শিক্ষা

ইবি ক্যাম্পাসে দিনে ১০ বারের বেশি লোডশেডিং, মোমবাতির আলোয় পড়ছেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

১ দিন আগে


ইবি ক্যাম্পাসে দিনে ১০ বারের বেশি লোডশেডিং, মোমবাতির আলোয় পড়ছেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বেড়েছে লোডশেডিং। দিনে ৯ থেকে ১০ বারেরও বেশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমের মধ্যে ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় একদিকে যেমন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে চলমান সেমিস্টার ও মাস্টার্স পরীক্ষার প্রস্তুতিতেও মারাত্মক বিঘ্ন ঘটছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন শেখপাড়া, আনন্দনগর, শান্তিডাঙ্গা, শাহ আজিজ পকেট গেট, লালন পকেট গেট ও মেইন গেট এলাকায় লোডশেডিংয়ের মাত্রা তুলনামূলক বেশি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। কোনো কোনো দিন একটানা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পড়াশোনা, ঘুম, গোসল ও দৈনন্দিন কাজকর্মেও দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

সরেজমিনে জানা যায়, বিশেষ করে রাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা। তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘুমানো কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেকে মোমবাতি জ্বালিয়ে কিংবা মোবাইলের আলো ব্যবহার করে পড়াশোনা করছেন।

সাদ্দাম হোসেন হলের একাধিক শিক্ষার্থী জানান, রাতে ঘুমানোর সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় গরমে ঘুমানো যাচ্ছে না। আবার পরীক্ষার প্রস্তুতির জন্য পড়তে বসলে পর্যাপ্ত আলোর অভাবে সমস্যায় পড়তে হচ্ছে।

আল ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান বলেন, বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়ালেখায় ব্যাপক সমস্যা হচ্ছে। অনেক বিভাগে পরীক্ষা চলছে। অথচ বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঠিকমতো পড়াশোনা করা যাচ্ছে না। বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে পড়তে হচ্ছে। বিদ্যুৎ চলে গেলে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে জেনারেটরের ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থী ইয়াকুব আলী বলেন, সেমিস্টার পরীক্ষা থাকায় বিদ্যুৎ না থাকলেও গভীর রাত পর্যন্ত পড়াশোনা ও নোট তৈরি করতে হচ্ছে। তার ভাষ্য, রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর প্রায় এক ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে ঘুমানো সম্ভব হয়নি। আবার মোবাইলের পিডিএফ দেখে নোট করতে গেলেও পর্যাপ্ত আলো প্রয়োজন। ফলে মোমবাতির আলোয় কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে। এতে পরীক্ষার প্রস্তুতি ও রিভিশন দুটোই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শেখপাড়া এলাকার একটি মেসের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, কয়েক দিন ধরে লোডশেডিং বেড়ে গেছে। মেসে দিনে ৮ থেকে ১০ বারের বেশি বিদ্যুৎ চলে যায়। একবার বিদ্যুৎ গেলে অনেক সময় এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত থাকে না। এতে পড়াশোনার পাশাপাশি রাতের ঘুমেও সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় মেসে পানির সংকটও তৈরি হচ্ছে।

এদিকে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি জাতীয় সমস্যা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল) আব্দুল মালেক মিয়া। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বক্ষণিক চেষ্টা করছে এবং পিডিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জাতীয়ভাবে লোডশেডিং থাকলেও খুলনা ও কুষ্টিয়া—দুই গ্রিড থেকেই বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, কুষ্টিয়া গ্রিডে কোনো সমস্যা হলে খুলনা গ্রিড থেকে সরবরাহ নেওয়া হচ্ছে। তবে কয়েক সেকেন্ড বা দুই-এক মিনিট পরপর বিদ্যুৎ চলে যাওয়া ও ফিরে আসার বিষয়টি মূলত ফিডার পরিবর্তনের সময় লাইনে সাময়িক বিভ্রাটের কারণে হয়ে থাকে।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিদ্যুৎ সংকটের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘনঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিং তাদের স্বাভাবিক জীবন ও শিক্ষাজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বিশেষ করে পরীক্ষার মৌসুমে এ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।


৭ জানুয়ারি শুরু ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
৭ জানুয়ারি শুরু ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া সময় কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...

৪ ঘন্টা আগে


শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষামন্ত্রীর
শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য অবসরকালীন সুবিধা ও কল্যাণ ভাতার অর্থ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।মঙ্গলবার...

৩ দিন আগে


‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ’ করার জন্য শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান ডাকসু নেতা
‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ’ করার জন্য শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান ডাকসু নেতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। একই সঙ্গে এ সিদ্ধান্তকে ‘গুজব’ হিসেবে অভিহিত করায় শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।মঙ্গলবার (১১...

৩ দিন আগে


আখেরি চাহার সোম্বায় বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
আখেরি চাহার সোম্বায় বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এ ছুটি কার্যকর হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। তবে দিনটি সরকারি সাধারণ ছুটি

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom