বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যারিস্টার আরমান এমপির চার দাবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম।
একই সঙ্গে বেনজীর আহমেদের বিদেশে চলে যাওয়ার ঘটনা এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক ব্যর্থতা, আইনি বা পদ্ধতিগত ত্রুটি ছিল কি না-তা তদন্ত করে সংসদকে জানানোর দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে এসব দাবি উত্থাপন করেন মীর আহমদ বিন কাসেম।
‘দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় গুরুতর ব্যর্থতা’
প্রস্তাব উত্থাপনের আগে দেওয়া বক্তব্যে মীর আহমদ বলেন, গুমের ভুক্তভোগী পরিবার, শহীদ পরিবার এবং দীর্ঘদিনের নির্যাতনের শিকার ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে সংসদে কথা বলার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ।
বেনজীর আহমেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেনজীর র্যাবের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদকে শক্তিশালী করার ক্ষেত্রে যারা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে কাজ করেছেন, বেনজীর তাদের অন্যতম-এমন অভিযোগ করেন তিনি।
তবে প্রস্তাব উত্থাপনের আগে স্পিকার তাঁকে বক্তব্য না দিয়ে শুধু নোটিশটি পড়ার নির্দেশ দেন। পরে মীর আহমদ তাঁর প্রস্তাবের মূল বিষয়গুলো সংসদে তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রসঙ্গ
প্রস্তাবে বলা হয়, মানবতাবিরোধী অপরাধ, গুম, অর্থপাচার ও দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর গত ১৪ জুন কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মীর আহমদের দাবি, ওই প্রতিশ্রুতির পরও বেনজীর জামিনে মুক্তি পেয়ে পরবর্তী সময়ে সেন্ট লুসিয়ায় যাওয়ার ঘটনা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় গুরুতর ব্যর্থতার পরিচয় দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দাবি
এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানান মীর আহমদ বিন কাসেম। দাবিগুলো হলো-
১. নির্ধারিত ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন অনুরোধ পাঠানোসহ বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত নেওয়া সব পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে দাখিল করতে হবে।
২. পাঠানো নথিপত্রে কোনো আইনি বা পদ্ধতিগত ত্রুটি ছিল কি না এবং ত্রুটি থেকে থাকলে এর জন্য কে বা কারা দায়ী, তা চিহ্নিত করে সংসদকে জানাতে হবে।
৩. সরকারি চাকরিতে থাকা অবস্থায় বেনজীর আহমেদ কীভাবে একাধিক দেশের পাসপোর্ট অর্জন করেছেন, সে বিষয়ে কোনো তদন্ত চলছে কি না এবং তদন্ত চললে এর অগ্রগতি সংসদকে অবহিত করতে হবে।
৪. বেনজীর আহমেদকে সেন্ট লুসিয়া থেকে দেশে ফিরিয়ে আনা এবং দেশে ও বিদেশে থাকা তাঁর অবৈধ সম্পদ জব্দের কোনো পরিকল্পনা আছে কি না, থাকলে তা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংসদকে অবিলম্বে বিস্তারিত জানাতে হবে।
দুবাই থেকে সেন্ট লুসিয়া যাওয়ার প্রসঙ্গ
মীর আহমদ বলেন, জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদকে জামিন দেন। ৩০ জুলাই তিনি মুক্তি পান এবং ১৭ আগস্ট দুবাই ছেড়ে সেন্ট লুসিয়ায় যান।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনজীর আহমেদের বিরুদ্ধে ১০টি তদন্ত মামলা এবং তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
‘বিষয়টি জনগুরুত্বপূর্ণ’
জুলাই বিপ্লবের শহীদ পরিবার, গুমের শিকার পরিবার এবং ন্যায়বিচার প্রত্যাশী জনগণের স্বার্থে বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে সংসদে এ বিষয়ে আলোচনার আবেদন জানান ঢাকা-১৪ আসনের এই সংসদ সদস্য।
তিনি বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলাগুলোর বিষয়ে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাডে গুরুতর বা ‘ক্রিটিক্যাল’ ত্রুটি শনাক্ত হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ত্রুটি নিরূপণ, ঝুঁকি মূল্যায়ন ও মেরামতের কৌশল নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার।ফাটলযুক্ত পিলারগুলোর ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)...
১৯ ঘন্টা আগে
৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
জ্বালানি সংকট মোকাবিলা ও ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য বাড়ির ছাদ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গাসহ সম্ভাব্য সব স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।জাতীয় গ্রিডে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০...
২২ ঘন্টা আগে
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর মেগাপ্রকল্প, অর্থায়নের অপেক্ষা
ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে দ্রুতগতির ও পরিবেশবান্ধব ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার অপেক্ষা।অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্পটির বিস্তারিত কর্মপরিকল্পনা ও চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করে...
২২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও চিন্তাধারার প্রশংসা এমপি হানজালার
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের জন্য কাজ, মন-মানসিকতা, চিন্তাধারা ও নেতৃত্বের প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর দেশের প্রতি ভালোবাসা, চেষ্টা ও মেহনত দেখে তারাও অনুপ্রাণিত হচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান...
২৩ ঘন্টা আগে
