জাতীয়

গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

ছবি: সংগৃহীত


পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা থেকে দেশের সব পুলিশ ইউনিটে বিশেষ চিঠি পাঠানো হয়েছে। গুগল ফরমের মাধ্যমে পরিদর্শকদের ব্যক্তিগত ও প্রশাসনিক তথ্য, বর্তমান ও অতীত কর্মস্থল, দায়িত্ব পালনের বিবরণ এবং চাকরিজীবনে কোনো দণ্ড পেয়ে থাকলে তার তথ্যসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির চিঠিতে স্বাক্ষর করেছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশে পরিদর্শকের অনুমোদিত পদ ৬ হাজার ৯৫৭টি। এর মধ্যে বর্তমানে কর্মরত ৬ হাজার ৫৩৯ জন। কর্মরতদের মধ্যে ইন্সপেক্টর (নিরস্ত্র) ৪ হাজার ৭১৯ জন, যার মধ্যে ১২৮ জন নারী। ইন্সপেক্টর (টিটি) ৯৮৪ জন এবং ইন্সপেক্টর (সশস্ত্র) ৮৩৬ জন।

পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, সম্প্রতি বিভিন্ন থানায় কয়েকজন ওসির বিতর্কিত কর্মকাণ্ডে পুলিশের হাইকমান্ড বিব্রত হয়েছে। পরিদর্শকদের মধ্য থেকেই থানার ওসি, পরিদর্শক তদন্ত ও পরিদর্শক অপারেশন পদে দায়িত্ব দেওয়া হয়। মাঠপর্যায়ে অভিযান, তদন্ত, তদন্ত তদারকি, উদ্ধার, দাঙ্গা দমন ও অপরাধ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজে পরিদর্শকদের নেতৃত্ব দিতে হয়। ফলে কোনো কর্মকর্তার অনৈতিক বা বিতর্কিত কর্মকাণ্ডের প্রভাব পুরো বাহিনীর ভাবমূর্তিতে পড়তে পারে।

সূত্র জানায়, মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভাতেও বিভিন্ন থানার ওসিদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেন। সভায় দক্ষ ও বিতর্কমুক্ত পরিদর্শকদের ওসি হিসেবে পদায়নের প্রস্তাব দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে সাবেক সরকারের ঘনিষ্ঠদের প্রতি আস্থাসহ বিভিন্ন বিষয়ে তার মন্তব্য শোনা যায়। পরে তাকে প্রত্যাহার করা হয় এবং রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।

মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকেও প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে হামলায় অভিযুক্তদের সঙ্গে যোগসাজশ, অনৈতিক সুবিধা গ্রহণ ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ ওঠে।

এ ছাড়া গোয়েন্দা তথ্য থাকার পরও গুলশান থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে ব্যর্থতা এবং মিছিলকারীদের প্রতি নমনীয়তার অভিযোগে ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়। গত ১৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকারকেও প্রত্যাহার করা হয়।

গত ২২ আগস্ট তেজগাঁও থানার ওসি ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে প্রত্যাহার করা হয়। এর আগে ফরিদপুরের মধুখালীতে ডিবি হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়। গত মার্চে মগবাজারের নবীন ফ্যাশনে হামলার ঘটনায় হাতিরঝিল থানা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে ওসি গোলাম মর্তুজাকেও প্রত্যাহার করা হয়েছিল।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, এসব ঘটনায় ওসি পদায়ন নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। গোপন তদন্ত ও তথ্য সংগ্রহের মাধ্যমে সৎ, দক্ষ, বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন পরিদর্শকদের চিহ্নিত করে তাদের ওসি হিসেবে পদায়ন করতে চায় হাইকমান্ড।

সব পরিদর্শকের তথ্য সংগ্রহ ও গোপন তদন্তের বিষয়ে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) আওলাদ হোসেন বলেন, ‘এটা অফিসিয়াল গোপনীয় বিষয়। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’

ফিটলিস্ট নীতিমালা উপেক্ষার অভিযোগ

পুলিশের পরিদর্শকদের ওসি পদে পদায়নের ক্ষেত্রে ফিটলিস্ট নীতিমালা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এ নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ রয়েছে। ওসি পদায়নে তদবির ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, থানায় ওসি পদায়নের জন্য পরিদর্শকদের মধ্য থেকে ফিটলিস্ট তৈরিতে অতিরিক্ত আইজিপি (এইচআরএম)-কে প্রধান করে সাত সদস্যের একটি সিলেকশন কমিটি রয়েছে। কমিটিতে পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন, ডিআইজি এইচআরএম, অতিরিক্ত ডিআইজি অপারেশন, এআইজি আরএনসিপি-২, এআইজি পিআইও এবং এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২ সদস্য হিসেবে রয়েছেন।

পুলিশ পলিসি ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী, উপযুক্ত কর্মকর্তাদের বাছাই করে পরিদর্শকদের ফিটলিস্ট তৈরির বিধান রয়েছে। পরে পুলিশ সদর দপ্তর ওসি পদায়নের ক্ষেত্রে ২২ দফা নীতিমালা জারি করে। এ নীতিমালা অনুযায়ী সিলেকশন কমিটি নিরস্ত্র পরিদর্শকদের যাচাই-বাছাই করে ফিটলিস্ট তৈরি করবে।

নীতিমালায় বলা হয়েছে, আর্থিক অনিয়ম বা নৈতিক স্খলনের কারণে কোনো পরিদর্শক পুরো চাকরিজীবনে একটি গুরুদণ্ড পেলেও তিনি ওসি পদে পদায়নের অযোগ্য হবেন। কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে একই থানায় দ্বিতীয়বার তাকে ওসি করা যাবে না।

ফিটলিস্টে অন্তর্ভুক্ত হতে নিরস্ত্র পরিদর্শক পদে কমপক্ষে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নিজের ও স্ত্রী বা স্বামীর জেলা ছাড়া অন্য জেলায় ওসি হিসেবে পদায়ন করা যাবে। ৫৪ বছরের বেশি বয়সী কোনো পরিদর্শককে ওসি করা যাবে না। এইচএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়ার কথাও রয়েছে।

এ ছাড়া চাকরিজীবনে দুই বা ততোধিক দণ্ড এবং মোট তিন বা ততোধিক গুরুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তা ওসি হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন। ওসি পদায়নের আগের এক বছরের মধ্যে লঘুদণ্ড বা দুই বছরের মধ্যে গুরুদণ্ড পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকেও থানায় পদায়ন করা যাবে না।

একই থানায় একাধিক ফিটলিস্টভুক্ত কর্মকর্তা থাকলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জ্যেষ্ঠতম কর্মকর্তাকে ওসি হিসেবে পদায়নের কথা বলা হয়েছে। পরিদর্শক তদন্ত বা অপারেশন হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে ধারাবাহিকভাবে একই থানার ওসি করা যাবে না। তবে অন্য থানা বা ইউনিটে অন্তত ছয় মাস দায়িত্ব পালনের পর তাকে ওসি করা যাবে।

নীতিমালা অনুযায়ী, ওসি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর অন্যত্র বদলি করা যাবে এবং একই থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। কোনো কর্মকর্তা সর্বোচ্চ চারটি থানায় বা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালন করলে—যেটি আগে ঘটে—পরবর্তীতে তাকে আর ওসি পদে বিবেচনা করা হবে না।

ফিটলিস্টে অন্তর্ভুক্ত হওয়ার পর ওসি পদে পদায়নের আগে পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (পিএসএমসি) সম্পন্ন করার বিধানও রয়েছে। প্রশিক্ষণের ফলাফল, শারীরিক সক্ষমতা ও কর্মদক্ষতাও মূল্যায়নের আওতায় থাকবে। একই সঙ্গে বিগত পাঁচ বছরের এসিআরে গড়ে কমপক্ষে ৮০ নম্বর থাকতে হবে। বিগত তিন বছরের এসিআরে বিরূপ মন্তব্য থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা ওসি পদে অযোগ্য বিবেচিত হবেন।

দরকার সঠিক পুলিশ ব্যবস্থাপনা

পরিদর্শকদের তথ্য সংগ্রহ বা গোপন তদন্ত কতটা কার্যকর হবে—এ বিষয়ে সাবেক আইজিপি বাহারুল আলম বলেন, শুধু গোপন তদন্ত বা তথ্য সংগ্রহের মাধ্যমে পুলিশের আমূল পরিবর্তন সম্ভব নয়। তার মতে, পুলিশের সঠিক ব্যবস্থাপনাই মূল বিষয়।

তিনি বলেন, ওসি পদায়নের জন্য ফিটলিস্ট কমিটি ও নীতিমালা করা হলেও তা কার্যকর করা যায়নি। অন্তর্বর্তী সরকারের সময় ফিটলিস্ট নীতিমালা অনুসরণ না করে লটারির মাধ্যমে ওসি পদায়ন শুরু হওয়ায় অদক্ষ পরিদর্শকরাও এ পদে দায়িত্ব পাওয়ার সুযোগ পেয়েছেন।

বাহারুল আলমের ভাষ্য, ফিটলিস্ট নীতিমালা অনুসরণ করলে কিছুটা ভালো ফল পাওয়া সম্ভব। কিন্তু তা বাদ দিয়ে গোপন তদন্ত, তদবির বা অন্য কোনো পদ্ধতিতে ওসি পদায়ন করা হলে বিতর্ক থেকেই যাবে। কোনো ওসি বিতর্কিত হলে তাকে প্রত্যাহার করা সম্ভব হলেও এতে পুলিশের ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন আসবে না।

সাবেক আইজিপি নূরুল হুদাও পরিদর্শকদের বিষয়ে তথ্য সংগ্রহের পরিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ছয় হাজারের বেশি পরিদর্শকের সবার বিষয়ে গোপন তদন্ত না করে সীমিত বা নির্দিষ্টসংখ্যক কর্মকর্তার বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে ফিটলিস্ট তৈরি করা এবং সেই তালিকা অনুযায়ী ওসি পদায়ন করলে কার্যকর ফল পাওয়া যেতে পারে।


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

১২ মিনিট আগে


ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না

পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...

১ ঘন্টা আগে


বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...

১২ ঘন্টা আগে


‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom