বাবা-মায়ের সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠানো আত্মাকে ভেঙে দেয়: রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পিতা-মাতার অবহেলা ও নির্যাতন বন্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে বাবা-মায়ের সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়ে তাদের বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার মতো ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি এসব কথা বলেন। এ সময় পিতা-মাতার অধিকার সুরক্ষায় আইনে চার দফা সুনির্দিষ্ট প্রস্তাবও তুলে ধরেন তিনি।
‘বাবা-মাকে উফ শব্দটিও বলা যাবে না’
পবিত্র কোরআনের সুরা বনি ইসরাঈলের আয়াত উদ্ধৃত করে রুমিন ফারহানা বলেন, ‘তোমরা আমার ইবাদত করো এবং তোমার পিতা-মাতার খেদমত করো। যদি তাদের একজন কিংবা উভয়ই তোমার বেঁচে থাকা অবস্থায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদেরকে উফ শব্দটিও বলো না।’
তিনি বলেন, পিতা-মাতার প্রতি সম্মান ও দায়িত্ব পালনের বিষয়টি ধর্মীয় ও নৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বাস্তবে অনেক ক্ষেত্রে সন্তানদের হাতে বাবা-মা অবহেলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।
‘সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে’
সংসদে দেশের বর্তমান সামাজিক বাস্তবতা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, সন্তানরা বড় বড় দালানকোঠার মালিক হয়ে বাবা-মায়ের সম্পত্তি দখলে নিচ্ছে। অনেক ক্ষেত্রে চাপ প্রয়োগ করে বাবা-মায়ের কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাবা-মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পর তাদেরই ওই বহুতল ভবনের কোনো এক কোণে কিংবা বৃদ্ধাশ্রমে ঠাঁই হচ্ছে। সন্তান কর্তৃক বাবা-মায়ের এমন অবহেলার চিত্র অত্যন্ত বেদনাদায়ক এবং এটি সমাজের জন্যও গভীর উদ্বেগের বিষয়।
ভরণপোষণে অবহেলা করলে দানপত্র বাতিলের সুযোগ
পিতা-মাতার অধিকার সুরক্ষায় আইন আরও কার্যকর করার জন্য সংসদে চার দফা প্রস্তাব দেন এই সংসদ সদস্য।
প্রথম প্রস্তাবে তিনি বলেন, সন্তান পিতা-মাতার ভরণপোষণে অবহেলা বা তাদের নির্যাতন করলে দানপত্র বাতিলের একতরফা অধিকার দাতাকে দিতে হবে।
২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বিষয়ে প্রয়োজনীয় বিধান যুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, সন্তান অবহেলা বা নির্যাতন করলে দাতা যেন এককভাবে রেজিস্ট্রি করা দলিল বাতিলের জন্য পারিবারিক আদালতে আবেদন করতে পারেন।
সম্পত্তি বন্ধক রেখে বাবা-মাকে দায়ী করা বন্ধের দাবি
দ্বিতীয় প্রস্তাবে রুমিন ফারহানা বলেন, সন্তান যেন বাবা-মায়ের সম্পত্তি তৃতীয় পক্ষের কাছে বন্ধক রেখে তাদের কোনো ধরনের দায়ের মধ্যে ফেলতে না পারে, সে বিষয়ে আইনে কঠোর বিধান থাকতে হবে।
একই সঙ্গে বাবা-মাকে তাদের নিজ বাড়ি থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঠেকাতেও কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
দাতার সম্মতি ছাড়া সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধের প্রস্তাব
তৃতীয় প্রস্তাবে দাতার জীবদ্দশায় তার লিখিত সম্মতি ছাড়া দান করা সম্পত্তি কোনো ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ কিংবা অন্য কারও কাছে হস্তান্তর নিষিদ্ধ করার দাবি জানান রুমিন ফারহানা।
তার মতে, এ ধরনের বিধান থাকলে বাবা-মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার পর সেটি ব্যবহার করে তাদের ওপর আর্থিক বা সামাজিক চাপ সৃষ্টি করার সুযোগ কমবে।
৬০ থেকে ৯০ কার্যদিবসে নিষ্পত্তির দাবি
চতুর্থ প্রস্তাবে তিনি পিতা-মাতার জরুরি চিকিৎসা ও আর্থিক প্রয়োজনের বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংক্ষিপ্ত ও দ্রুত বিচার পদ্ধতি বা সামারি ট্রায়াল চালুর আহ্বান জানান।
তিনি বলেন, জেলা জজ আদালতে মামলার দীর্ঘসূত্রতা এড়িয়ে পারিবারিক আদালতের মাধ্যমে এ ধরনের আবেদন ৬০ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করা প্রয়োজন। এতে অসহায় ও বয়স্ক বাবা-মা দ্রুত আইনি প্রতিকার পাবেন।
আইনমন্ত্রীর বিবেচনার আশা
রুমিন ফারহানা বলেন, পিতা-মাতার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন থাকলেই হবে না, এর কার্যকর প্রয়োগও নিশ্চিত করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সংসদে উত্থাপিত প্রস্তাবগুলো আইনমন্ত্রী গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং পিতা-মাতার ভরণপোষণ ও সম্পত্তির অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় আইনগত উদ্যোগ নেওয়া হবে।
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম: শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ একই সঙ্গে...
২ ঘন্টা আগে
ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ১১ দলের
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট। শনিবার রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হওয়া লংমার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।সমাপনী সমাবেশে জোটের নেতারা অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ওয়াদা ভঙ্গ করছে। তাদের দাবি,...
৪ ঘন্টা আগে
‘দুর্বল আইনের অংশীদার হবো না’, মানবাধিকার কমিশন বিলের বিরোধিতায় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন করে অপেক্ষাকৃত দুর্বল আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে-এমন অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।রোববার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল উত্থাপনের সময় এর বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দুর্বল আইন...
১৭ ঘন্টা আগে
‘সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী, পাস করা যাবে না’
‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ কোরআন-সুন্নাহর সুস্পষ্ট পরিপন্থী দাবি করে জাতীয় সংসদে বিলটি পাস না করার জোরালো আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন।রোববার রাতে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি সরকারের পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিলটির বিষয়ে আপত্তি জানান।‘সরকার পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গ করছে’নজিবুর রহমান বলেন,...
১৮ ঘন্টা আগে
