তনু হত্যা মামলায় এক দশক পর অগ্রগতি, ডিএনএ বিশ্লেষণে মিলল ছয়জনের সম্পৃক্ততার ইঙ্গিত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার দীর্ঘ এক দশকের স্থবিরতা কাটিয়ে তদন্তে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। মামলার গুরুত্বপূর্ণ ডিএনএ বিশ্লেষণে পাঁচজনের শুক্রাণু এবং একজনের রক্তের অস্তিত্ব শনাক্ত হওয়ায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, হত্যাকাণ্ডে অন্তত ছয়জনের সম্পৃক্ততার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে ইতোমধ্যে চার সাবেক সেনাসদস্য এবং এক বেসামরিক ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ১৭ জুলাই আদালত আরও দুই ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেন। তারা হলেন কুমিল্লার রাজাপাড়ার বাসিন্দা তনুর বন্ধু ফয়সাল আহমেদ রাব্বি এবং সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দা সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম। তদন্তের স্বার্থে ষষ্ঠ সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএনএ বিশ্লেষণের সূত্র ধরে চলতি বছরের এপ্রিলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে আরও উঠে এসেছে, মামলার দুই সন্দেহভাজন সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ এবং সাবেক সেনাসদস্য শাহীন আলম দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
জাহিদুজ্জামানের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পাশাপাশি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির নির্দেশ দিয়েছেন। অন্যদিকে তদন্তকারীদের দাবি, শাহীন আলম গত এপ্রিলে গোপনে কুয়েতে পালিয়ে যান। তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বর্তমানে বন্ধ রয়েছে এবং সর্বশেষ অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত শনাক্ত করা হয়েছে।
এদিকে তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেছেন, শুরু থেকেই হত্যাকাণ্ডটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তিনি প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে অসঙ্গতির অভিযোগ তুলে সেই প্রতিবেদনের দায়িত্বে থাকা চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সার্জেন্ট জাহিদ এবং তার স্ত্রীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ঘটনার দিন তনু সার্জেন্ট জাহিদের বাসায় টিউশনি করতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথেই তাকে হত্যা করা হয়।
তনুর মা আনোয়ারা বেগম আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, মেয়েকে হারানোর পর তিনি যেন জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন। মৃত্যুর আগে তিনি শুধু মেয়ের হত্যাকারীদের বিচার এবং তাদের সর্বোচ্চ শাস্তি দেখে যেতে চান।
বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিদেশে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশে নতুন ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ারহাউস এলাকার একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালে সিআইডির ফরেনসিক পরীক্ষায় তনুর পোশাক থেকে তিনজন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়ার তথ্য প্রকাশ করা হয়েছিল। সর্বশেষ ডিএনএ বিশ্লেষণে আরও নতুন তথ্য সামনে আসায় বহু বছর ধরে আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের আশা নতুন করে জোরালো হয়েছে।
মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ
মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদ জানিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে আসিফ মাহমুদের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই পরাজিত...
১৭ ঘন্টা আগে
ছাত্রলীগকে হামলার নির্দেশের কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল
জুলাই বিপ্লব চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি ফোনালাপের অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন। কল রেকর্ডে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানের সঙ্গে কাদেরের কথোপকথন উঠে এসেছে বলে...
১ দিন আগে
জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা,...
২ দিন আগে
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।আদালত সূত্রে জানা...
৩ দিন আগে
