সারাদেশ

সার বিতরণে দেরি, ডিলারের গুদাম ভেঙে বস্তা নিয়ে গেলেন কৃষকেরা

অনলাইন ডেস্ক

২০ দিন আগে


সার বিতরণে দেরি, ডিলারের গুদাম ভেঙে বস্তা নিয়ে গেলেন কৃষকেরা

ছবি: সংগৃহীত


কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে সার বিতরণে দেরি হওয়ায় এক ডিলারের গুদামের টিনের বেড়া ও দরজা ভেঙে বস্তাভর্তি সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। ডিলারের দাবি, গুদাম থেকে প্রায় ১৫০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়া হয়েছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাটিকে লুটের ঘটনা বলতে নারাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টার দিকে বন্দবেড় বাজারের মেসার্স মিতা হাসান এন্টারপ্রাইজের গুদামে এ ঘটনা ঘটে।

রাত ২টা থেকে লাইনে কৃষকেরা

স্থানীয় কৃষকদের ভাষ্য, বন্দবেড় বাজারে সোমবার সার বিতরণের কথা ছিল। এ জন্য রোববার রাত ২টা থেকেই কৃষকেরা গুদামের সামনে এসে লাইনে দাঁড়াতে শুরু করেন।

তবে সকাল হয়ে গেলেও নির্ধারিত সময়ে সার বিতরণ শুরু হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলার, কৃষি বিভাগের কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে সেখানে না পেয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে সকাল ৯টা থেকে ১০টার দিকে কয়েকজন কৃষক গুদামের টিনের বেড়া ও দরজা ভেঙে ভেতরে ঢুকে বস্তাভর্তি সার বের করে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

মাথায় ও ভ্যানে করে সার নেওয়ার ভিডিও

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে গুদামের বেড়া ও দরজা ভেঙে সার বের করতে দেখা যায়। কেউ মাথায় করে, আবার কেউ ভ্যানে করে সারের বস্তা নিয়ে যাচ্ছেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিয়ে যাওয়া সব সার এখনো ফেরত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডিলারের দাবি, প্রায় ১৫০ বস্তা সার নেওয়া হয়েছে

সার ডিলারের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ শুরু করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের সহযোগিতা নিতে তারা ইউএনওর কাছে যান। এর মধ্যেই ক্ষুব্ধ কৃষকেরা গুদামের বেড়া ও দরজা ভেঙে সার নিয়ে যান।

তিনি বলেন, পরে কেউ কেউ কিছু বস্তা ফেরত দিয়েছেন, কেউ সড়কের পাশে ফেলে গেছেন, আবার কয়েকজন সার নেওয়ার পর টাকা দিয়ে গেছেন।

সাইফুল ইসলামের দাবি, সেদিন গুদামে ৭৩৯ বস্তা ইউরিয়া সার ছিল। গত ৩১ আগস্টও তিন শতাধিক বস্তা সার বিক্রি করা হয়েছিল। তাই গুদামে সারের কোনো সংকট ছিল না বলে দাবি করেন তিনি।

গুদামে থাকা সার প্রশাসনের সহায়তায় পরে বিতরণ করা হয়েছে। পুরো হিসাব শেষ হলে ঠিক কত বস্তা সার নিয়ে যাওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

কৃষি কর্মকর্তার ভিন্ন বক্তব্য

তবে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া সার লুটের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বন্দবেড় ইউনিয়নে লুটের মতো কোনো ঘটনা ঘটেনি। কিছু কৃষক হুড়োহুড়ি করে কয়েক বস্তা সার নিয়ে গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে লুটের ঘটনার ভিডিও হিসেবে প্রচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ মোতায়েন

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, সকালে সার বিতরণের সময় পুলিশকে আগে থেকে জানানো হয়নি। কৃষকেরা ক্ষুব্ধ হয়ে কয়েক বস্তা সার নিয়ে গেছেন বলে কৃষি বিভাগের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কত বস্তা সার নিয়ে যাওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত-তা নিয়ে ডিলার ও প্রশাসনের বক্তব্যে ভিন্নতা রয়েছে। গুদামের সার বিতরণের হিসাব শেষ হওয়ার পর প্রকৃত পরিমাণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১৮ মিনিট আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

১ দিন আগে


মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন

রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে...

১ দিন আগে


ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল

২ দিন আগে

Dr.Mahfuzul Alom