রাজনীতি

নেত্রকোনায় এমপির ওপর হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


নেত্রকোনার পূর্বধলায় এমপি মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার রেশ কাটতে না কাটতেই সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের তিন নেতা।

রোববার (২৬ এপ্রিল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন-পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ এবং পূর্বধলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজু আহমেদকে তার পদ থেকে এবং সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্রীয় এ সিদ্ধান্তকে ঘিরে পূর্বধলার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের একাংশ এ ঘটনায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, একটি বিতর্কিত ঘটনার পরপরই এমন দ্রুত ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom