রাজনীতি

নারী আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, তালিকায় যারা

অনলাইন ডেস্ক

১৯ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোট। জোটের পক্ষ থেকে মোট ১৩ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে জামায়াতে ইসলামীর ৮ জন এবং জোটভুক্ত অন্যান্য দল ও প্ল্যাটফর্ম থেকে ৫ জন রয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি জানান, আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত ৮ জন হলেন-নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। এদের মধ্যে কেউ কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীল নেতা, কেউবা আইন, মানবাধিকার, শিক্ষা ও সংগঠনের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে সক্রিয়।

অন্যদিকে জোটভুক্ত দল ও সহযোগী প্ল্যাটফর্ম থেকে মনোনীত ৫ জন হলেন-মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম এবং রোকেয়া বেগম। এদের মধ্যে কেউ রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে আছেন, আবার কেউ আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত থেকে পরিচিতি পেয়েছেন।

জোট সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রার্থীদের বাছাইয়ে রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, আন্দোলনে ভূমিকা এবং সামাজিক গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোট ৭৭টি সাধারণ আসনে জয়লাভ করে। সংবিধান অনুযায়ী সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসন দলগুলোর অর্জিত আসনের অনুপাতে বণ্টন করা হয়। সে হিসেবে জোটটি ১৩টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৩৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন একটি আসন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন শুধু সংখ্যার বিষয় নয়, বরং সংসদে নারী প্রতিনিধিত্বের মান ও কার্যকারিতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ কারণে বিভিন্ন দল ও জোট তাদের প্রার্থী নির্বাচনে কৌশলগত দিক বিবেচনা করছে।

আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা হলে জোটের চূড়ান্ত অবস্থান স্পষ্ট হবে এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শুরু হবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom