সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডের দুই শ্রমিকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌঘাট এলাকায় সাগর উপকূল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ খণ্ডবিখণ্ড অবস্থায় পাওয়া গেছে। নিহত দুজনই স্থানীয় একটি জাহাজভাঙা কারখানার শ্রমিক। আজ সোমবার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত শ্রমিকেরা হলেন সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তাঁদের দুজনেরই বাড়ি গাইবান্ধা জেলায়। সাইফুল ইসলামের মরদেহ খণ্ডবিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনাটি নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। ফায়ার সার্ভিসের দাবি, ডাকাতদলের হামলায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে শিল্প পুলিশের ভাষ্য, নতুন জাহাজ বিচিং করার সময় দুর্ঘটনায় তাঁদের প্রাণহানি হয়েছে।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, নিহত দুজন কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানার শ্রমিক ছিলেন। কারখানা কর্তৃপক্ষের বরাতে তিনি বলেন, রাতে শ্রমিকেরা একটি নৌকা (লাল বোট) নিয়ে উপকূলীয় এলাকায় কারখানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এ সময় একটি ডাকাতদল মালামাল লুট করতে এলে শ্রমিকেরা তাদের বাধা দেন। তখন ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একজন শ্রমিকের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। অন্য শ্রমিকেরা নৌকা থেকে সাগরে লাফ দিলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
আল মামুন আরও জানান, মরদেহ উদ্ধারের পাশাপাশি আশরাফুল ইসলাম ও রুবেল হাসান নামের আরও দুই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তবে এই বক্তব্যের সঙ্গে একমত নন শিল্প পুলিশ, শ্রমিক সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নতুন একটি জাহাজ বিচিং করার সময় দুর্ঘটনার কারণে এই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, যে নৌকায় শ্রমিকেরা ছিলেন, জাহাজটির ধাক্কায় সেটি ছিন্নভিন্ন হয়ে যায়। এতে দুজনের প্রাণহানি ঘটে।
শিল্প পুলিশের পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেন, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, জাহাজ বিচিং করার সময় দুর্ঘটনাটি ঘটেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
ঘটনার পর শ্রমিকেরা যে নৌকায় ছিলেন, তার একটি অংশ কুমিরা জেটিতে ঝুলে থাকতে দেখা গেছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) চট্টগ্রাম সেন্টারের সমন্বয়কারী ফজলুল কবির বলেন, ঘন কুয়াশার মধ্যে বিচিং করার সময় জাহাজটি লাল বোটের ওপর উঠে যায়। এতে দুই শ্রমিকের মৃত্যু হয়। তাঁর অভিযোগ, হংকং কনভেনশন অনুযায়ী বিচিংয়ের আগে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি, যা কারখানা কর্তৃপক্ষের স্পষ্ট গাফিলতির প্রমাণ।
অন্যদিকে কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের কর্ণধার তসলিম উদ্দিন ডাকাতদলের হামলার দাবিই পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমার কারখানায় দেড় মাস ধরে কোনো জাহাজ ভাঙা হচ্ছে না। সম্প্রতি একটি জাহাজ এলেও ভাঙার অনুমতি পাওয়া যায়নি। তাই এটি জাহাজ–সংক্রান্ত কোনো দুর্ঘটনা নয়।’
বিলসের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডগুলোতে ৪৮টি দুর্ঘটনায় মোট ৫৮ জন শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার প্রায় ৬৩ শতাংশই ছিল মারাত্মক, যেখানে শ্রমিকদের হাত-পা কাটা, থেঁতলে যাওয়া, হাড় ভাঙা, আগুন ও বিস্ফোরণে দগ্ধ হওয়া এবং স্থায়ী অঙ্গহানির ঘটনা ঘটেছে।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার বড় অংশ ঘটেছে ভারী লোহার কাজ, কাটিং ও লোডিংয়ের সময়। বিশেষ করে বর্ষা মৌসুম ও কাজের চাপ বাড়লে দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যায়।
উল্লেখ্য, বাংলাদেশে জাহাজভাঙা শিল্পের কেন্দ্র একমাত্র সীতাকুণ্ড। ১৯৬৫ সালে একটি আটকে পড়া জাহাজ কাটার মাধ্যমে এই শিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশে সচল জাহাজভাঙা কারখানার সংখ্যা ৪১টি, যার মধ্যে ২৩টি গ্রিন ইয়ার্ড।
চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ
চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।কী বলা হয়েছে ডিবির বিজ্ঞপ্তিতেবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে। পরে অধিকতর
৬ দিন আগে
আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের
সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তী-কে গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং তাঁর আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রোববার এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ স্থাপনের উদ্যোগ এবং চৈতালী চক্রবর্তীর কিছু
৬ দিন আগে
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের সাদা পাথর, পর্যটন কেন্দ্র বন্ধ
টানা বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট এবং ভারতের মেঘালয়
৬ দিন আগে
গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।পুলিশ জানায়, পশ্চিম রামপুরার বাসিন্দা
৬ দিন আগে
