আন্তর্জাতিক

ইয়েমেনের দক্ষিণে নতুন সংকট: মুখোমুখি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ইয়েমেনের দক্ষিণে নতুন সংকট: মুখোমুখি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক নাটকীয় পটপরিবর্তনে অপ্রত্যাশিতভাবে মুখোমুখি অবস্থানে চলে এসেছে দুই প্রভাবশালী উপসাগরীয় শক্তি—সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘদিনের মিত্র এই দুই দেশ ইয়েমেনের গৃহযুদ্ধে একই জোটে থাকলেও বর্তমানে তারা ভিন্ন ভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা দেশটির সংকটকে আরও ঘনীভূত করছে।

এমন পরিস্থিতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সক্রিয় সব সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীকে রাজধানী রিয়াদে ‘সংলাপে’ অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ ইয়েমেনের উদ্ভূত সংকট নিরসনে একটি বড় পরিসরের সম্মেলন আয়োজন করা প্রয়োজন, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষ একত্র হয়ে ন্যায়সংগত সমাধান নিয়ে আলোচনা করতে পারবে। সৌদি আরবের দাবি, এই আলোচনার আমন্ত্রণ এসেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ থেকেই।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুত রাজধানী সানাসহ দেশের উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে সংঘাত চরম আকার ধারণ করলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ ইয়েমেন সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে সামরিক জোট গঠন করে অভিযান শুরু করে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই জোটে ভাঙন স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে দক্ষিণ ইয়েমেনের ভবিষ্যৎ নিয়ে সৌদি আরব ও আমিরাতের কৌশলগত পার্থক্য প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নেয়।

গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ইয়েমেনের দক্ষিণাঞ্চলে নতুন করে ‘যুদ্ধ’ শুরুর ঘোষণা দেয়। গোষ্ঠীটির অভিযোগ, সৌদি আরব–সমর্থিত স্থলবাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে এবং সেই অভিযানে সৌদি বিমানবাহিনীও অংশ নিয়েছে।

এসটিসি দীর্ঘদিন ধরেই দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। সেই লক্ষ্য বাস্তবায়নে তারা দেশের পূর্বাঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে এবং দ্রুত সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একাধিক এলাকা দখলে নেয়। এর মধ্যে সৌদি সীমান্তসংলগ্ন তেলসমৃদ্ধ হাজরামাউত প্রদেশও রয়েছে।

সৌদি আরব সতর্ক করে জানিয়েছে, ইয়েমেনের পূর্বাঞ্চলে এসটিসির অগ্রযাত্রা তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত এসটিসিকে এ ধরনের অভিযানে উৎসাহ ও চাপ দিচ্ছে।

এই উত্তেজনার মধ্যেই হাজরামাউতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এসটিসির একটি সামরিক শিবিরে অন্তত সাতজন নিহত হন। এর আগে দক্ষিণের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালানো হয়। সৌদি জোটের দাবি, ওই বন্দরে আরব আমিরাতের পক্ষ থেকে বিচ্ছিন্নতাবাদীদের জন্য সামরিক সরঞ্জামভর্তি দুটি জাহাজ পাঠানো হয়েছিল।

যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজে কোনো অস্ত্র ছিল না এবং পাঠানো সরঞ্জামগুলো ইয়েমেনে অবস্থানরত আমিরাতি বাহিনীর ব্যবহারের জন্য ছিল।

২০২২ সালে সৌদি আরবের উদ্যোগে হুতিবিরোধী বিভিন্ন গোষ্ঠীকে একত্র করে গঠন করা হয় প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি)। এসটিসিও এই জোটের অংশ ছিল। তবে গত ২ ডিসেম্বর থেকে জোটের ভেতরে সংঘাত তীব্র আকার ধারণ করে।

পিএলসির প্রধান রাশাদ আল-আলিমি এসটিসির সাম্প্রতিক সামরিক অভিযানকে ‘বিদ্রোহ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান। তাঁর ভাষায়, এই বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ইয়েমেনকে বিভক্ত করে পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে।

মঙ্গলবারের বিমান হামলার পর আল-আলিমি ঘোষণা দেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করা হয়েছে এবং আমিরাতি বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরব এই সিদ্ধান্তের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে।

এসটিসির সামরিক অভিযানের পেছনে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করলেও অল্প সময়ের মধ্যেই ইয়েমেন থেকে বাহিনী প্রত্যাহারে সম্মতি দেয় সংযুক্ত আরব আমিরাত। অনেক পর্যবেক্ষকের কাছেই এ সিদ্ধান্ত অপ্রত্যাশিত।

তবে চ্যাথাম হাউসের গবেষক ফারিয়া আল-মুসলিমির মতে, এই প্রত্যাহার মাঠপর্যায়ে বড় কোনো পরিবর্তন আনবে না। তিনি বলেন, ‘২০১৯ সালের পর ইয়েমেনে উল্লেখযোগ্য সেনা উপস্থিতি নেই আমিরাতের। তারা মূলত বিশেষ বাহিনী ও নিজেদের প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে প্রভাব বজায় রেখেছে।’

ইয়েমেন-বিষয়ক সাংবাদিক আনোয়ার আল-আনসি বলেন, দক্ষিণাঞ্চলের প্রায় পুরোটা নিয়ন্ত্রণে নেওয়ার পর এসটিসির আত্মবিশ্বাস ও প্রত্যাশা আরও বেড়েছে।

এসটিসির মুখপাত্র আনোয়ার আল-তামিমি বিবিসিকে বলেন, ‘দক্ষিণ ইয়েমেনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের দীর্ঘদিনের লক্ষ্য। দক্ষিণের মানুষের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার রয়েছে।’ তবে তিনি দাবি করেন, এই স্বাধীনতার আকাঙ্ক্ষা সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে না।

এসটিসির এই আশ্বাস সৌদি-সমর্থিত বাহিনীকে দক্ষিণ ইয়েমেনে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা থেকে বিরত রাখতে পারবে কি না, তা এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের দক্ষিণে চলমান এই দ্বন্দ্ব কেবল দেশটির অখণ্ডতাই নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom