ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে খোলা বিভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আসছে বলে দাবি করেছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নাশকতার অর্থায়ন ও নির্দেশনার বিষয়ে এসব তথ্য পাওয়া গেছে। তাদের দাবি, ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা এসব নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত। মাঠপর্যায়ে ককটেল নিক্ষেপে মাদকাসক্ত ও ভাসমান মানুষদের পাশাপাশি তরুণদেরও ব্যবহার করা হচ্ছে বলে দাবি তদন্তকারীদের।
পুলিশের ভাষ্য, নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় ককটেল তৈরির গোপন স্থাপনার সন্ধান পাওয়া গেছে।
গত ১৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান উদ্দিন, রাসেল খান, আলা উদ্দিন ও আবদুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি। তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। একই ঘটনায় এক পথচারী আহত হন।
ডিবির জিজ্ঞাসাবাদে রায়হান দাবি করেছেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের নির্দেশে তারা যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর পর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে টাকা দেওয়া হতো বলেও তিনি দাবি করেছেন। তবে এসব বক্তব্য তদন্তে যাচাইসাপেক্ষ।
এ ছাড়া ১৯ সেপ্টেম্বর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রায়হান ও যুবলীগের কর্মী মোহাম্মদ সানমুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বোমাবাজির ঘটনায় সালমান ইসলাম সাকিব ওরফে আসিফকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে ডিবি।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির সতর্ক করে বলেছেন, কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতীয় নম্বর দিয়ে খোলা হলেই সেটির ব্যবহারকারী ভারতে অবস্থান করছেন—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। রোমিং বা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকেই ওই অ্যাকাউন্ট পরিচালনা করা সম্ভব।
এদিকে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে ঢাকার উত্তরা থেকে রবিউল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিবি। তার পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের তথ্যে গরমিল পাওয়ার দাবি করে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে বাস পোড়ানো ও বোমাবাজির সমন্বয়ের অভিযোগে কক্সবাজার থেকে ডেমরা থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. সবুজকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, গোয়েন্দা নজরদারি জোরদার থাকায় নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে। নাশকতার নেটওয়ার্ক শনাক্ত ও বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত রয়েছে।
‘ঢাকা থেকে ফিরে নতুন ঘর করে দেব’—স্বপ্ন পূরণের আগেই প্রাণ গেল মেহেদীর
মা, এবার ঢাকা থেকে ফিরে তোমার জন্য নতুন ঘর করে দেব’—মাকে এমন প্রতিশ্রুতি দিয়েই নির্মাণশ্রমিকের কাজে ঢাকায় এসেছিলেন ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিম। পরিবারের অভাব দূর করার পাশাপাশি জরাজীর্ণ ঘরটি সংস্কারের স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা অবস্থায় প্রাইভেটকারের চাপায় প্রাণ হারিয়েছেন...
১৭ ঘন্টা আগে
গাজী নজরুলের এমপি পদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগ, গ্রেপ্তার ও রিমান্ডের পরও তাঁর সংসদ সদস্যপদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে তাঁর কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যু এবং এর আগে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছে...
২ দিন আগে
খালেদা জিয়ার ছবি পোড়ানো: আ.লীগ নেতা হাজী জামাল কারাগারে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সহসভাপতি ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৮ সালে ফুলগাজীতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে...
২ দিন আগে
মরিয়মের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা, চান সঠিক বিচার
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে ১৯ বছর বয়সী মরিয়মের বিতর্কিত সম্পর্ক এবং শেষ পর্যন্ত এমপির বাসভবনে তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা এস এম মাসুম বিল্লাহ। মেয়েকে হারিয়ে কান্না থামছে না অসহায় এই বাবার।সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের সামনে দেখা যায় মাসুম বিল্লাহ...
৩ দিন আগে
