বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি শফিকুর রহমানের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সাফল্য অর্জনকারী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিশ্বমঞ্চে যারা বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করছেন, তাদের সম্মানিত করা হলে দেশও সম্মানিত হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সাফল্য অর্জন করে কেউ দেশে ফিরলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। কিন্তু কোরআনের হাফেজরা বারবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সুনাম বয়ে আনলেও রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মানিত করার তেমন উদ্যোগ দেখা যায়নি।
তিনি বলেন, সংসদে বিরোধীদলীয় সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এ বিষয়ে কথা বলেছেন এবং সরকারিভাবে বিশ্বজয়ী হাফেজদের সম্মানিত করার দাবি জানিয়েছেন। আমিও সেই দাবি পুনর্ব্যক্ত করছি। আশা করি, সরকার এ বিষয়ে উদ্যোগ নেবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, শুধু সংবর্ধনা দেওয়াই যথেষ্ট নয়; তাদের সম্মানিত করার আরও যেসব সুযোগ রয়েছে, সেগুলোও কাজে লাগানো উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভবিষ্যতে এ পর্যন্ত বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিজয় অর্জনকারী হাফেজদের নিয়ে বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
মক্কায় বাংলাদেশের চার প্রতিযোগীর সাফল্য
সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, এ বছর মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া চারজন প্রতিযোগীর সবাই বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে একজন প্রথম এবং তিনজন বিভিন্ন গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন।
তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশি হাফেজদের এ অর্জন দেশের জন্য অত্যন্ত গৌরবের। মক্কার বায়তুল হারামে বিজয়ীদের নাম ঘোষণার সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা প্রদর্শিত হয়েছে-যা বাংলাদেশের জন্য বিশেষ গৌরবের বিষয়।
জামায়াত আমির বলেন, নৈতিক শিক্ষার বিকাশে ধর্মীয় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভালো ও নৈতিক নাগরিক গঠনে ধর্মীয় শিক্ষার প্রসার প্রয়োজন। কওমি শিক্ষাব্যবস্থা ও হিফজুল কোরআনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি সরকারের যথাযথ সহযোগিতা থাকা উচিত। এটি কোনো অনুগ্রহ নয়, বরং তাদের ন্যায্য অধিকার।
মাদ্রাসা শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, বর্তমানে অনেক শিক্ষার্থী মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়েও শিক্ষা গ্রহণ করছে। এ ধরনের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও উৎসাহিত করা প্রয়োজন।
হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে তুলে ধরার আহ্বান
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগীদের সহযোগিতাকারী বিদেশি শিক্ষকদের সুযোগ পেলে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার প্রত্যয় ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হাফেজদের এই অর্জন যেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং এটিকে জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠিত করতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, সবাই মিলে বাংলাদেশকে একটি গর্বের দেশ হিসেবে গড়ে তুলতে চান। সেই বাংলাদেশ হবে মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের দৃষ্টান্ত।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মেইন ক্যাম্পাসের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানি।
এদিকে শনিবারের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি নিয়ে সমালোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, তাদের কর্মসূচি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। ২০২৪ সালের আগস্টের পর যে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজের প্রত্যাশা করা হয়েছিল, তা এখনো প্রতিষ্ঠিত হয়নি বলেই জনগণের পক্ষ থেকে নৈতিক দায়িত্ব হিসেবে তারা এ কর্মসূচি পালন করছেন বলে দাবি করেন তিনি।
বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, মক্কায় সৌদি আরবসহ বিভিন্ন পক্ষের কাছ থেকে তারা সম্মান পেয়েছেন। তবে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোনো সংবর্ধনা পাননি। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাকারিয়ার শিক্ষক মুফতি আব্দুল কাইয়ুম বলেন, তারা রাষ্ট্রীয় কোনো সহযোগিতা চাননি এবং পানওনি। তবে ভবিষ্যতে যারা বিশ্বজয় করবে, তাদের যেন রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হয়-এটাই তাদের প্রত্যাশা।
মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না: শফিকুর রহমান
মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে-এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জামায়াত আমির বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঁজা এগুলো
২৩ মিনিট আগে
তদবির নয়, মেধার ভিত্তিতেই চাকরি: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, বর্তমান সরকার মেধাভিত্তিক প্রশাসন গঠনের লক্ষ্যে কাজ করছে। এখন আর তদবির করে চাকরি পাওয়ার সুযোগ নেই। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চাকরি হবে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি...
৩ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ইউনিয়ন-ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল সমর্থিত প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।সারজিস আলম বলেন, স্থানীয়
৪ ঘন্টা আগে
বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন
বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।আখতার হোসেন অভিযোগ করেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ করা হচ্ছে। ক্ষমতায় আসার পর জ্বালানি ও বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে
৫ ঘন্টা আগে
