নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের সঙ্গে ইরানের গোপন তেল-বাণিজ্য
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের কাছে তেল বিক্রি করে এর বিনিময়ে বিভিন্ন পণ্য ও সেবা কিনতে গোপন এক বিনিময়ভিত্তিক বাণিজ্যব্যবস্থা ব্যবহার করছে ইরান। এর মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে ওষুধ, যানবাহন, যোগাযোগ সরঞ্জামসহ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে দেশটি। এমনকি গত এক বছরে কয়েক মিলিয়ন ডলারের বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের চুক্তিতেও এই ব্যবস্থা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে ইরানের দুটি জ্যেষ্ঠ সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও তিন ব্যক্তির বক্তব্য তুলে ধরা হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে তারা জানান, এই ব্যবস্থায় ইরানি তেল বিক্রির অর্থ সরাসরি আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে চীনা রপ্তানিকারকদের কাছে পাঠানো হয় না। বরং তেল বিক্রির অর্থ চীনা পণ্য আমদানির জন্য ক্রেডিট হিসেবে জমা রাখা হয়।
কীভাবে চলছে এই বাণিজ্য
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এই ব্যবস্থা ইরানের জন্য মার্কিন অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যে বিকল্প একটি আর্থিক পথ তৈরি করেছে। একই সঙ্গে এতে চীনও সুবিধা পাচ্ছে। দেশটি ছাড়মূল্যে ইরানি তেল কেনার সুযোগ ধরে রাখার পাশাপাশি ইরানে পণ্য রপ্তানিকারক চীনা ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে আড়াল রাখার সুযোগ পাচ্ছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, চীনে অবস্থিত ‘চুশিন’ নামে একটি অস্পষ্ট আর্থিক প্রতিষ্ঠান এই ব্যবস্থার অন্যতম অংশ। পশ্চিমা একটি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুজনের ভাষ্য অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ব্যবসায়ী প্রতিষ্ঠান ঝুহাই ঝেনরংয়ের হয়ে কাজ করা একটি ক্রেতা চলতি বছর পর্যন্ত প্রতি মাসে কয়েকশ মিলিয়ন ডলার চুশিনে জমা দিত।
এই অর্থ ব্যবহার করা হতো ইরানের জাতীয় তেল কোম্পানি (এনআইওসি)-সংশ্লিষ্ট হংকং-নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে করা আমদানি চুক্তির অর্থ পরিশোধে। পরে চুশিন চীনা রপ্তানিকারক ও ইরানে অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর কাছে অর্থ পাঠাত।
অবকাঠামো প্রকল্পে বড় অংশের অর্থ
সূত্রগুলোর হিসাবে, চুশিনের মাধ্যমে পরিচালিত ইরানি তেল বিক্রির অর্থের প্রায় ৭০ শতাংশ অবকাঠামো প্রকল্পে ব্যয় করা হয়। বাকি অর্থ একটি বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত প্রতিষ্ঠান বা এসপিভির হিসাবে রাখা হয়। পরে ওই অর্থ ইরানে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বিল পরিশোধে ব্যবহার করা হয়।
ইরানের সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে ঘনিষ্ঠ দুটি সূত্র রয়টার্সকে এসপিভিটির অস্তিত্ব নিশ্চিত করেছে। তাদের তথ্য অনুযায়ী, এসপিভিতে থাকা অর্থ দুটি প্রতিষ্ঠান পরিচালনা করে—এর একটি চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের হয়ে কাজ করে এবং অন্যটি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট।
ইরানের কেন্দ্রীয় ব্যাংক কোনো আমদানিকারককে এসপিভির অর্থ ব্যবহারের অনুমোদন দিলে ইরান-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি চীনা প্রতিষ্ঠানে বিষয়টি জানায়। এরপর সংশ্লিষ্ট চীনা সরবরাহকারীদের অর্থ পরিশোধ করা হয়।
তবে রয়টার্স চীনের কোনো কোম্পানি নিবন্ধন নথিতে ‘চুশিন’ নামে ওই আর্থিক প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের হয়ে কাজ করে বলে দাবি করা প্রতিষ্ঠানগুলোরও নির্ভরযোগ্য সরকারি রেকর্ড পাওয়া যায়নি। একটি সূত্রের ভাষ্য, চুশিন হয়তো শুধু একটি স্প্রেডশিটে ব্যবহৃত নাম।
