জাতীয়

স্বৈরাচারের আড়ালে গুপ্ত শক্তি অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


স্বৈরাচারের আড়ালে গুপ্ত শক্তি অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের

সংগৃহীত


স্বৈরাচারের সময়ে যারা গুপ্তবেশে লুকিয়ে ছিল, এখন তাদের ভেতরে স্বৈরাচারী শক্তি লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না-এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, স্বৈরাচারের সময় একটি রাজনৈতিক দল গুপ্তবেশ ধারণ করে স্বৈরাচারের ভেতরে লুকিয়ে ছিল। পরে তাদের নিজেদের লোকজনই বিষয়টি স্বীকার করেছেন। বর্তমানে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমানের প্রশ্ন, এই বিভ্রান্তির সুযোগ নিয়ে স্বৈরাচারী শক্তি আবারও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না।

শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে সভাটির আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভা পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অরাজকতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা

তারেক রহমান বলেন, বেশ কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। জনগণ বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের ধারা সমুন্নত রাখবে এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা অনুসরণ করবে।

তবে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে দেশের আইন অনুযায়ী তা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে বলেও সতর্ক করেন তিনি। সরকারের পাশাপাশি জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

গুপ্ত শক্তির প্রসঙ্গে তিনি বলেন, যারা গুপ্ত তারা যদি আবার সেই স্বৈরাচারী শক্তিকে সামনে নিয়ে আসার চেষ্টা করে, তাহলে বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করতে হবে। এ ধরনের রাজনৈতিক তৎপরতার বিষয়ে জনগণকে আরও সচেতন করার জন্য জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তারেক রহমানের দাবি, ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ সাল থেকে শুরু করে গত এক যুগ এবং বর্তমান সময়েও বিভিন্ন পক্ষ একে অন্যকে আড়াল ও আশ্রয় দিয়ে এসেছে। এসব রাজনৈতিক সম্পর্ক ও কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

জ্বালানি সংকটে মানুষের কাছে ক্ষমা

দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে দেশের মানুষ যে কষ্টে রয়েছে, সরকার তা অস্বীকার করছে না। এ জন্য দল ও সরকারের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চান।

তিনি বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে এবং দেশকে আমদানিনির্ভর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তারেক রহমান বলেন, এসব পরিস্থিতি বিবেচনায় নিয়েই জনগণ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। স্বাধীনতার পর বিভিন্ন সংকটকালীন সময়ে বিএনপি জনগণের পাশে থেকে দেশকে সংকট থেকে বের করে আনার চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ভঙ্গুর অর্থনীতি ও বিভিন্ন সমস্যা পেয়েছি

সরকার গঠনের পর একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পাওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

তার ভাষ্য, শুধু অর্থনীতি নয়, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন খাতেও নানা সমস্যা রয়েছে। এসবের মধ্যে বর্তমানে জ্বালানি সংকটকে অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা সাধারণ মানুষ এবং শিল্পকারখানার মালিকদের প্রতিও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং দীর্ঘমেয়াদে এমন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো সংকটের কারণে বাংলাদেশের মানুষ আবারও বড় ধরনের জ্বালানি সংকটে না পড়ে।

গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার

বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে দাবি করে তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি এমন একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ-সবাই স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন।

সরকারের সামনে থাকা সমস্যাগুলো অস্বীকার না করে সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। স্বৈরাচারী সরকার কিংবা পরবর্তী সময়ের রেখে যাওয়া বিভিন্ন সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে দলটি সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছিল।

নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, ইমাম-খতিব-মুয়াজ্জেমসহ ধর্মীয় ব্যক্তিদের সম্মানজনক ব্যবস্থা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

তার দাবি, নির্বাচনের সময় দেওয়া এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানি নীতি

বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অনেক দেশেই জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়েছে।

বাংলাদেশে সাধারণ মানুষের ওপর চাপ যতটা সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন জ্বালানির দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কিছুটা দাম বাড়াতে হয়েছে।

সাম্প্রতিক বাজেটে প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর না বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু পণ্যের ক্ষেত্রে কর কমানো হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য জনগণের ওপর অর্থনৈতিক চাপ কমানো।

২৫ কোটি গাছ লাগানোর আহ্বান

দেশ গঠনে বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির লাখ লাখ নেতাকর্মী যদি প্রতিবছর পাঁচটি করে গাছের চারা রোপণ করেন, তাহলে পরিবেশ রক্ষার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতাও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার এ কর্মসূচি পুনরায় চালু করেছে। আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় খাল খনন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে দেশ গঠনে সরাসরি ভূমিকা রাখা সম্ভব।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের আহ্বান

বাংলাদেশকে পরিচ্ছন্ন ও সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, আইনজীবী দল, মৎস্যজীবী দলসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে পারেন বলে মন্তব্য করেন তারেক রহমান।

দলকে বিব্রত করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, কেউ যেন দলের নাম ব্যবহার করে এমন কোনো কর্মকাণ্ড না করেন, যাতে বিএনপি বিব্রত হয় কিংবা সাধারণ মানুষ কষ্ট পান।

তিনি বলেন, সবাইকে এমপি বা মন্ত্রী হওয়া সম্ভব নয়। দলের অধিকাংশ নেতাকর্মী দীর্ঘ সময় কর্মী হিসেবেই দায়িত্ব পালন করেন। তবে দল ও দেশ গঠনে প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

শহীদ ও আহত নেতাকর্মীদের স্মরণ

বক্তব্যের শেষ পর্যায়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিভিন্ন সময়ে যারা আহত ও শহীদ হয়েছেন, তাদেরও স্মরণ করেন তিনি। শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।


দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তিনি।সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং...

৬ মিনিট আগে


‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’: শামারুহ মির্জা
‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’: শামারুহ মির্জা

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেছেন, রাষ্ট্রপতি হোন কিংবা না হোন-তার কাছে তিনি সবসময়ই ‘আব্বু’ ও ‘হিরো’।রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে...

৩৩ মিনিট আগে


রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন তিনি।রাষ্ট্রপতিকে বরণ করে নিতে ইতোমধ্যে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে।সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ

৩ ঘন্টা আগে


পার্বত্য শান্তিচুক্তি বাতিলের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ
পার্বত্য শান্তিচুক্তি বাতিলের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ

১৯৯৮ সালের ৯ জুন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ঐতিহাসিক লংমার্চের কর্মসূচি পালন করে। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছিল।লংমার্চের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে চারদলীয় জোটের কেন্দ্রীয়...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom