রাজনীতি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত মাঠে থাকব: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১ মাস আগে


জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত মাঠে থাকব: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন। জাতির প্রয়োজনে যতদিন সামর্থ্য থাকবে, ততদিন রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শহীদ শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন আহমেদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে ডা. শফিকুর রহমান দুই শহীদের কবর জিয়ারত করেন এবং তাদের বাবা-মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় তিনি শহীদদের জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

জনসমাবেশে তিনি বলেন, দীর্ঘদিনের জুলুম-নির্যাতনের পর দেশে আর কোনোভাবেই অন্যায় ও নিপীড়নের পথে ফিরে যাওয়া যাবে না। সরকার গঠনের পরও যদি সাধারণ মানুষ ক্ষমতাসীন দলের লোকজনের হাতে বঞ্চিত হয়, তাহলে পরিবর্তনের প্রকৃত অর্থ নিয়ে প্রশ্ন উঠবে।

জামায়াত আমির বলেন, জনগণের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। তাই জনগণের অধিকার থেকে কাউকে বঞ্চিত করার সুযোগ নেই। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষকে দীর্ঘদিন উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হলে তা জনগণের সঙ্গে অন্যায় হবে। ভোটের অধিকারে হস্তক্ষেপকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।

তিনি জানান, নির্বাচনের আগে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে বৃহত্তর উত্তরাঞ্চলকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলার কথা বলেছিল। সরকারে না থাকলেও সংসদের ভেতরে এ দাবি তুলে ধরা হবে বলে জানান তিনি।

দুই শহীদকে এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আর কোনো মায়ের বুক খালি হোক বা কোনো বাবাকে সন্তানের লাশ কাঁধে নিতে হোক-এমন বাংলাদেশ তারা চান না।

ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সমাজের কোনো ক্ষেত্রেই দখলদারিত্ব ও চাঁদাবাজির সুযোগ থাকা উচিত নয়। ২০২৪ সালের আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল অন্যায় ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা।

প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, প্রশাসন কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়; এটি পুরো জাতির প্রতিষ্ঠান। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিস্থিতি থেকে রক্ষা করতে হবে।

বিগত সময়ে নির্যাতন, হত্যা, গুম ও মিথ্যা মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব কোনো নির্দিষ্ট দলের একক সমস্যা নয়; এগুলো রাষ্ট্র ও সমাজের জন্য একটি রাজনৈতিক ব্যাধি। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রয়োজনে আবারও রাজপথে নামার কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, জাতির প্রয়োজনে একবার নয়, শতবারও মাঠে নামতে প্রস্তুত তারা। তাঁর প্রত্যাশা, এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে যেখানে শিশু, নারী, যুবক ও প্রবীণসহ সব শ্রেণির মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন এবং সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষের অধিকার নিশ্চিত হবে।

শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নিয়ন্ত্রণ, শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন ও কমিটি দখলের সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজিমুক্ত একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

গণভোটের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের রায় অগ্রাহ্য করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশের পথ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সরকার সঠিক পথে থাকলে বিরোধী দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে অতীতের স্বৈরাচারী শাসনের পথ অনুসরণ করা হলে তার পরিণতি ভালো হবে না।

বাংলাদেশের ওপর কোনো বিদেশি শক্তির আধিপত্য বা খবরদারি মেনে না নেওয়ার কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায়। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত জনগণের বিজয় হবে।

জনসমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম দুই শহীদ হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি অভিযোগ করেন, মামলায় ছয়জনকে আসামি করা হলেও এখনো দুজন গ্রেপ্তার হয়নি। চিহ্নিত আসামি পলাশকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াত আইনের শাসন ও আইনশৃঙ্খলায় বিশ্বাস করে। কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সবার বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে।

সমাবেশে বক্তারা বৈষম্য, অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ও গণভোটের রায় বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

৩ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১৪ ঘন্টা আগে


গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom