হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর তাগিদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশের পেছনে হৃদ্যন্ত্র ও রক্তনালির রোগ বা কার্ডিওভাসকুলার ডিজিজ দায়ী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো গেলে হৃদরোগজনিত অকালমৃত্যু কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে সোমবার আয়োজিত ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এ অভিমত দেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ ওয়েবিনারের আয়োজন করে।
ওয়েবিনারে জানানো হয়, বিশ্বে প্রতি বছর হৃদরোগে প্রায় ৬৫ লাখ মানুষ অকালমৃত্যুবরণ করেন। এর অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। বাংলাদেশেও হৃদরোগজনিত মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে।
বক্তারা জানান, ২০২৪ সালে দেশে হৃদরোগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ মারা যান। এসব মৃত্যুর ৫২ শতাংশের সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে। এর একটি উল্লেখযোগ্য অংশ অকালমৃত্যু।
‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য তুলে ধরে বিশেষজ্ঞরা বলেন, দেশে ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। ফলে তরুণদের মধ্যেও হৃদরোগের ঝুঁকি বাড়ছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৪ শতাংশে উন্নীত করা হয়েছে, যা প্রশংসনীয়। বর্ধিত বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের ওষুধে ব্যয় করা হলে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি কমাতে তা কার্যকর ভূমিকা রাখবে।
ডা. মো. মারুফ হক খান বলেন, উচ্চ রক্তচাপজনিত হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
তরুণদের মধ্যে সচেতনতা তৈরিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্ব দেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে হলেও এ খাতে স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ বরাদ্দ রয়েছে। উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।
ওয়েবিনারে আরও বক্তব্য দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এবং ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। এতে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন
রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষেই চলছে টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম
রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি ভাঙা কক্ষেই সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে। তবে এখনো পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় শিশু, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রটির একটি ভাঙা কক্ষে শিশুদের টিকাদান শুরু হয়। এর আগে শনিবার ও...
৫ ঘন্টা আগে
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৯৫৫
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১১ জন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন...
৩ দিন আগে
চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসার অভাবে যাতে কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যে বিদ্যমান সব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যার হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ...
৬ দিন আগে
সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী
সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে বর্তমানে অনুমোদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করলে সেগুলোর অনুমোদনও বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া...
৬ দিন আগে