২০২১ সাল থেকে ব্যবস্থাটি চালুর দাবি
সূত্রগুলোর মতে, এই বাণিজ্যব্যবস্থা অন্তত ২০২১ সাল থেকে চালু রয়েছে। শুরুতে ইরানে ওষুধ ও কোভিড-১৯ টিকা সরবরাহের জন্য এটি ব্যবহার করা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ালে ব্যবস্থাটির গুরুত্ব আরও বেড়ে যায়।
সূত্রগুলোর হিসাবে, গত এক বছরে এই এসপিভির মাধ্যমে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি ডলারের লেনদেন হয়েছে।
ইরানের তেল রপ্তানিতে চীনের গুরুত্বের কারণে এই ব্যবস্থার তাৎপর্য আরও বেড়েছে। পণ্যবাজারবিষয়ক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সমুদ্রপথে ইরানের পাঠানো তেলের ৮০ শতাংশের বেশি চীন কিনেছে। এর পরিমাণ ছিল গড়ে প্রতিদিন প্রায় ১৪ লাখ ব্যারেল।
নিষেধাজ্ঞার ঝুঁকি সামলানোর কৌশল
ইরান ও চীন ২০২১ সালে জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে ২৫ বছরের কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। তবে ওই চুক্তির বিস্তারিত এখনো খুব বেশি প্রকাশ্যে আসেনি।
যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির প্রভাষক আন্দ্রেয়া ঘিসেল্লির মতে, এ ধরনের ব্যবস্থা ব্যবহার করে চীন যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলা করছে এবং দেখাচ্ছে যে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার হুমকি দিয়ে দেশটিকে সহজে বাধ্য করা যাবে না।
তবে তাঁর মতে, চীনের নেতৃত্ব একই সঙ্গে নিজেদের ব্যাংক ও কোম্পানিগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থেকেও দূরে রাখতে চায়। এ ক্ষেত্রে চীনের লক্ষ্য হলো দায় অস্বীকার করার মতো পর্যাপ্ত সুযোগ রাখা।
চীনের অবস্থান
রয়টার্সকে চীন জানিয়েছে, প্রতিবেদনে বর্ণিত পরিস্থিতি সম্পর্কে তারা অবগত নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নেই—এমন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।
ইরানের জাতিসংঘ মিশন ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। একইভাবে ঝুহাই ঝেনরং ও ইরানের জাতীয় তেল কোম্পানিও তাদের কথিত ভূমিকা নিয়ে মন্তব্য করেনি। মার্কিন প্রশাসনও এই নির্দিষ্ট বাণিজ্যব্যবস্থা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি দাবি করেছেন, তেহরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে।তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে...
২০ ঘন্টা আগে
পালাওয়ানের কাছে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫ নিখোঁজ ৮৭
ফিলিপাইনের পর্যটন হটস্পট পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে।ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, এম/ভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগার সময় এটি উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে ছিল। ফেরিটিতে যাত্রী ও ক্রুসহ মোট...
১ দিন আগে
১ হাজার ৯৯৯ রুপির অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার, পার্সেলে মিলল গোবরের সার
অনলাইনে ১ হাজার ৯৯৯ রুপির একটি অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেছিলেন ভারতের এক বাসিন্দা। নির্ধারিত সময়েই কুরিয়ারের মাধ্যমে পার্সেলও পৌঁছে যায় তার বাড়িতে। তবে কাঙ্ক্ষিত ডিভাইসের বদলে পার্সেলের ভেতরে পাওয়া গেল গোবরের সার। এমন ঘটনায় হতবাক হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি।ঘটনাটি ঘটেছে ভারতের দানকৌর থানার এলাকার বাসিন্দা আকাশ নগরের সঙ্গে।অর্ডার...
১ দিন আগে
অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা আজাদ
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন এলিজা।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত...
১ দিন আগে
