রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা চাইলেন বিজ্ঞানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর সদরদপ্তরে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ সহযোগিতা চান। ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ভিয়েনায় অবস্থান করছে।
বৈঠকে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্প্রসারণ, পারমাণবিক নিরাপত্তা জোরদার, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় ধরে আইএইএর কারিগরি সহযোগিতা কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য, কৃষি, খাদ্য, পানি ব্যবস্থাপনা, শিল্প ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সুফল পেয়ে আসছে। ২০২৬-২০৩২ মেয়াদের কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (সিপিএফ) স্বাক্ষরের ফলে আগামী বছরগুলোতে এ সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, ইউনিট-১-এ ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে অগ্রগতি অর্জন করেছে। কেন্দ্রটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে বাংলাদেশ ও আইএইএর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা ও দায়িত্বশীল ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া ক্যানসার চিকিৎসায় আইএইএর ‘রেইজ অব হোপ: ক্যান্সার কেয়ার অব অল’ উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ২০২৫ সালে এ উদ্যোগে যুক্ত হয়েছে। এর আওতায় দেশে একটি সমন্বিত ওয়ান-স্টপ ক্যানসার কেয়ার সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং টেকসই ক্যানসার চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে আইএইএর কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় আইএইএ-ডব্লিউএইচও-ইমপ্যাক্ট রিভিউ মিশনের প্রতিও বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।
বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, পারমাণবিক প্রযুক্তিকে শুধু প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ না রেখে স্বাস্থ্যসেবা, কৃষি ও খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীলতা এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগাতে হবে।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
দেশের আটটি জেলায় আগামী ৩৪ ঘণ্টায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য
৮ ঘন্টা আগে
ডাকসু সংগ্রহশালায় শাপলা চত্বরের ছবি, আলেমদের সাধুবাদ
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা থেকে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন-দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের আলোকচিত্র স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায়। শাপলা চত্বরের আন্দোলন ও তৎকালীন ঘটনাবলির ছবি সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কওমি অঙ্গনের কয়েকজন আলেম ও সংশ্লিষ্টরা।ডাকসুর সংগ্রহশালায় শাপলা চত্বরের ঘটনাবলি এবং...
৯ ঘন্টা আগে
কাদের সিদ্দিকীর সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। অভিনন্দনের জন্য তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।এ সময় রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে
১১ ঘন্টা আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: গণপূর্ত প্রতিমন্ত্রী
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও...
১১ ঘন্টা আগে
