আন্তর্জাতিক

মহানবীকে অবমাননার অভিযোগে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড, ছেলের প্রাণভিক্ষা চাইলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


মহানবীকে অবমাননার অভিযোগে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড, ছেলের প্রাণভিক্ষা চাইলেন মা

ছবি: সংগৃহীত


আমার ছেলের করা ভুলের জন্য আমি ক্ষমা চাই। দয়া করে তাকে ক্ষমা করে আমাদের কাছে ফিরিয়ে দিন।’ কান্নাজড়িত কণ্ঠে নিজের বড় ছেলে আনোজান শিবরাশার প্রাণভিক্ষা চেয়েছেন মা রসমানিক্কাম যোগলক্ষ্মী। ২৪ বছর বয়সী এই শ্রীলঙ্কান অভিবাসী শ্রমিক সৌদি আরবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে করা মামলায় আপিল আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। খবর বিবিসির।

 

ঘটনাটি শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। আনোজানকে ক্ষমা করে দেশে ফিরিয়ে আনার দাবিতে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্যোগ নিয়েছেন। শ্রীলঙ্কা সরকারও কূটনৈতিকভাবে তার প্রাণভিক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে গত ২৮ সেপ্টেম্বরের পর থেকে পরিবারের সঙ্গে আনোজানের কোনো যোগাযোগ নেই। এ বিষয়ে নতুন করে কোনো বক্তব্য না দিতে পরিবারকে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে। কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সৌদি কর্তৃপক্ষ আনোজানের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো সময়সূচি প্রকাশ করেনি। কবে তার সাজা কার্যকর হতে পারে, তা-ও স্পষ্ট নয়। অতীতে সৌদি আরবে পরিবারের সদস্য কিংবা বিদেশি দূতাবাসকে আগাম না জানিয়েও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে পরে স্বজনদের বিষয়টি জানানো হয়েছে।

যেভাবে মামলার সূত্রপাত

শ্রীলঙ্কায় একটি হিন্দু তীর্থযাত্রাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া বিতর্কের জেরে আনোজানের বিরুদ্ধে মামলা হয়।

জুনের শেষ দিকে হিন্দু তীর্থযাত্রীদের সঙ্গে থাকা এক তরুণ মুসলিম ব্যক্তির একটি কুকুরকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনলাইনে বিভিন্ন ধর্মীয় বিতর্কের সৃষ্টি হয়।

একপর্যায়ে এক ব্যবহারকারী হিন্দু ধর্মের একটি দেবতাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এর জবাবে আনোজান তামিল ভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে তিনি দ্রুত সেই মন্তব্য মুছে ফেলেন এবং একটি ভিডিওতে ক্ষমাও চান। কিন্তু এরই মধ্যে মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। বিষয়টি তার কর্মস্থল ও সৌদি কর্তৃপক্ষের নজরে এলে জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোজানের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। তার পরিবারের দাবি, সৌদি কর্মকর্তারা তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোও মুছে দেন।

আনোজানের ভাই হামসিদান শিবরাশা বিবিসি সিংহলাকে বলেন, সৌদি আরবের সাধারণ মানুষ এ বিষয়ে কিছু জানতেন না। শ্রীলঙ্কার কয়েকজন ব্যক্তি তার ভাইয়ের কর্মস্থলে ই-মেইল করে বিষয়টি জানান। সেখান থেকেই সৌদি কর্তৃপক্ষের কাছে অভিযোগ যায়।

তার ভাষ্য অনুযায়ী, আনোজান যে প্রতিষ্ঠানে কাজ করতেন, তারা বিষয়টি সৌদি কর্তৃপক্ষকে জানায়। এরপর তার বিরুদ্ধে মামলা করা হয়।

কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড

প্রথমে আল-আহসা ক্রিমিনাল কোর্ট আনোজানকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ সৌদি রিয়াল জরিমানা করেন। তার আইনজীবীরা সাজা কমানোর আবেদন করে আপিল করলেও তা প্রত্যাখ্যান করা হয় বলে জানান শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ।

এরপর গত ১৭ সেপ্টেম্বর মামলাটি নতুন মোড় নেয়। সৌদি প্রসিকিউশন আনোজানের বিরুদ্ধে দেশটির সাইবার অপরাধ আইনের পরিবর্তে শরিয়াহ আইনের অধীনে বিচার করার আবেদন করে। আপিল আদালত সেই আবেদন মঞ্জুর করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেন।

প্রাণভিক্ষার জন্য কূটনৈতিক তৎপরতা

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আনোজানকে সহায়তা করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত ২১ সেপ্টেম্বর রাজধানী কলম্বোর প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটে আনোজানের পরিবারের সদস্যরা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রেসিডেন্ট তাদের আশ্বস্ত করেন, আনোজানের জন্য সাধারণ ক্ষমা আদায়ে সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদারের নির্দেশ দেন তিনি।

আনোজানের মৃত্যুদণ্ড ঠেকানোর দাবিতে শ্রীলঙ্কার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারাও এগিয়ে এসেছেন। রামান্না নিকায়া ও অমরাপুরা মহা নিকায়ার শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের পাশাপাশি হিন্দু ধর্মীয় নেতারা দ্রুত রাষ্ট্রীয় হস্তক্ষেপের আহ্বান জানিয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন।


ভারতে প্রার্থনার সময় খ্রিস্টান পরিবারে শতাধিক মানুষের হামলার অভিযোগ
ভারতে প্রার্থনার সময় খ্রিস্টান পরিবারে শতাধিক মানুষের হামলার অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গে প্রার্থনা চলাকালে একটি খ্রিস্টান পরিবারের বাড়িতে শতাধিক মানুষের হামলা, ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। হামলাকারীরা চলে যাওয়ার আগে বাড়ির ভেতরে একটি তুলসী গাছ রেখে যায় এবং পরিবারের সদস্যদের জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে বলে অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) রাজ্যের পূর্ব মেদিনীপুরের ধলহরা গ্রামে এ...

১ দিন আগে


যুক্তরাজ্যের এমপিদের সংসদীয় সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
যুক্তরাজ্যের এমপিদের সংসদীয় সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখতে বাংলাদেশ সফররত ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।এপিপিজির চেয়ার ও ব্রিটিশ এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন...

১ দিন আগে


ডিসেম্বরে ফিরছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ডিসেম্বরে ফিরছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক উন্নয়ন, সমৃদ্ধি ও জনগণের কল্যাণকে সামনে রেখে ভবিষ্যৎ সম্পর্ক এগিয়ে নিতে চায় দিল্লি। বুধবার (৭ অক্টোবর) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা

২ দিন আগে


তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহের কারণে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, ওয়াশিংটনের এ ধরনের নীতি তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক মন্তব্যে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চোল এ অভিযোগ করেন। রয়টার্সের...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom