সারাদেশ

পঞ্চগড়ে ঈদ মেলায় সংঘর্ষ, চুরি ও অনিয়মের অভিযোগ; বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


পঞ্চগড়ে ঈদ মেলায় সংঘর্ষ, চুরি ও অনিয়মের অভিযোগ; বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার মহাবিদ্যালয় মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত ‘সোনাহার আনন্দ মেলা ও কুটির শিল্প মেলা’কে কেন্দ্র করে সংঘর্ষ, চুরি এবং অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মেলাটি বন্ধের নির্দেশ দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন বিকেলে মেলায় মোটরসাইকেল প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় আয়োজক কমিটির কয়েকজন সদস্য ও দর্শনার্থীদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। সংঘর্ষের পর মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় নুরু বাজার এলাকার বাসিন্দা লালচান নামে এক যুবককে মারধর এবং তার একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ভিন্ন।

এদিকে মেলা চলাকালে মোটরসাইকেল ও অটোরিকশা চুরির অভিযোগও পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, এর আগে একটি নতুন মোটরসাইকেল এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়েছে। গত ২৯ মে অটোরিকশা হারানোর পর চালক রবিউল ইসলাম অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

মেলায় আগত দর্শনার্থীদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অন্যদিকে, মেলায় দোকান বরাদ্দ ও অর্থ লেনদেন নিয়ে বিভিন্ন অভিযোগও স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মেলায় সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ৬ জুন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক মেলা বন্ধের নির্দেশ দেন। পরে আয়োজকরা মেলা কার্যক্রম বন্ধ করেন।

মেলার বিষয়ে জানতে চাইলে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান টুটুল বলেন, “প্রাথমিকভাবে আমরা একটি সাধারণ মেলার উদ্যোগ নিয়েছিলাম। পরে মেলার আয়-ব্যয় ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে আমাকে আর কোনো তথ্য জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে মারামারির ভিডিও দেখেছি। মেলা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।”

আয়োজক কমিটির সদস্য মনোয়ার হোসেন বলেন, “মেলার ভেতরে মোটরসাইকেল প্রবেশে নিষেধ করা হয়েছিল। তা না মেনে একজন চালক জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতির সৃষ্টি হয়। প্রচারিত ভিডিওটি ঘটনার শেষ অংশ মাত্র।”

সহ-সাধারণ সম্পাদক তহিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, “মেলা পরিচালনার বিষয়ে আমার কার্যালয় থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। বিশৃঙ্খলার তথ্য পাওয়ার পর মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।”

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, মেলা সংক্রান্ত বিষয়ে প্রশাসনের চাহিদা অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অনুমোদনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বিস্তারিত বলতে পারবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন বলেন, “মেলার অনুমোদন কে বা কোন কর্তৃপক্ষ দিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, সোনাহার ঈদ আনন্দ মেলা ও কুটির শিল্প মেলা পরিচালনার জন্য ১৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল।


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

৪৪ মিনিট আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

১ দিন আগে


মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন

রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে...

১ দিন আগে


ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল

২ দিন আগে

Dr.Mahfuzul Alom