খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, ‘কোনো ছাড় নয়’

স্পোর্টস ডেস্ক

৩ মাস আগে


ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, ‘কোনো ছাড় নয়’

ছবি: সংগৃহীত


ফিফা বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বহুল প্রতীক্ষিত এই মহারণের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেফারিং, কৌশল এবং প্রতিপক্ষকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ফাইনালে দায়িত্বে থাকা স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচকে কোনোভাবেই নিয়ম প্রয়োগে শিথিলতা দেখানো উচিত হবে না।

তিনি বলেন, “রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা রয়েছে, তা কোনো অবস্থাতেই অতিক্রম করা যাবে না।”

তবে রেফারিদের প্রতি আস্থা রেখেই তিনি যোগ করেন, “রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একই সঙ্গে আমরা জানি, এমন ম্যাচে কীভাবে নিজেদের প্রস্তুত রাখতে হয়।”

বিশ্বকাপের এই ফাইনালে দে লা ফুয়েন্তের প্রতিপক্ষ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, যিনি একসময় তার কোচিং কোর্সের শিক্ষার্থী ছিলেন। পুরোনো সেই সম্পর্কের প্রসঙ্গ টেনে স্পেন কোচ বলেন, প্রতিপক্ষকে সম্মান করলেও নিজেদের খেলার ধরন থেকে একচুলও সরে আসবে না তার দল।

তিনি বলেন, “ওরা ওদের মতো ফুটবল খেলবে, কিন্তু আমাদের পুরো মনোযোগ থাকবে নিজেদের খেলায়। আমরা যদি আমাদের দর্শন ও খেলার মডেল থেকে বিচ্যুত হই, তাহলে সমস্যায় পড়তে হবে।”

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বিশ্বকাপের ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

তার ভাষায়, “আমি প্রতি বছর বিশ্বকাপের ফাইনালে উঠে হারার চুক্তিতেও সই করতে রাজি আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাইনালে পৌঁছানো এবং শিরোপার জন্য লড়াই করার সুযোগ তৈরি করা।”

আর্জেন্টিনাকে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেন, “ওরা দুর্দান্ত ফর্মে থাকা অসাধারণ একটি দল। তবে আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে জয়ের চেষ্টা করব।”

সাম্প্রতিক সময়ে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে যে সমালোচনা হয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে চাননি স্পেন কোচ। বরং স্কালোনি ও তার দলের প্রতি শ্রদ্ধাই প্রকাশ করেছেন তিনি।

দে লা ফুয়েন্তে বলেন, “যে দলটি টানা দুটি কোপা আমেরিকা জিতেছে এবং আবারও বিশ্বকাপের ফাইনালে খেলছে, তাদের প্রতি আমার গভীর সম্মান রয়েছে। আমার বন্ধু স্কালোনির দলকে আমি সর্বোচ্চ মর্যাদা দিই। ফাইনালে দুই দলই নিজেদের ফুটবলীয় দক্ষতা দিয়েই লড়বে।”

বিশ্বকাপের ফাইনালকে তিনি একটি ‘অসাধারণ ফুটবল প্রদর্শনী’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, দুই দলই শুরু থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ম্যাচ পরিচালনায় রেফারি প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালন করবেন, যাতে বিশ্বকাপের ফাইনালের মর্যাদা অক্ষুণ্ন থাকে।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom