রাজনীতি

গণভোটের রায় অস্বীকার করে ৭০ শতাংশ মানুষকে অপমান করা হয়েছে: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


গণভোটের রায় অস্বীকার করে ৭০ শতাংশ মানুষকে অপমান করা হয়েছে: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


গণভোটের রায়কে অস্বীকার করে সরকার দেশের ৭০ শতাংশ মানুষকে অপমান ও প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবর রচনা করে সংসদের ভেতরেই সবকিছুর ফয়সালা করতে চেয়েছিলাম। রাজপথে আসতে চাইনি; কিন্তু সরকারই তাদের রাজপথে আসতে বাধ্য করেছে। জনগণের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং তা আদায় করেই ছাড়বেন বলে ঘোষণা দেন তিনি।

শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। সমাবেশকে কেন্দ্র করে লালদীঘি ময়দান ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম হয়।

এর আগে সকালে রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছেন এবং অধিকার আদায় করেই ঘরে ফিরবেন।

ছয় দফা না মানলে বৃহত্তর আন্দোলন

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে সরকারকে কঠোর বার্তা দিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

জোটের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে আরও তিন বিভাগে লংমার্চ করা হবে। এরপর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করা হবে।

লালদীঘির সমাবেশে শফিকুর রহমান বলেন, ১১ দলের ছয় দফা কোনো ব্যক্তিগত দাবি নয়; এগুলো দেশের জনগণের দাবি। বিরোধী দলকে কোনো ধরনের লোভ বা টোপ দিয়ে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারি দলের লোকজন চুরি, দুর্নীতি ও সন্ত্রাসে জড়িয়ে পড়েছে। তাদের অনেকে গ্রেপ্তার হওয়ার পর নিজেদের আওয়ামী লীগের লোক হিসেবে পরিচয় দিচ্ছে। তারা বিভিন্ন জায়গায় গুপ্ত অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামের মেয়র প্রসঙ্গে তিনি বলেন, মেয়র মেয়াদোত্তীর্ণ। নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসক বসিয়ে দেশ পরিচালনা করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, আজকের লংমার্চ সরকারকে সতর্ক করার জন্য। পরবর্তী কর্মসূচিগুলো এ ধরনের নাও হতে পারে। খুব শিগগিরই বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। সেই লড়াইয়ে ফ্যাসিবাদ, অপরাধী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও আধিপত্যবাদীরা পরাজিত হবে।

‘জনগণ কোনো শিশুকে ভোট দেয়নি’

বিগত আন্দোলনে শহীদ ও গুম হওয়া ব্যক্তিদের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে গুম হয়েছেন এবং আয়নাঘরে বন্দি ছিলেন। এমন পরিস্থিতির পর ছয় মাস ক্ষমতায় থেকে নিজেদের ‘শিশু সরকার’ দাবি করা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, জনগণ কোনো শিশুকে ভোট দেয়নি। তারা প্রাপ্তবয়স্ক বিবেচনা করেই তাদের ওয়াদা শুনে ভোট দিয়েছে।

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, সরকার একের পর এক ভুল করবে আর বিরোধী দল বসে বসে তা দেখবে—এটা হতে দেওয়া হবে না। প্রয়োজনে আন্দোলন আরও কঠোর করা হবে।

সংসদ অকার্যকর হওয়ায় রাজপথে: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দায়ী। সংসদ কার্যকর করা হলে তারা সংসদের ভেতরেই থাকতেন। কিন্তু সংসদ অকার্যকর করে রাখার কারণে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়েছে। দেশের মানুষ তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটে রয়েছে। সরকারের উচিত সময় থাকতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে দায়িত্বশীলভাবে দেশ পরিচালনার উদ্যোগ নেওয়া এবং জনগণের দুর্ভোগ কমানো।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দুঃশাসন থামাতে মানুষ ১৬ বছর অপেক্ষা করেছে; কিন্তু বর্তমান সরকারের জন্য জনগণ পাঁচ বছর অপেক্ষা করবে না।

‘বিএনপি সরকারের পরিবর্তন চায়’: অলি আহমদ

সমাবেশে সভাপতির বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, দেশের মানুষ বিএনপি সরকারের পরিবর্তন চায়। তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সর্বত্র দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের পক্ষে ভোট চেয়েছিল। এখন তাদের অবস্থান পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংবিধান সংস্কারের আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেবে।

প্রায় ২৫০ কিলোমিটার লংমার্চ

শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চের যাত্রা শুরু হয়। প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

যাত্রাপথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার নিমসার, পদুয়া বাজার ও চৌদ্দগ্রাম, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভা অনেক ক্ষেত্রে জনসমাবেশে রূপ নেয়।

জোটের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জাতীয় ও দলীয় পতাকা হাতে লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানান। যাত্রীদের জন্য বিভিন্ন স্থানে খাবার ও পানির ব্যবস্থাও করা হয়।

লংমার্চে প্রায় দেড় হাজার গাড়ি অংশ নেয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হলেও পথে কয়েকটি গাড়ি ছোটখাটো দুর্ঘটনার মুখে পড়ে বলে জানা গেছে।

সামনে আরও তিন লংমার্চ

এর আগে গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলের অবস্থান কর্মসূচি থেকে ছয় দফা দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশসহ চার বিভাগে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট মহানগর অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। সবশেষে ডিসেম্বর বা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি রয়েছে।

জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং গণভোটের রায় বাস্তবায়ন।

এদিকে শাপলা চত্বরের উদ্বোধনী সমাবেশে শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে সমান্তরালভাবে আন্দোলন চলবে। তিনি চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান।

১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ জনগণের দাবিগুলো মেনে না নেওয়া হলে আগামী দিনের আন্দোলন আরও জোরদার করা হবে।


দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ

দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান...

১ ঘন্টা আগে


বিরোধীরা সংসদে একরকম, বাইরে আরেক রূপে: এ্যানি চৌধুরী
বিরোধীরা সংসদে একরকম, বাইরে আরেক রূপে: এ্যানি চৌধুরী

বিরোধী দল সংসদে সুন্দর সুন্দর কথা বললেও বাইরে গিয়ে ১৯৭১ সালের সময়ের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিরোধীদের লংমার্চ কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধীরা বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের হুমকি...

১৭ ঘন্টা আগে


ঢাকা-চট্টগ্রাম জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন
ঢাকা-চট্টগ্রাম জনতার জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনতার যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ার থামানোর ক্ষমতা কারও নেই। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম...

১৭ ঘন্টা আগে


বিএনপি সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: শফিকুর রহমান
বিএনপি সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: শফিকুর রহমান

বিএনপি সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার বিকেলে ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপিও...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom