বানিজ্য

গ্যাস সংকটে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ: বিকেএমইএ

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


গ্যাস সংকটে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ: বিকেএমইএ

ছবি: সংগৃহীত


দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের রপ্তানি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে ইউরোপের ক্রেতারা রপ্তানি আদেশ প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিচ্ছেন বলে জানান তিনি।

শনিবার বিকেলে বিকেএমইএ কার্যালয়ে গ্যাস সংকট ও এর প্রভাব নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, গ্যাস সংকটের প্রভাবে সারা দেশে তিন শতাধিক গার্মেন্ট প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। উৎপাদন চালু রাখা সম্ভব না হওয়ায় রপ্তানি আদেশ পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাচ্ছে। নতুন করে রপ্তানি আদেশ পাওয়া যাবে কি না, তা নিয়েও ব্যবসায়ীরা শঙ্কায় রয়েছেন।

বিকেএমইএ সভাপতি বলেন, ইতোমধ্যে দেশের ৪০ থেকে ৫০ শতাংশ রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সরাসরি আর্থিক ক্ষতির পাশাপাশি পরোক্ষ ক্ষতিও হচ্ছে। বিশেষ করে বিদেশি ক্রেতারা বাংলাদেশের পরিবর্তে পার্শ্ববর্তী দেশগুলোতে অর্ডার নিয়ে যাচ্ছেন।

তিনি জানান, প্রায় এক মাস ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চলছে। এ সময়ে অনেক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ আগস্টের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও দুই দিন কিছুটা উন্নতি হওয়ার পর আবারও গ্যাস সরবরাহের পরিস্থিতি খারাপ হয়েছে।

মোহাম্মদ হাতেম বলেন, ইউরোপের একটি বড় ক্রেতা বাংলাদেশের একটি অর্ডার বাতিল করে পার্শ্ববর্তী দেশে নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় সামনের দিনগুলোতে রপ্তানি আদেশ ধরে রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

তিনি সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংকটের বিষয়ে ব্যবসায়ীদের প্রতি সপ্তাহে অন্তত একবার সরকারের পক্ষ থেকে পরিস্থিতি জানানো প্রয়োজন।

ব্যবসায়ীদের ছয় দাবি

গ্যাস সংকট মোকাবিলায় বৈঠকে ব্যবসায়ী নেতারা সরকারের কাছে ছয়টি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে জুন ও জুলাই মাসের গ্যাস-বিদ্যুৎ বিল আগামী ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া এবং এ সময় বিল পরিশোধে ব্যর্থ হলেও কারখানার সংযোগ বিচ্ছিন্ন না করা।

এ ছাড়া সংকটের মধ্যে কারখানাগুলো কীভাবে উৎপাদন চালাবে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়।

ব্যবসায়ীরা গ্যাস সংকট নিয়ে সরকারকে প্রতি সপ্তাহে ব্রিফিং করার পাশাপাশি গণপরিবহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখা, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঋণের কিস্তি আদায় থেকে বিরত থাকার জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান।

বৈঠকে বিজেএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম, সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার এবং সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল ও আশিকুর রহমান উপস্থিত ছিলেন।


NBR কর প্রশাসনে বড় রদবদল,প্রথম নারী হিসেবে CIC প্রধান সেলিনা সুলতানা
NBR কর প্রশাসনে বড় রদবদল,প্রথম নারী হিসেবে CIC প্রধান সেলিনা সুলতানা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে এটিই সবচেয়ে বড় রদবদল বলে জানা গেছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ২২ জন কর কমিশনার...

১ দিন আগে


রাজধানীর বাজারে মাছ-মুরগি-ডিমের দামে স্বস্তি নেই, চাপে নিম্ন ও মধ্যবিত্ত
রাজধানীর বাজারে মাছ-মুরগি-ডিমের দামে স্বস্তি নেই, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

রাজধানীর বাজারে মাছ, মুরগি ও ডিমের দামে কোনো স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।...

১ দিন আগে


গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে দীর্ঘমেয়াদি সমাধানের পথে সরকার
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে দীর্ঘমেয়াদি সমাধানের পথে সরকার

গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনভোগান্তি চরমে পৌঁছালেও এ পরিস্থিতি থেকে উত্তরণে রাতারাতি কোনো সমাধান নেই বলে জানিয়েছে সরকার। হঠাৎ জ্বালানি সংকট, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতে বিলম্ব এবং প্রতিশ্রুত এলএনজি কার্গো না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।চলমান সংকটের কারণ চিহ্নিত এবং তা মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি করণীয়...

১ দিন আগে


এলএনজি সংকটে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
এলএনজি সংকটে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় টার্মিনালটির সরবরাহ পুরোপুরি শূন্যে নেমে আসে। ফলে বর্তমানে জাতীয় গ্রিডে আমদানি করা এলএনজি সরবরাহ করছে শুধু সামিট গ্রুপের টার্মিনাল।পেট্রোবাংলা সূত্রে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom