জেলার খবর

আট মাসে নিজ হাতে সম্পূর্ণ ৩০ পারার কুরআন লিখে নজির গড়লেন লাকসামের শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


আট মাসে নিজ হাতে সম্পূর্ণ ৩০ পারার কুরআন লিখে নজির গড়লেন লাকসামের শিক্ষার্থী

ছবি: সংগৃহীত


অদম্য অধ্যবসায়, ধৈর্য ও ধর্মীয় অনুপ্রেরণায় মাত্র আট মাসে নিজ হাতে সম্পূর্ণ ৩০ পারার পবিত্র কুরআন মাজিদ লিখে ব্যতিক্রমী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এ.ইউ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুরাইয়া জান্নাত (১৮)। তার হাতে লেখা কুরআনের প্রতিটি পৃষ্ঠা এতটাই পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন যে, প্রথম দেখায় এটি ছাপা নাকি হাতে লেখা-তা বোঝা কঠিন।

এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা পদক ও স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকারের উপপরিচালক রাশেদা আক্তার, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর ইসলাম, কান্দিরপাড় উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সুরাইয়া জান্নাত উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের সৌদি প্রবাসী নুর হোসেন লিটন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির মেয়ে। পড়াশোনার পাশাপাশি অবসর সময়কে অর্থবহ করে তুলতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তিনি পবিত্র কুরআন নিজ হাতে লেখার উদ্যোগ নেন।

সুরাইয়া জানান, সাহাবায়ে কেরামের কুরআন সংরক্ষণের ইতিহাস থেকেই তিনি অনুপ্রাণিত হন। তিনি বলেন, "অযথা সময় নষ্ট না করে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর শাফায়াত লাভের আশায় আমি নিজ হাতে কুরআন লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম।"

তিনি জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি লেখা শুরু করে একই বছরের আগস্ট মাসের শেষ দিকে পুরো কাজ সম্পন্ন করেন। মাদ্রাসার নিয়মিত ক্লাস ও নিজের পড়াশোনার ফাঁকেই তিনি লেখার কাজ চালিয়ে যান, যাতে শিক্ষাজীবনে কোনো ব্যাঘাত না ঘটে।

সম্পূর্ণ ৩০ পারার কুরআন লিখতে তিনি ব্যবহার করেছেন ৬১১টি পৃষ্ঠা এবং প্রায় ৫৫টি কলম। প্রতিবার লেখার আগে অজু করে দরূদ শরিফ পাঠ করার অভ্যাসও তিনি বজায় রেখেছেন। তার বিশ্বাস, এতে লেখার কাজে মনোযোগ ও বরকত বৃদ্ধি পায়।

ভবিষ্যতে তিনি হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ সহিহ বুখারিও নিজ হাতে লেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এ লক্ষ্য পূরণে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সুরাইয়া জানান, তার এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়েছে ছোট ভাই নাহিদ হাসান, যিনি আবেদনগর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

সুরাইয়ার মা জান্নাতুল ফেরদৌস বলেন, ছোটবেলা থেকেই মেয়ের আরবি ভাষা ও ক্যালিগ্রাফির প্রতি বিশেষ আগ্রহ ছিল। দীর্ঘ আট মাসের পরিশ্রমে তার এই সাফল্যে পরিবার অত্যন্ত গর্বিত। মেয়ের এ কৃতিত্বে আনন্দিত হয়ে সৌদি প্রবাসী বাবা নুর হোসেন লিটন তাকে এক লাখ টাকা পুরস্কার দিয়েছেন।

অনুষ্ঠানে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, "এত অল্প বয়সে নিজ হাতে সম্পূর্ণ ৩০ পারার পবিত্র কুরআন মাজিদ লিখে সুরাইয়া জান্নাত একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার হাতের লেখা ছাপা অক্ষরের মতোই নিখুঁত। তার এই অর্জন নতুন প্রজন্মকে সৃজনশীল, ইতিবাচক ও মূল্যবোধসম্পন্ন কাজে উদ্বুদ্ধ করবে।"


টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়

২ দিন আগে


পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা

২ দিন আগে


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা।  রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে

৩ দিন আগে


যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ

যশোর প্রতিনিধি:যশোরের বেজপাড়া নলডাঙ্গায় ময়লা আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর (৬০) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঠির আঘাতে তাঁর মাথা জখম হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোরের বেজপাড়া নলডাঙ্গায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom