বানিজ্য

সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের শুল্ক-কর ছাড়

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের শুল্ক-কর ছাড়

ছবি: সংগৃহীত


দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়ার প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

একই সঙ্গে নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণ এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়নবিষয়ক চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে অর্থ ও বাণিজ্যসংক্রান্ত এসব প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সৌরবিদ্যুৎ যন্ত্রাংশে ৬ মাস কর অব্যাহতি

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন বা ছয় মাস পর্যন্ত বিশেষ শুল্ক-কর সুবিধা দেওয়া হবে।

এ সময় আমদানিকৃত এসব যন্ত্রাংশে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।

সরকারের প্রত্যাশা, এই সুবিধার ফলে দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়বে এবং দেশের বিদ্যুৎ ঘাটতি কমাতে তা ভূমিকা রাখবে। পাশাপাশি শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখা, উৎপাদন ব্যয় কমানো এবং বিদ্যুৎ ঘাটতির কারণে যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হ্রাসে এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।

এতে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগও উৎসাহিত হবে বলে মনে করছে সরকার।

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

অন্যদিকে, অবৈধ বাণিজ্য রোধ এবং রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যে নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর আওতায় প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহারবিষয়ক বিধিমালার সংশ্লিষ্ট প্রজ্ঞাপন সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের মতে, সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের মাধ্যমে অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ-হংকং বিনিয়োগ চুক্তিতে অনুমোদন

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ‘প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবিত চুক্তিটির মেয়াদ হবে ১০ বছর। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিনিয়োগের নিরাপত্তা ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার হওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষরের তিন বছর পর উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে এটি সংশোধনের সুযোগ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ষষ্ঠ বৃহত্তম উৎস হংকং। নতুন এই বিনিয়োগ চুক্তি পোশাক ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখতে পারে।

এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং দেশের শিল্পায়ন প্রক্রিয়া আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।


দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকায় দাঁড়িয়েছে। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী এ তথ্য জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।ঋণের বোঝা কমাতে...

১ দিন আগে


আজ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত
আজ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত নিতে পারবেন। এ জন্য গত ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আমানতকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে।গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে টাকা ফেরতের আবেদন করতে হয়েছে। আবেদন পাওয়ার পর...

১ দিন আগে


জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে: অর্থমন্ত্রী
জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে: অর্থমন্ত্রী

জাকাত ব্যবস্থাকে আরও সমন্বিত ও কার্যকর করে রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে...

১ দিন আগে


বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে অর্থায়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় পিইজেডএবি
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে অর্থায়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় পিইজেডএবি

অর্থের অভাবে দেশের বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামো উন্নয়নকাজ ধীরগতিতে চলছে। এর ফলে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি প্রবৃদ্ধির সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি কাটাতে প্রাথমিকভাবে ৫ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিইজেডএবি)। চাহিদা ও প্রকল্পের অগ্রগতি বিবেচনায় পরে তহবিলের আকার...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom