সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার আহ্বান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটটির নেতারা বলেছেন, অতীতে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে অনেকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারকে সেই পথ পরিহার করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
১৯ সেপ্টেম্বর সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতি ছিল বৈঠকের প্রধান আলোচ্য। পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন জোটের নেতারা।
গোলাম পরওয়ার বলেন, পৃথিবীর কোনো ইতিহাসে গণভোটের রায় বাতিলের ঘটনা নেই। তার দাবি, গণতন্ত্রের নামে ক্ষমতায় আসা সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট প্রত্যাখ্যান করে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা আছে বলে জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া উচিত নয়।
১১ দলীয় ঐক্যের এই নেতা আরও অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোরআন-সুন্নাহর আইন পরিবর্তন করে হেবা আইনে হস্তক্ষেপ করা হয়েছে। একইভাবে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায়ও উপেক্ষা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনের দীর্ঘদিনের আইন পরিবর্তন করে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘এখান থেকে আমরা সরকারকে ফিরে আসতে বলব।’
গোলাম পরওয়ার জানান, বেলা ১১টায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লংমার্চের প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সাত দফা দাবি সামনে রেখে আন্দোলন আরও গতিশীল করা এবং জনগণকে সম্পৃক্ত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে গণভোটকে উপেক্ষা করে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া নিয়েছে, ১১ দলীয় ঐক্য তা প্রত্যাখ্যান করেছে বলেও জানান গোলাম পরওয়ার। এ প্রক্রিয়ার বিশেষ কমিটির একতরফা কার্যক্রম শুরুর উদ্যোগেরও বিরোধিতা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
১৯ সেপ্টেম্বর লংমার্চ
গোলাম পরওয়ার জানান, শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী জনসভা অনুষ্ঠিত হবে। এরপর গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে।
পথে গাজীপুরের ভোগড়া বাইপাসে প্রথম এবং টাঙ্গাইলের জালফৈ বাইপাস মোড়ে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হবে। এরপর যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জোহরের নামাজ আদায় করা হবে।
পরে বগুড়ার মাটিডালি এবং সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হবে। সবশেষে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী কর্মসূচির মধ্য দিয়ে লংমার্চ শেষ হবে। প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা এবং রংপুরে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লংমার্চে যুক্ত হতে চাইলে গাড়িবহরের পেছনে নিজ নিজ জেলার গাড়িবহর যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার। সাংস্কৃতিক বিভাগের গাড়িসহ স্বেচ্ছাসেবক, নিরাপত্তা, মেডিকেল, অ্যাম্বুলেন্স, তথ্যপ্রযুক্তি ও মিডিয়া বিভাগের ৮ থেকে ৯টি গাড়ি থাকবে বলেও জানান তিনি। অংশগ্রহণকারীদের নিজেদের গাড়িতে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শান্তিপূর্ণ কর্মসূচির আশ্বাস
লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন গোলাম পরওয়ার। কর্মসূচির কারণে কোনো ধরনের সমস্যা হলে তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ১১ দলের কর্মসূচি হবে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ। কোনো অনিয়মতান্ত্রিক অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা বা ভাঙচুরের পরিকল্পনা তাদের নেই।
তবে কেউ ইচ্ছাকৃতভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইলে সেই চিন্তা থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, হতে দেব না। তাহলে অহেতুক কেন আপনি পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করে শান্ত দেশকে অশান্ত করে তুলবেন?’
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্যান্য নেতারা।
জামায়াতের দাবি পরিবর্তন ও এনসিপির জনসম্পৃক্ততা নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন
জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের ধারাবাহিকতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত ও এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।পোস্টে জামায়াত আমিরের আগের ও বর্তমান বক্তব্যের তুলনা...
২ ঘন্টা আগে
মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে।বডি: শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ সমাবেশ শুরু হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও
৯ ঘন্টা আগে
রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা: শিবির সভাপতি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁনের কাজই জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন...
২০ ঘন্টা আগে
‘শেখ হাসিনা কালই আসুন, আইনের মাধ্যমে রিসিভ করব’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন কেন, চাইলে কালই ফিরতে পারেন; তাকে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর...
২৩ ঘন্টা আগে
