সারাদেশ

সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক

ছবি: সংগৃহীত


দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।

২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার দুটি কিডনিই কার্যক্ষমতা হারিয়েছে। বর্তমানে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস নিতে হচ্ছে তাকে। দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে দীর্ঘদিন সন্তানের চিকিৎসায় ব্যয় করে প্রায় নিঃস্ব হয়ে পড়ায় নিজের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

আলী আনোয়ার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখায় ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

সংগ্রাম দিয়ে শুরু জীবন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগরান গ্রামের বাসিন্দা আলী আনোয়ারের শৈশবও কেটেছে নানা প্রতিকূলতার মধ্যে। মাত্র দুই বছর বয়সে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এর দুই বছর পর বাবা-মায়ের বিচ্ছেদ হলে চার বছর বয়সেই মায়ের সঙ্গে বাবার বাড়ি ছাড়তে হয় তাকে।

মায়ের সঙ্গে আশ্রয় নেন গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামে নানাবাড়িতে। আর্থিক সংকটের মধ্যেও ছেলের পড়াশোনা বন্ধ হতে দেননি তার মা। অন্যের বাড়িতে কাজ করে ছেলের লেখাপড়ার খরচ জোগাতেন তিনি। বাবার কাছ থেকে ভরণপোষণ তো দূরের কথা, জীবনের দীর্ঘ সময় বাবার তেমন খোঁজও পাননি আনোয়ার।

পরবর্তীতে বাবার মৃত্যুর আগেই সৎ ভাইয়েরা পৈতৃক সম্পত্তি নিজেদের নামে লিখে নেন বলে জানান তিনি। ফলে উত্তরাধিকার থেকেও বঞ্চিত হন।

তবে প্রতিকূলতা তাকে দমাতে পারেনি। মেধাবী হওয়ায় স্থানীয় শিক্ষকেরা তার পাশে দাঁড়ান। স্কুলের বেতন ও পরীক্ষার ফি মওকুফ করে তাকে পড়াশোনার সুযোগ করে দেন তারা। এসএসসি পরীক্ষার আগে এক বছর প্রধান শিক্ষক নিজের বাড়িতে রেখে তার পড়াশোনার ব্যবস্থা করেন।

কৈশোরে অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবেও কাজ করেছেন আনোয়ার। সেই আয় দিয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন।

১৯৯০ সালে গুরুদাসপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯২ সালে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিউশনি করে নিজের খরচ চালিয়েছেন।

সন্তানের চিকিৎসায় চাকরিও ছাড়েন

২০০০ সালের গোড়ার দিকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ঢাকায় আসেন আলী আনোয়ার। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পর বিয়ে করেন। একসময় তার ঘর আলো করে জন্ম নেয় এক ছেলে।

সন্তানের বয়স যখন প্রায় দেড় বছর, তখন জানা যায় সে বাকপ্রতিবন্ধী। এরপর সন্তানের চিকিৎসাই হয়ে ওঠে আনোয়ারের জীবনের প্রধান দায়িত্ব।

এ সময় তিনি বিসিএস শিক্ষা ক্যাডারে চাকরি পেলেও পদায়ন হয় নাটোরের প্রত্যন্ত এলাকায়। সন্তানের চিকিৎসার জন্য ঢাকার বাইরে থাকা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত সরকারি চাকরি ছেড়ে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখায় শিক্ষক হিসেবে যোগ দেন।

এরপর প্রায় দুই দশক ধরে সন্তানের চিকিৎসার জন্য দেশে-বিদেশে ছুটেছেন তিনি। বিশেষ করে ভারতের সিএমসি হাসপাতালে নিয়মিত চিকিৎসা করাতে হয়েছে ছেলেকে। দীর্ঘ এই চিকিৎসাযাত্রায় নিজের সঞ্চয় বলতে আর কিছুই অবশিষ্ট নেই তার।

বর্তমানে আনোয়ারের ছেলের বয়স ২২ বছর। দীর্ঘ চিকিৎসার পরও সে পুরোপুরি সুস্থ হয়নি। দু-একটি বাক্য বলতে পারলেও স্বাভাবিকভাবে কথা বলতে পারে না।

এবার নিজের জীবন বাঁচানোর লড়াই

সন্তানের চিকিৎসা, পরিবারের দায়িত্ব ও চাকরি-সবকিছু সামলে এতদিন জীবন চালিয়েছেন আলী আনোয়ার। নিজের প্রয়োজনকে পেছনে রেখে সন্তানের চিকিৎসাকেই অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে।

২০২৫ সালের অক্টোবরে অসুস্থ হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার দুই কিডনি অকার্যকর হওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে। চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।

কিন্তু কিডনি প্রতিস্থাপন ও পরবর্তী চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই তার। দীর্ঘদিন সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ করার পর এবার নিজের জীবন বাঁচানোর খরচ জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন তিনি।

আলী আনোয়ার বলেন, জীবনের শুরু থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছেন। সন্তানের চিকিৎসার জন্য নিজের সামর্থ্যের সবটুকু ব্যয় করেছেন। এখন নিজের চিকিৎসার প্রয়োজনীয় অর্থ একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষ পাশে দাঁড়ালে তিনি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান।

সহায়তার আবেদন

আলী আনোয়ারের চিকিৎসায় সহায়তা করতে পরিবারের পক্ষ থেকে মানবিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

ব্যাংক হিসাব: ০০১২১০০০৩৬৮৫০
হিসাবের নাম: উম্মে কুলসুম কান্তা (স্ত্রী)
ব্যাংক: সাউথইস্ট ব্যাংক পিএলসি, ধানমণ্ডি শাখা, ঢাকা
বিকাশ: ০১৭১৫৮৬৫১৬১

দুই দশক ধরে সন্তানের সুস্থতার জন্য লড়াই করেছেন যে বাবা, আজ তাকেই নিজের জীবন বাঁচাতে মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। মানুষের সামান্য সহায়তাই হয়তো তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করতে পারে।


গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...

২১ ঘন্টা আগে


শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...

২৩ ঘন্টা আগে


ফ্যামিলি কার্ডের শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা, লালমাইয়ে চাঞ্চল্য
ফ্যামিলি কার্ডের শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা, লালমাইয়ে চাঞ্চল্য

কুমিল্লার লালমাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচিতদের চূড়ান্ত তালিকায় উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. শাহ নেওয়াজের নাম রয়েছে বলে জানা গেছে।রোববার (৯ আগস্ট) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা...

১ দিন আগে


প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাবুনগর মাদ্রাসায় কঠোর নিরাপত্তা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাবুনগর মাদ্রাসায় কঠোর নিরাপত্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির নাজিরহাটের বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে র‍্যাব, পুলিশ, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সার্বক্ষণিক নজরদারি করছেন।রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom