অপরাধ

কুষ্টিয়ায় ছয় হত্যা হানিফের মৃত্যুদণ্ড তিন নেতার আমৃত্যু কারাদণ্ড

অনলাইন ডেক্স

১ ঘন্টা আগে


কুষ্টিয়ায় ছয় হত্যা  হানিফের মৃত্যুদণ্ড তিন নেতার আমৃত্যু কারাদণ্ড

দ্যা সিটি সিগন্যাল ডেক্স


জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দলটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে হানিফকে প্রসিকিউশনের প্রথম অভিযোগের ছয়টি কাউন্টে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইভাবে প্রথম অভিযোগের ছয়টি কাউন্টে দোষী সাব্যস্ত হওয়ায় সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় অভিযোগেও তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনাল সাজাপ্রাপ্ত চার নেতার স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। এসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

মামলার চার আসামিই পলাতক। তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা।

 

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় চার নেতার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। প্রথম অভিযোগে জুলাই গণ-অভ্যুত্থান দমনে হানিফের উসকানি, প্ররোচনা ও সহায়তার কথা বলা হয়। দ্বিতীয় অভিযোগে কুষ্টিয়ায় আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। তৃতীয় অভিযোগটি ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার ঘটনায় চার নেতার সংশ্লিষ্টতা নিয়ে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৫, ১৭ ও ৩০ জুলাই এবং ৩ আগস্ট আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন বৈঠক ও সভায় উপস্থিত ছিলেন হানিফ। এ ছাড়া ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় দেওয়া বক্তব্যে আন্দোলনকারীদের ‘জামায়াত’, ‘সন্ত্রাসী’ ও ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়ে আন্দোলন দমনে সহিংসতার উসকানি ও সহায়তা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রসিকিউশনের দাবি, তৎকালীন সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিকল্পনাকে সমর্থন করেছিলেন হানিফ। ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের শনাক্ত করা এবং হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে আন্দোলন দমনের পরিকল্পনা বাস্তবায়নেও তাঁর সমর্থন ছিল বলে অভিযোগে বলা হয়।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হানিফের নেতৃত্বে সদর উদ্দিন খান, আজগর আলী, আতাউর রহমান আতাসহ অন্য নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি প্রসিকিউশনের।

 

মামলার তৃতীয় অভিযোগটি ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনা নিয়ে। নিহত ব্যক্তিরা হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ওই দিন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নামেন। সকাল ১০টার দিকে শহরের হাসপাতাল মোড়ে জড়ো হয়ে চৌড়হাস থেকে মজমপুরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুর দেড়টা থেকে বিকেল চারটার মধ্যে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে গুলিতে ছয়জন নিহত হন। তাঁদের মধ্যে আশরাফুল ইসলাম বক চত্বরের কাছে, সুরুজ আলী বাবু বার্মিজ গলিতে, আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা হরিপুরগামী সড়কে আড়ংয়ের সামনে, বাবলু ফরাজী তুলাপট্টির গলিতে এবং ইউসুফ শেখ ফায়ার সার্ভিসের বিপরীত দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এসব হত্যাকাণ্ডে চার নেতার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করে প্রসিকিউশন। তাঁদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, উসকানি, প্ররোচনা, সহায়তা ও হত্যার নির্দেশ দেওয়ার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়।

 

গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করা হয়।

এর আগে ১০ জুন যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০২৫ সালের ৫ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরদিন ৬ অক্টোবর অভিযোগ আমলে নেওয়া হয়। একই বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-২-এ বিচার শুরুর আদেশ দেওয়া হয়।


তাহসিফের শেষ মেসেজ ছিল মা আসছি পরদিন মিলল মরদেহ
তাহসিফের শেষ মেসেজ ছিল মা আসছি পরদিন মিলল মরদেহ

রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মোবাইলে শেষ মেসেজ পাঠিয়েছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। মেসেজে লিখেছিলেন, ‘মমি (মা) আসছি’। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাননি পরিবারের সদস্যরা। পরদিন বুধবার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম এসব...

মাত্র এখন


বিএনপি নেতা হত্যা মামলা: সাবেক ওসি ও এসআই কারাগারে
বিএনপি নেতা হত্যা মামলা: সাবেক ওসি ও এসআই কারাগারে

মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় ঝিনাইদহ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা...

৪ ঘন্টা আগে


ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪
ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। রাজধানীর ভাটারার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত আড়াইতলা ভবনটিতে সোমবার রাতে শুরু হওয়া অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে।ডিবি সূত্রে জানা গেছে, ভাটারার...

৮ দিন আগে


রনজিলা হত্যা মামলায় আসামি রাকিবের জামিন মঞ্জুর
রনজিলা হত্যা মামলায় আসামি রাকিবের জামিন মঞ্জুর

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom