ষিণ ওমানের উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের আল-কিবলিয়াহ দ্বীপে আটকে যায়। এর আগে ৮ জুন ইয়েমেন উপকূলের কাছে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে উত্তাল সাগরে জাহাজটি পাথরে আটকে গেলে ট্যাংকার থেকে বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে।
ওমানের সরকারি হিসাবে, তেল ছড়িয়ে পড়ার এলাকা প্রায় ৪০০ বর্গকিলোমিটার। দূষিত তেল ইতোমধ্যে দেশটির মূল ভূখণ্ডের ‘টার্টল কোস্ট’ এলাকার সৈকতের দিকে পৌঁছাতে শুরু করেছে। ওই অঞ্চলটি সামুদ্রিক ও উপকূলীয় জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় পরিবেশবিদদের উদ্বেগ বাড়ছে।
যুদ্ধের কার্বন নিঃসরণও বড় উদ্বেগ
পরিবেশগত ক্ষতির আরেকটি বড় দিক হলো যুদ্ধ থেকে সৃষ্ট কার্বন নিঃসরণ। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন, ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি ও ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি ইনস্টিটিউটের গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধের প্রথম ১৪ দিনেই ৫০ লাখ টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ হয়েছে।
গবেষকদের হিসাবে, এই পরিমাণ নিঃসরণ আইসল্যান্ডের এক বছরের মোট কার্বন নিঃসরণের কাছাকাছি। ধ্বংস হওয়া ভবন, সামরিক ও জ্বালানি অবকাঠামো এবং যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত জ্বালানি থেকে সৃষ্ট নিঃসরণই এর বড় অংশ।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের পরিবেশগত ক্ষয়ক্ষতির একটি বড় অংশ তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না। ধ্বংস হওয়া স্থাপনা ও সামরিক সরঞ্জামের মধ্যে থাকা কার্বন, বিষাক্ত রাসায়নিক এবং জ্বালানি পরবর্তীকালে মাটি ও পানিতে মিশে দীর্ঘমেয়াদি দূষণ সৃষ্টি করতে পারে।
সমুদ্রতলেও জমছে যুদ্ধের বিষ
উপসাগরীয় অঞ্চলের পরিবেশগত ঝুঁকি নতুন নয়। ইরান-ইরাক যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ এবং পরবর্তী ইরাক যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র, ডুবে যাওয়া জাহাজ ও সামরিক সরঞ্জামের বিভিন্ন অংশ এখনো সমুদ্রতলে পড়ে আছে।
এক পর্যায়ে পারস্য উপসাগরের সমুদ্রতলে প্রায় ৪ হাজার পুরোনো গোলাবারুদের সন্ধান পাওয়া যায়। এসবের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সাদা ফসফরাসের গোলাও ছিল। দীর্ঘদিন ধরে সমুদ্রের নিচে পড়ে থাকা এসব বিষাক্ত সামগ্রী সামুদ্রিক পরিবেশের জন্য ভবিষ্যতেও ঝুঁকি তৈরি করতে পারে।
তেল পরিষ্কারে আন্তর্জাতিক উদ্যোগ
ক্যারোলিন বেজেঙ্গি থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে ওমানের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও উদ্ধার ও পরিষ্কার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকারী জাহাজ, উড়োজাহাজ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে কাজ চলছে। প্রতিকূল আবহাওয়া ও সমুদ্রের উত্তাল পরিস্থিতি উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র থেকে দ্রুত তেল অপসারণ করা সম্ভব না হলে তা উপকূলীয় অগভীর পানিতে পৌঁছে ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তেল উপকূলে জমে গেলে সামুদ্রিক প্রাণী, প্রবাল, মাছ ও উপকূলীয় বাস্তুতন্ত্র দীর্ঘ সময় ক্ষতিগ্রস্ত হতে পারে।
যুদ্ধ-পরবর্তী দায়ও গুরুত্বপূর্ণ
বিশ্লেষকদের মতে, যুদ্ধের ক্ষয়ক্ষতি মূল্যায়নে শুধু প্রাণহানি, অবকাঠামো ধ্বংস বা অর্থনৈতিক ক্ষতি বিবেচনা করলে পুরো চিত্র পাওয়া যায় না। যুদ্ধের ফলে সৃষ্ট কার্বন নিঃসরণ, সমুদ্রদূষণ, বিষাক্ত বর্জ্য এবং অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকিও হিসাবের আওতায় আনা প্রয়োজন।
ওমানের উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনা তাই শুধু একটি জাহাজ দুর্ঘটনা নয়; এটি যুদ্ধ ও সংঘাতের দীর্ঘমেয়াদি পরিবেশগত পরিণতির একটি সতর্কবার্তা। যুদ্ধ শেষ হলেও এর বিষাক্ত উত্তরাধিকার সমুদ্র, প্রকৃতি ও মানুষের জীবনে বহু বছর—কখনো শতাব্দী-থেকে যেতে পারে।
সূত্র: আরাব নিউজ
সরকারি স্কুলের দুরবস্থার প্রতিবাদে ভারতে ‘স্কুল ঠিক করো’ আন্দোলন
ভারতে সরকারি স্কুলের অব্যবস্থাপনা ও মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতির প্রতিবাদে ‘স্কুল ঠিক করো’ নামে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। মহারাষ্ট্রের হিংগোলি জেলার সন্তুক পিম্পরি গ্রাম থেকে শনিবার (১৫ আগস্ট) কর্মসূচির সূচনা করেন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর স্থানীয় একটি জেলা পরিষদ স্কুল পরিদর্শন করেন দীপকে।...
১ ঘন্টা আগে
৩ লক্ষাধিক রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা জানাল মিয়ানমার
মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে দেশটি।শনিবার (১৫ আগস্ট) রোহিঙ্গা সংকটের নবম বছরে পদার্পণের দিনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব...
৪ ঘন্টা আগে
কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালকের মৃত্যু
কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় বাসের চাপায় এক বাংলাদেশি বাস চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আরব টাইমস অনলাইন।প্রতিবেদন অনুযায়ী, নিহত বাংলাদেশি চালক তার বাসে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। একপর্যায়ে তিনি বাসটির সামনের অংশে গেলে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাস হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করে।
৫ ঘন্টা আগে
ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে বিস্মিত ইসরায়েল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনের বিষয়টি ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।শুক্রবার (১৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের মূল...
৫ ঘন্টা আগে
