রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।
গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক এবং দলীয় নেতাদের বিভিন্ন বক্তব্য বিশ্লেষণ করে মির্জা ফখরুলের নামই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। ফলে শেষ সিদ্ধান্তের জন্য দলের শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।
পদে পরিবর্তনের সম্ভাবনা
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত হলে তাকে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হতে পারে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দলের গুরুত্বপূর্ণ দুটি দায়িত্বে পরিবর্তন আসতে পারে—এমন আলোচনা ইতোমধ্যে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে মির্জা ফখরুলের স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে শেষ কর্মদিবস আজ অথবা আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কিছু দায়িত্ব পালনের সুযোগ তার থাকতে পারে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
আরও যাদের নাম আলোচনায়
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে গত কয়েক দিন ধরে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও আলোচনায় এসেছে।
এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নাম নিয়েও দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায়
দলের ভেতরে মির্জা ফখরুলের নাম গুরুত্ব পাওয়ার পেছনে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় রাজনীতিতেও তার দীর্ঘদিনের পরিচিতি রয়েছে। পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।
বিএনপির নেতাকর্মীদের মতে, দলের দীর্ঘ রাজনৈতিক সংকটের বিভিন্ন সময়ে মির্জা ফখরুল সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে দলের নানা প্রতিকূল পরিস্থিতিতে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। পরবর্তী সময়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নিজের মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি পদে নিজের সম্ভাব্য মনোনয়ন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি। গতকাল বিকেলে তিনি বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে এই মুহূর্তে তার কিছু বলার নেই। ১৩ আগস্টের পর দলীয় মনোনয়নের বিষয়টি সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এ নিয়ে লুকোচুরির কিছু নেই। দলের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
অন্যদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
১৩ আগস্ট মনোনয়ন জমা
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
তপশিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। এরপর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় সংসদের অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরাই ভোটার। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে ৩৪৯ জন সংসদ সদস্যের তালিকা প্রকাশ করেছে।
সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের এ পদ্ধতি চালু রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের বিধান থাকায় কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা গোপন থাকে না। ফলে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল অনেকটাই অনুমেয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এখন মূল অপেক্ষা বিএনপির আনুষ্ঠানিক ঘোষণার। বৃহস্পতিবার দলীয় প্রার্থীর নাম ঘোষণা হলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেই প্রশ্নেরও অনেকটাই অবসান হবে।
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
২ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
৭ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
৯ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ দিন আগে
