পরচর্চা বিক্রিই পেশা, আয় দিয়ে দুই বাড়ি কিনেছেন ৬৭ বছরের নারী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পাড়ার মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কমবেশি সবারই থাকে। তবে সেই কৌতূহলকেই পেশায় পরিণত করেছেন কলম্বিয়ার ৬৭ বছর বয়সী এক নারী। প্রতিবেশীদের সম্পর্ক, পারিবারিক বিরোধ, ঝগড়া কিংবা গোপন কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করেন তিনি। তার দাবি, এই অদ্ভুত ব্যবসা থেকে আয় করেই কিনেছেন দুটি বাড়ি।
নিজেকে বলেন পেশাদার ‘চিসমোসা’
কলম্বিয়ার কুইন্দিও বিভাগের আর্মেনিয়া শহরে বসবাস করেন ওই নারী। নাম মিরিয়াম। কনটেন্ট নির্মাতা লেডি দানিয়েলার সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের পেশার কথা তুলে ধরেন তিনি।
স্প্যানিশ ভাষায় ‘চিসমোসা’ বলতে গসিপ বা পরচর্চাপ্রিয় নারীকে বোঝায়। মিরিয়াম নিজেকে একজন পেশাদার ‘চিসমোসা’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, তিনি গসিপ ভালোবাসেন এবং আশপাশে কী ঘটছে, তা জানার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে।
প্রতিবেশীদের মধ্যে কে কার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন, কার সংসারে সমস্যা চলছে, কোথায় ঝগড়া হচ্ছে কিংবা কারও ব্যক্তিগত জীবনে কী ঘটছে—এসব তথ্য সংগ্রহ করেন তিনি। পরে আগ্রহী ব্যক্তিদের কাছে সেই তথ্য বিক্রি করেন।
কয়েক হাজার পেসো থেকে শুরু দাম
মিরিয়ামের ভাষ্য অনুযায়ী, সাধারণ বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তিনি ৫ হাজার থেকে ১০ হাজার কলম্বিয়ান পেসো পর্যন্ত নেন। তবে কোনো তথ্য বেশি সংবেদনশীল বা চাঞ্চল্যকর হলে তার দামও বেড়ে যায়।
তিনি জানান, একবার এক ব্যক্তি তার স্ত্রী ভ্রমণে গেলে তার কথিত পরকীয়ার বিষয়টি গোপন রাখার বিনিময়ে তাকে ৭ লাখ কলম্বিয়ান পেসো দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। মিরিয়ামের দাবি, এ ধরনের গোপন তথ্যের মূল্য সাধারণ গসিপের তুলনায় অনেক বেশি।
নোটবুকে লিখে রাখেন তথ্য
এই অদ্ভুত ব্যবসায় নিজের পর্যবেক্ষণ ক্ষমতাকেই সবচেয়ে বড় শক্তি মনে করেন মিরিয়াম। বাড়ির বাইরে সময় কাটানোর সময় তিনি আশপাশের মানুষের কর্মকাণ্ড লক্ষ্য করেন এবং কথাবার্তাও শোনেন।
তথ্য ভুলে না যাওয়ার জন্য সবসময় সঙ্গে একটি নোটবুক রাখেন তিনি। সেখানে বিভিন্ন ঘটনা ও কথাবার্তার বিবরণ লিখে রাখেন। তার দাবি, এতে তথ্য মনে রাখা সহজ হয় এবং প্রয়োজনে নিজের দাবির পক্ষে প্রমাণও দেখাতে পারেন।
বাড়িতে আছে ‘গসিপ আর্কাইভ’
সাক্ষাৎকারের সময় নিজের বাড়ির একটি বোর্ডও দেখান মিরিয়াম। সেখানে প্রতিবেশীদের ছবি ও তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য সাজিয়ে রাখা রয়েছে বলে জানান তিনি।
কিছু ছবিকে তিনি প্রতিবেশীদের কথিত পরকীয়ার প্রমাণ হিসেবেও দেখান। এসব ছবি, নোট ও তথ্যকে তিনি নিজের ব্যক্তিগত ‘আর্কাইভ’ হিসেবে ব্যবহার করেন।
গসিপ বিক্রির আয়েই দুই বাড়ি
মিরিয়ামের দাবি, পরচর্চা বিক্রির এই ব্যবসা থেকে আয় করে তিনি শুধু দৈনন্দিন খরচই চালাননি, বরং দুটি বাড়িও কিনেছেন। সাক্ষাৎকারে তিনি একটি বড় মাটির ব্যাংক দেখান, যেখানে কয়েন ও কাগজের নোট রাখা ছিল।
তার দাবি, গসিপ বিক্রি করে সাধারণত যে অর্থ আয় করেন, সেখান থেকেই এসব টাকা জমিয়েছেন। এমনকি তার দ্বিতীয় বাড়িতেও বন্ধুদের সঙ্গে দেখা করেন। সেখানে বোর্ড গেম খেলার পাশাপাশি পাড়ার সর্বশেষ খবরও আদান-প্রদান হয় বলে জানান তিনি।
‘গসিপের রানি’ মিরিয়াম
নিজের কাজের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী মিরিয়াম। তিনি দাবি করেন, প্রমাণ ছাড়া কোনো তথ্য ছড়ান না। পাড়ার প্রায় সব ঘটনা সম্পর্কে জানেন—এমন পরিচিতির কারণে তার ডাকনাম হয়েছে ‘গসিপের রানি’।
নিজের পেশা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘গসিপই আমার জীবন, এটা আমার রক্তে মিশে আছে।’
প্রতিবেশীদের আপত্তিও আছে
তবে মিরিয়ামের এই কর্মকাণ্ডে সবাই যে সন্তুষ্ট, তা নয়। কিছু প্রতিবেশী তার বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তাদের আপত্তির কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
মিরিয়ামের দাবি, যারা একসময় তার কাজের সমালোচনা করতেন, তারাই পরে আশপাশে কী ঘটছে জানার কৌতূহল থেকে আবার তার কাছে ফিরে আসেন। তার ভাষ্য, পাড়ায় যতদিন মানুষের ব্যক্তিগত জীবন ও নানা ঘটনা থাকবে, ততদিন গসিপেরও চাহিদা থাকবে।
অনুসরণ করছেন অন্যরাও
মিরিয়াম আরও জানান, তার এই ব্যবসার ধরন দেখে অন্য কয়েকজনও একইভাবে কাজ করার চেষ্টা করছেন। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং তথ্য সংরক্ষণের দক্ষতার কারণে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাৎকারটি নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অদ্ভুত এই পেশা নিয়ে কেউ যেমন মজা করছেন, তেমনি ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
