শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
ছবি: সংগৃহীত
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।
শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান বলেন, বয়স অনুযায়ী শিশুদের ঘুমের সময় ভিন্ন হয়ে থাকে। জন্মের পর একটি শিশু সাধারণত ১৪ থেকে ১৬ ঘণ্টা, ৬ মাস থেকে ১ বছর বয়সে ১৩ থেকে ১৪ ঘণ্টা, ২ থেকে ৫ বছর বয়সে ১১ থেকে ১২ ঘণ্টা এবং ৬ থেকে ১৬ বছর বয়সে ৯ থেকে সাড়ে ১০ ঘণ্টা ঘুমাতে পারে।
তিনি বলেন, জন্মের পর থেকেই শিশুর ঘুমের অভ্যাসের দিকে বাবা-মাকে নজর দিতে হবে। বয়স বাড়ার সঙ্গে ঘুমের সময়ের পরিবর্তনগুলোও খেয়াল রাখা জরুরি। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুরা কেন ঘুমাতে চায় না
ঘরে অতিরিক্ত আলো, টেলিভিশন চলা কিংবা অস্বস্তিকর পরিবেশের কারণে অনেক শিশু ঘুমাতে চায় না। ডায়াপার ভেজা বা খুব আঁটসাঁট হলেও শিশুর অস্বস্তি হতে পারে।
অনেক সময় রাতে শিশু বাবা-মায়ের সঙ্গে খেলতে কিংবা তাদের সান্নিধ্য পেতে চায়। কোলে বা দোলনায় দুলিয়ে ঘুম পাড়ানোর অভ্যাসও পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে। কারণ এতে শিশু একটি নির্দিষ্ট পদ্ধতিতে ঘুমানোর অভ্যাস করে ফেলে এবং বিছানায় শোয়ানোর পর সহজেই জেগে যেতে পারে।
এ ছাড়া সর্দি-কাশি, শরীর খারাপ, পেটে ব্যথা কিংবা অন্য কোনো শারীরিক সমস্যার কারণেও শিশুর ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। সকালে অনেক দেরি করে ঘুম থেকে ওঠা বা সন্ধ্যায় দীর্ঘ সময় ঘুমালেও রাতে দ্রুত ঘুম আসতে সমস্যা হয়। কিছু শিশু আবার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে বারবার জেগে ওঠে।
শিশুর ঘুমের পরিবেশ কেমন হবে
শিশুর জন্য প্রতিদিন একই জায়গায় ও পরিচিত বিছানায় ঘুমানোর অভ্যাস তৈরি করা ভালো। বিছানা পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামদায়ক হওয়া প্রয়োজন।
ঘুমানোর অন্তত আধা ঘণ্টা আগে ঘরের আলো কমিয়ে দেওয়া যেতে পারে। শিশুর ঘুমের সময় ঘরে উচ্চস্বরে কথা বলা বা শব্দ করা এড়িয়ে চলতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করানোও জরুরি।
শিশুর বয়স অনুযায়ী দুপুরে নির্দিষ্ট সময়ে ঘুমের অভ্যাস করা যেতে পারে। দিনের বেলায় পর্যাপ্ত খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডের সুযোগ দিলে রাতে সহজে ঘুম আসতে পারে।
গরমের দিনে ঘুমানোর আগে শিশুর শরীর হালকা পানি দিয়ে মুছে দেওয়া যেতে পারে। ঘুমের সময় মোটা বা সিনথেটিক কাপড়ের পরিবর্তে পাতলা ও আরামদায়ক সুতি পোশাক পরানো ভালো। ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
ঘুমানোর আগে মোবাইল-টিভি নয়
শিশুকে ঘুমানোর আগে টেলিভিশন, মোবাইল ফোন বা কম্পিউটার থেকে দূরে রাখা উচিত। ঘুমের আগে এসব ডিভাইস ব্যবহারের অভ্যাস শিশুর ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে।
শিশুকে ঘুমের মধ্যে ফিডার খাওয়ানোর অভ্যাসও পরিহার করা উচিত। ছোট শিশুদের ক্ষেত্রে বাবা-মায়ের উপস্থিতি ও নিরাপদ, শান্ত পরিবেশ ঘুমের জন্য সহায়ক হতে পারে।
শিশুকে কীভাবে শোয়াবেন
ডা. মিজানুর রহমান বলেন, শিশুকে কোনোভাবেই উপুড় করে শোয়ানো উচিত নয়। উপুড় করে শোয়ালে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হওয়ার আশঙ্কা থাকতে পারে। শিশুকে নিরাপদ অবস্থায় শোয়ানো এবং ঘুমের পরিবেশ ঝুঁকিমুক্ত রাখা জরুরি।
তিনি আরও বলেন, শিশুর বিছানায় অতিরিক্ত বালিশ, নরম খেলনা বা এমন কোনো বস্তু রাখা উচিত নয়, যা ঘুমের সময় শিশুর মুখ বা নাক ঢেকে দিতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ জরুরি
ঘুমাতে যাওয়ার পর দীর্ঘ সময় ঘুম না আসা, মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাওয়া, খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া কিংবা নিয়মিত ঘুমের সমস্যা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে শিশুর দৈনন্দিন কাজ, মনোযোগ ও মেজাজে প্রভাব পড়তে পারে।
৫ থেকে ১২/১৩ বছর বয়সী কিছু শিশুর দুঃস্বপ্ন বা নাইটমেয়ার হতে পারে। দীর্ঘ সময় টেলিভিশন বা কম্পিউটার ব্যবহার এবং পর্যাপ্ত শারীরিক কর্মকাণ্ডের অভাবেও এ ধরনের সমস্যা বাড়তে পারে।
টনসিল, অ্যাডেনয়েড বা কানের সমস্যায় আক্রান্ত শিশুদেরও রাতে ঘুমে সমস্যা হতে পারে। জন্মের পর থেকেই শিশু অস্বাভাবিকভাবে কান্নাকাটি করলে, বারবার ঘুম ভেঙে গেলে বা দিন-রাত মিলিয়ে খুব কম ঘুমালে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন। দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে শিশুর বৃদ্ধি ও বিকাশ, আচরণ, আবেগ, পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগ এবং স্মৃতিশক্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শিশুর ঘুমের বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি কোনো অস্বাভাবিকতা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
৪ ঘন্টা আগে
সন্ধ্যা থেকে বাড়ছে অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়ল অটোগ্যাসের দাম
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা। রোববার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত দাম রোববার সন্ধ্যা ৬টা
২ দিন আগে
ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে বর্তমান সরকার: শামা ওবায়েদ
বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকার সূত্রে সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে। তবে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে দেশকে টেকসই ও ইতিবাচক অর্থনৈতিক ধারায় এগিয়ে...
২ দিন আগে
মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও ডাববাহী নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৩ অক্টোবর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো.
৩ দিন আগে
