জাতীয়

সরকারের ভেতরে ঢুকতে গিয়েই আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রাজধানীতে এক স্মরণসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সর্বত্র অনিয়ম ও দুর্নীতির চিত্র তাকে উদ্বিগ্ন করে তুলছে। তিনি মন্তব্য করেন, “যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম ও দুর্নীতি। সরকারের ভেতর যতই ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি।”

শনিবার (২ মে) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে, যা নৈতিকতা হারিয়েছে। শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।” তিনি দাবি করেন, বর্তমান সরকার সেই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে দেশকে পুনর্গঠনের চেষ্টা করছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর বিষয়ে বিএনপি একমত নয়। “আমরা কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি, কিছু বিষয়ে স্বাক্ষর করেছি। কিন্তু এখন সবকিছু একসঙ্গে বাস্তবায়নের কথা বলা হচ্ছে, যার সঙ্গে আমরা একমত নই,” বলেন তিনি।

সংস্কার ইস্যুতে রাজনৈতিক মতবিরোধের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “বিএনপি সংস্কারের জনক। কিন্তু বর্তমানে সংস্কারের নামে কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যে আন্দোলন করছে তার উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা।”

তিনি দেশের সার্বিক উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এবং তারা প্রয়াত ডা. আব্দুল কুদ্দুসের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom